মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫:০৭ পি.এম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা দ্বারা স্মারকলিপিটি বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে প্রদান করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এবং চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর হাতে স্মারকলিপিটি প্রদান করা হয়। এই সময় এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. নজরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. মাসুম আলী, মুখ্য ছাত্র প্রতিনিধি মুত্তাসিন, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সাব্বির আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জীবন সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি নাগরিক ও রাজনৈতিক সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ এবং মতপ্রকাশের অধিকার সংবিধানস্বীকৃত। কিন্তু সম্প্রতি হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর সংঘটিত হামলা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ওপর আঘাত নয়, বরং দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসনের ওপরও গুরুতর আঘাত।
চাঁপাইনবাবগঞ্জের সচেতন ও শান্তিকামী নাগরিকদের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আহত নেতা-কর্মীদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা সহ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
স্মারকলিপিতে আশা প্রকাশ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব বিবেচনা করে হবিগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে বুধবার (২৯ জুলাই) সকালে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট কাজী আবুল খায়েরের স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যে মেয়াদ উত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হচ্ছে।
এতে আরো বলা হয়, অ্যাডভোকেট তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দারাকে সদস্যসচিব করে, দুই সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি তৈরি করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু অরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র্যাব।
সংস্থাটি জানায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করে এই লেদু হাসান। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩৬টি মামলা রয়েছে।
এবারের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সালিশি বৈঠকের সময় রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে মারা যান স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা।
এ বিষয়ে বুধবার (২৯ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান জানিয়েছেন, ঘটনার মূল পরিকল্পনাকারী মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান। মঙ্গলবার রাতে মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকা থেকে আভিযান চালিয়ে লেদুকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি জানায়, লেদুই বিএনপি নেতা বাদশাকে হত্যার জন্য মূল আসামি পারভেজকে অস্ত্র সরবারাহ করে।
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোগ্যাং নিয়ন্ত্রণে কাজ করে এই লেদু হাসান। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যা চেষ্টা, অপহরণ ও মাদকসহ ৩৬টি মামলা রয়েছে।
গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। পরে ওই বিরোধ মীমাংসার লক্ষ্যে ১ জুলাই রাতে নবোদয় বাজারে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
ওইদিন রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে বিএনপির দুই নেতাকে কোপানোর ঘটনা ঘটে। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাদশা গুরুতর আহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ৯ সদস্যের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
এতে সভাপতির দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ১৩ অনুযায়ী, নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এছাড়াও, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পুনর্গঠিত এই নির্বাহী কমিটি ট্রাস্টের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণমূলক কার্যক্রম তদারকি এবং ট্রাস্টের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন কমিটির মাধ্যমে ট্রাস্টের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সদর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের হামলা না চালানোর আহ্বান জানাচ্ছি। তিনি সতর্ক করে বলেন, ‘ইরাককে আরেকটি যুদ্ধে টেনে নেওয়া উচিত হবে না।’
আল-সদর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানান, আইআরজিসির ইরাকের মাটি থেকে দূরে থাকা উচিত। তিনি বলেন, বেপরোয়া মিলিশিয়াদের এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যাতে উপসাগরীয় দেশগুলো আমাদের পবিত্র ভূমিকে লক্ষ্যবস্তু করার অজুহাত পায়।
তিনি সব পক্ষকে ‘জায়নবাদী-আমেরিকান শত্রুর’ ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন, ‘ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে উসকে দেওয়ার চেষ্টায় কেউ যেন জড়িয়ে না পড়ে।’
আল-সদর ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানান এবং অভিযোগ করেন, কিছু মিলিশিয়া গোষ্ঠী দেশটিকে ‘অর্থহীন এক যুদ্ধে’ জড়িয়ে দিতে চাচ্ছে। সেই সঙ্গে তিনি ইরাকি সরকারকে রাষ্ট্রের কর্তৃত্ব কার্যকরভাবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
তিনি সতর্ক করেন যে, দেশের ভেতরে ও বাইরে সক্রিয় ‘ঘুমন্ত সন্ত্রাসী চক্র’ সাম্প্রদায়িক বিভেদকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। আল-সদর বলেন, ‘ইরাক ও এর জনগণের এখন শান্তি প্রয়োজন। বহু বছরের যুদ্ধ আমাদের দেশের সম্পদ ও মর্যাদা নিঃশেষ করে দিয়েছে।’
শান্তি ও পুনর্মিলনের আহ্বান জানিয়ে আল-সদর প্রতিবেশী দেশগুলোর প্রতিও নির্দেশ দেন। তিনি এমন একটি মধ্যপ্রাচ্য দেখতে চান, যেখানে বিদেশি সামরিক ঘাঁটি, সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ‘ঔপনিবেশিক আধিপত্য’ থাকবে না।
উল্লেখযোগ্যভাবে, ইরানে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ যোদ্ধা নিহত হয়েছেন এবং এতে আহত হয়েছে অন্তত ৩২ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ