০৮:১০ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা অর্জন না করার বিষয়ে সম্মতি দিয়েছে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।
ট্রাম্প এ বিষয়ে উল্লেখ করে বলেন, 'আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। দেশটি ইতোমধ্যেই সম্মত হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র রাখবে না।'
তিনি আরো বলেন, ইরানে সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র 'অত্যন্ত বড় সাফল্য' অর্জন করছে। ট্রাম্প মন্তব্য করেন, 'তেহরান কোনোভাবেই সুবিধাজনক অবস্থানে নেই।' তার ভাষায়, 'ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই।'
আরও পড়ুন: জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা
তিনি আরো বলেন, 'তাদের খুব কম সেনা রয়েছে। তাদের কোনো নেতৃত্বও নেই। তাদের অর্থনীতি ধসে পড়ছে।'
ট্রাম্প দাবি করেন, ইরানে মূল্যস্ফীতির হার ২৫০ শতাংশে পৌঁছেছে এবং দেশটি নানা ধরনের অর্থনৈতিক সংকটে ভুগছে।
হরমুজ প্রণালি অবরোধের সম্ভাবনা দীর্ঘস্থায়ী হবে কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'এটা হতে পারে, কিন্তু আমি মনে করি সম্ভাবনা কম। আমার ধারণা, বিষয়টির সমাধান খুব দ্রুত হয়ে যাবে।'
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত প্রসঙ্গে সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতার ভূমিকা সরাসরি এই পরিস্থিতির সঙ্গে জড়িত রয়েছে। ট্রাম্প বলেন, 'তিনি অবশ্যই জড়িত। বলা হচ্ছে, তিনি অনুমোদন দিচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরেই এভাবেই বিষয়গুলো পরিচালিত হয়ে আসছে।'
আরও পড়ুন: বেরোবি এআইএস ক্লাবের নতুন কমিটি, সহসভাপতি রিয়াদ ও সাধারণ সম্পাদক পাপ্পু
নতুন নেতার সঙ্গে ভবিষ্যতে সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি বলেন, 'সব কিছু কিভাবে এগোয় তার ওপর নির্ভর করবে, তবে কোনো একসময় আমাদের সাক্ষাৎ হতে পারে।'
তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো সমঝোতা বা চুক্তির বাস্তবতা নির্ভর করবে ভবিষ্যৎ আলোচনার অগ্রগতি এবং উভয় পক্ষের আনুষ্ঠানিক অবস্থানের ওপর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন