এস এম সাহান,ফরিদপুর জেলা প্রতিনিধি
০৮:০২ পি.এম
জুলাই মাসের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে বাংলাদেশের জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভা শাখার আমির ডা. এহসানুল মাহমুদ রুবেল। বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা শাখার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আবু হারিস মোল্লা, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুল ওহাব আলী, সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভা শাখার নায়েবে আমির প্রফেসর বেলাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল্লাহ।
বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা একদিকে আগস্ট মাসের হত্যাকাণ্ডের দায়ীদের বিচার, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের পাশাপাশি গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবি জানান।
তারা বলেন, গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে সদর উপজেলার পদ্মা নদীর উড়াকান্দা এলাকা থেকে একটি ইজিবাইকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মো. ফারুক হোসেন (৪২) এবং সিরাজনগর গ্রামের মো. আজমত আলী (৩৫)।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী আন্তঃজেলা মাদক পাচারকারী দলের সক্রিয় সদস্য। এর আগেও তারা মাদক পাচারে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, শনিবার কুষ্টিয়া থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ একটি ইজিবাইকে করে যাত্রী সেজে তারা ওই মাদক দৌলতদিয়া নিয়ে যাচ্ছিল। রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়েবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এ সময় ফারুক ও আজমতকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরসহ আসামিদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সার্জিও গর বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও জোরদারকরণ যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার।
এদিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎশেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মারফতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির এবং আমাদের অংশীদারিত্ব শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ মিলেছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎকালে তিনি আরও উল্লেখ করেন, ‘এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং আমরা একসাথে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন করতে পারব।’
গর গত ৩০ জুলাই তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেন। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
আজ সকালে, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এই সফরের মাধ্যমে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ এবং সামগ্রিক অংশীদারিত্ব জোরদার করার গুরুত্বো তুলে ধরা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের মেলান্দহে একজন প্রবাসীর স্ত্রীর গোসল করার দৃশ্য গোপনে ভিডিও করে সম্মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামের একজন ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ ঘটনার পর ভুক্তভোগী নারী মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ শনিবার (১ আগস্ট) তাকে গ্রেপ্তার করে।
আটক হওয়া শফিকুল ইসলাম শহরের জিন্নাহ মার্কেটের কাপড় ব্যবসায়ী। তিনি দেওলাবাড়ি সর্দার পাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মেলান্দহ পৌর শহরের জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলায় সন্তান সহ বসবাস করেন ওই সৌদি প্রবাসীর স্ত্রী। বুধবার রাত ৮টার দিকে নিজের প্রয়োজন মেটানোর পর বাসার বাথরুমে গোসল করতে যান ওই নারী।
এই সময় কৌশলে তার গোসলের ভিডিও ধারণ করেন শফিকুল। পরে সেই ভিডিও তার স্বামীর কাছে এবং অন্যান্য আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে ভয়ভীতি দেখান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, শফিকুলকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’ (ওয়াইকো)-এ বাংলাদেশ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে।
আজ (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এই চীনের সাংহাইভিত্তিক সংস্থার সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বছরে ১৬ জুলাই এই আন্তঃসরকার সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ওয়াইকো বৈশ্বিক সহযোগিতাকে জোরদার করার উদ্দেশ্যে এআই উদ্ভাবনে এবং তথ্যপ্রযুক্তির বৈষম্য হ্রাসের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করবে। এই সংস্থার একটি লক্ষ্য হল এআই প্রযুক্তির বিকাশের জন্য একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা। সংস্থাটি নিয়মকানুনকে উৎসাহিত করে, যা মানবজাতির জন্য এআই প্রযুক্তিকে নিরাপদ ও কল্যাণকর রাখার চেষ্টা করবে।
সার্বিকভাবে সংস্থাটির লক্ষ্য হল এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক সুশাসন আরও শক্তিশালী করা, যাতে প্রত্যেকের কল্যাণে এ প্রযুক্তির সুস্থ, সুশৃঙ্খল ও ন্যায্য বিকাশ নিশ্চিত করা যেতে পারে।
গত ১৬ জুলাই সাংহাইয়ে ২৯টি দেশের প্রতিনিধিদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়াইকো প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে চীন, কাজাখস্তান, লাওস, পাকিস্তান, রাশিয়া ও ইন্দোনেশিয়া অন্তর্ভুক্ত।
প্রতিষ্ঠাতকালীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালা অনুসরণ করবে ওয়াইকো। একইসাথে, জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ