ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মিটফোর্ডে ডাক্তারদের ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা, দালালচক্রের জিম্মি


মিটফোর্ডে ডাক্তারদের ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা, দালালচক্রের জিম্মি

ঢাকার ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চারপাশে গড়ে উঠেছে একটি শক্তিশালী দালালচক্র এবং অবৈধ ক্লিনিক বাণিজ্য। অভিযোগ উঠেছে যে, সরকারি হাসপাতালের চিকিৎসকেরা তাদের নির্ধারিত কর্মঘণ্টায় রোগীদের সেবা না দিয়ে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছেন।

অন্যদিকে, হাসপাতাল চত্বরে সক্রিয় দালালচক্র দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগীদের ভুল বুঝিয়ে ও ভয় দেখিয়ে বাইরের অর্ধশতাধিক মানহীন ক্লিনিকে নিয়ে যাচ্ছে। এর ফলে সাধারণ রোগীরা নামমাত্র চিকিৎসা ও প্রতারণার শিকার হয়ে আর্থিক ও শারীরিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছেন। হাসপাতালটিতে নিয়মিত চুরির ঘটনাও ঘটছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মিটফোর্ড এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, হাসপাতালের ১৫ থেকে ২০০ গজের মধ্যে প্রায় ১৫-২০টি এবং কোতোয়ালি-চকবাজার এলাকায় অর্ধশতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের পাশে ভিক্টোরিয়া হাসপাতাল, মেডিসান হেলথ কেয়ার, ডক্টরস ক্লিনিক; ২ নম্বর গেটের মুখে আল আরাফাত, বাঁধন, ম্যাক্স এইড, নিউ ঢাকা মডার্ন ও ঢাকা হাসপাতাল এবং ১ নম্বর গেট সংলগ্ন মুনলাইট, ইস্টার্ন ডায়াগনস্টিক ও মেডি লাইফ স্পেশালাইজড হাসপাতাল। এসব ক্লিনিকের ভবনের নিচে সারিবদ্ধ দোকান, কেমিক্যাল গোডাউন এবং ওপরেই চলছে হাসপাতালের কার্যক্রম।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

অনুসন্ধানে দেখা যায়, এসব প্রতিষ্ঠানের অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের ন্যূনতম নির্দেশনা মানছে না এবং নেই ভৌত অবকাঠামোও। পর্যাপ্ত ডিউটি ডাক্তার, ডিপ্লোমা নার্স, টেকনিশিয়ান কিংবা বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা নেই। মূলত সরকারি হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে রোগী ভাগিয়ে এনে ব্যবসা করাই এসব ক্লিনিকের মূল উদ্দেশ্য।

আশপাশের বেসরকারি ক্লিনিকগুলোর প্রচারসামগ্রী ও চিকিৎসক তালিকায় মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকদের নাম ব্যবহারের বিষয়টিও দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরিচয় ব্যবহার করে রোগীদের মধ্যে আস্থা তৈরি করা হয়। এরপর দালালের মাধ্যমে রোগী বেসরকারি প্রতিষ্ঠানে নেওয়া হয়। একাধিক রোগীর স্বজনের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পরও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে শেষ পর্যন্ত আশপাশের বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হয়েছে।

সরেজমিনে বেলা ১টা ২০ মিনিটে মিটফোর্ড হাসপাতালের বর্হিবিভাগের অর্থোপেডিক বিশেষজ্ঞ তানভীরকে হাসপাতালের পাশের ‘ডক্টরস ক্লিনিক অ্যান্ড হাসপাতালে’ রোগী দেখতে দেখা যায়। অথচ ওই সময়ে তার সরকারি হাসপাতালে ডিউটিতে থাকার কথা ছিল।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

একই সময়ে শিশু বিভাগের চিকিৎসক প্রদীপ মালাকার এবং মেডিসিন বিভাগের আরও তিন চিকিৎসককে ওই ক্লিনিকে প্রবেশ করতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দালালে রোগী সংগ্রহ করার পর কল দিলেই চিকিৎসকেরা চা-শিঙারা খাওয়ার অজুহাতে ডিউটি ফেলে ক্লিনিকে ছোটেন। দালালরাও ওৎ পেতে বসে থাকে মিটফোর্ড হাসপাতাল থেকে ক্লিনিকে রোগী ভাগাতে।

সরকারি হাসপাতালে বিনামূল্যে উন্নত চিকিৎসার আশায় এসে দালালচক্রের ফান্দে পড়ে সর্বস্ব হারিয়েছেন মুন্সিগঞ্জ থেকে আগত রোগী আব্দুল মজিদ (৭৫)। চিকিৎসার নামে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে তাকে নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালের বাইরে গড়ে ওঠা মেডিসান ক্লিনিকে। সেখানে অপ্রয়োজনীয় ও চড়া মূল্যের টেস্টের বোঝা চাপিয়ে এই অসহায় ব্যক্তিকে আর্থিক ও মানসিকভাবে পুরোপুরি দেউলিয়া করে ছেড়েছে চক্রটি।

ভুক্তভোগী মজিদ জানান, পিত্তথলির পাথর ও তলপেটের ব্যথার নিয়ে কষ্ট করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে এসেছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু বহির্বিভাগে টিকিটের লাইনে দাঁড়ানোর পর থেকেই একাধিক দালাল কম খরচে ও দ্রুত অভিজ্ঞ ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখায়।

একপর্যায়ে না বুঝে তাদের কথায় বিশ্বাস করে হাসপাতালের বাইরে ক্লিনিকে যান মজিদ। সেখানে নেওয়া মাত্রই শুরু হয় নানা অজুহাতে টাকা হাতিয়ে নেওয়ার খেলা। মজিদের শারীরিক পরিস্থিতি বোঝার নামে একের পর এক অপ্রয়োজনীয় প্যাথলজিক্যাল ও ডায়াগনস্টিক টেস্ট দেওয়া হয়। নিজের জমানো শেষ সম্বল এবং সঙ্গে থাকা সামান্য টাকা পুরোটাই ক্লিনিক কর্তৃপক্ষের হাতে তুলে দিতে বাধ্য হন তিনি। কিন্তু এত পরীক্ষা-নিরীক্ষা ও অর্থ খরচের পরও মেলেনি কাঙ্ক্ষিত চিকিৎসা।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

সর্বস্ব হারিয়ে কান্নাভেজা চোখে মজিদ বলেন, সরকারি হাসপাতালে ভাবছিলাম কম খরচে চিকিৎসা পাব। দালালরা আমাকে ফুসলিয়ে বাইরে নিয়ে গেল। যা টাকা-পয়সা ছিল সব টেস্টের নামে কাইড়া নিয়েছে। এখন আমার কাছে বাড়ি ফেরার ভাড়াও নাই, চিকিৎসাও পেলাম না।

মিটফোর্ড এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিদিন মজিদ মিয়ার মতো শত শত গ্রামীণ ও দরিদ্র রোগী এভাবে দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। সরকারি হাসপাতালের ভেতরের ভিড় ও চিকিৎসকদের দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে চক্রটি রোগীদের বাইরে পাঠায়। সেখানে ক্লিনিকে অনৈতিক চুক্তি অনুযায়ী কমিশন পাওয়ার লোভে ভুয়া ও নিম্নমানের প্যাথলজি টেস্ট করিয়ে মোটা অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের দাবি, হাসপাতালের প্রশাসনিক শিথিলতা এবং নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এসব চক্র। অবিলম্বে এই দালালচক্র ও লাইসেন্সবিহীন ক্লিনিকগুলোর বিরুদ্ধে কড়া টাস্কফোর্স গঠন করে অভিযান না চালালে মজিদ মিয়ার মতো হাজারও সাধারণ মানুষের চিকিৎসা নিতে এসে নিঃস্ব হওয়ার মিছিল থামবে না।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতা ও নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, অফিস সময়ে এভাবে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা ১৯৮২ সালের দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিনেন্স-এর ৪ নম্বর ধারার স্পষ্ট লঙ্ঘন। চিকিৎসকদের এই অনিয়মের কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা সারাদিন লাইনে দাঁড়িয়েও চিকিৎসা না পেয়ে খালি হাতে ফিরতে বাধ্য হচ্ছেন। এতে সমগ্র দেশের ডাক্তারদের বদনাম হচ্ছে। অনতিবিলম্বে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধের মাধ্যমে দালালচক্রকে কঠোর আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

এ বিষয়ে জানতে চাইলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ এইচ এম এ রুস্তম বলেন, ‘অফিস চলাকালীন কোনো চিকিৎসক বাইরের কোনো বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালের চুরি ও দালালদের উপদ্রব সম্পর্কে তিনি বলেন, ‘দালাল ও চুরি প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান চলছে। তবে চোরেরা প্রায়ই স্বজন সেজে হাসপাতালের ভেতরে ঢোকে, ফলে আনসারদের শনাক্ত করতে কষ্ট হয়। তবুও নিয়মিত চোর ধরে পুলিশে সোপর্দ করা হচ্ছে। রোগী ও তাদের স্বজনদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কফি দিবসে নেসক্যাফের যুব উৎসবে ১০ নতুন ভ্যারিয়েন্টের উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪২ এম


কফি দিবসে নেসক্যাফের যুব উৎসবে ১০ নতুন ভ্যারিয়েন্টের উন্মোচন

আন্তর্জাতিক কফি দিবস উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (বিআইসিসি) হল-১-এ একটি বর্ণাঢ্য কফি উৎসবের আয়োজন করেছে নেসক্যাফে বাংলাদেশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত এই উৎসবে তরুণদের জন্য সংগীত, গেমিং, কফি টেস্টিং এবং অন্যান্য আকর্ষণীয় কার্যক্রম ছিল। একই সাথে, নেসক্যাফের থ্রি ইন ওয়ান লিমিটেড এডিশনের ১০টি বিশেষ ভ্যারিয়েন্টের নতুন প্যাক উন্মোচন করা হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল থেকে শুরু হওয়া এই উৎসবে বিভিন্ন বয়সী কফিপ্রেমী এবং তরুণরা অংশগ্রহণ করেন। জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবং ব্যান্ড লেভেল ফাইভ লাইভ পারফরম্যান্স করেন। অতিথিদের জন্য কফি টেস্টিংয়ের সুযোগও ছিল।

বিনোদনের অংশ হিসেবে পিএস-৫ গেমিং, ক্যানভাস ও ডুডলিং, ক্রিয়েটর চ্যালেঞ্জ এবং পোলারয়েড বুথসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়। এসব কার্যক্রমে অংশগ্রহণ করে দর্শনার্থীরা নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পান। পুরো আয়োজনজুড়ে ছবি তোলার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগও ছিল।

এছাড়া, উৎসবে কনটেন্ট ক্রিয়েটর রাবা খান, রাকিন আবসার এবং মাহিম মেকস উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে দর্শনার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ক্রিয়েটরভিত্তিক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের চার্চ থেকে ঘণ্টা চুরি, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ এম


মোহাম্মদপুরের চার্চ থেকে ঘণ্টা চুরি, তদন্ত শুরু

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে অবস্থিত সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে।

এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) মোহাম্মদপুর থানায় চার্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন।

তিনি জানান, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে কোনো এক সময় ঘণ্টাটি চুরি হয়েছে। খবর পাওয়ার পর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

চার্চের সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে পুলিশ জানায়, রাত ১২টার পর থেকে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গেছে। এটি নির্দেশ করে যে, ‘পূর্বপরিকল্পিতভাবে’ ক্যামেরা বন্ধ করে ঘণ্টাটি চুরি করা হতে পারে।

সেন্ট ক্রিস্টিনা চার্চের পাল পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে গির্জায় যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন যে চার্চের ছোট গেইট অর্ধেক খোলা এবং তালা ভাঙা অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, ওপরে তাকিয়ে তিনি দেখতে পান যে গির্জার দ্বিতীয় তলায় ঐতিহাসিক ঘণ্টাটি নেই। পরে সিসিটিভি ভিডিওতে দেখা যায়, সেখানে রাত থেকে রেকর্ড বন্ধ ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ৯২ কোটি ৭৬ লাখ টাকা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ এম


সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ৯২ কোটি ৭৬ লাখ টাকা ঘোষণা

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণের উদ্দেশ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রকাশ করা হয়েছে। বাজেটটি ১ অক্টোবর বিকেলে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের সভাকক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ঘোষণা ও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সৈয়দপুর পৌর প্রশাসক এবং সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী অনুষ্ঠানে বলেন, "দাওয়াত দিয়ে আনলেন, আবার বাজেট সম্পন্ন না করেই চলে গেলেন এটা কেমন যেন হলো না।" তাঁর এই মন্তব্য অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আলোচনা সৃষ্টি করে।

বাজেটের কেন্দ্রবিন্দুতে পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়। পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা নিয়ে পৌর এলাকাকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। পরে উপস্থিত অতিথি ও সুধীজনের সহযোগিতা কামনার মাধ্যমে বাজেট ঘোষণা অনুষ্ঠান সমাপ্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহাগিলী ইউনিয়নের গ্রাম পুলিশদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ এম


বাহাগিলী ইউনিয়নের গ্রাম পুলিশদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি ১ অক্টোবর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।

সভার সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।

সভায় বাহাগিলী ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় পর্যায়ে জনসাধারণকে সেবা প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া গ্রাম পুলিশের নিয়মিত কার্যক্রম তদারকি এবং দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আরিফুর রহমান গ্রাম পুলিশ সদস্যদের প্রতি তাদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান। সভায় বাহাগিলী ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%