১২:০৮ পি.এম
রাজধানী ঢাকায় টানা ভারী বর্ষণ ও ঝড়বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্কিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাসের ওপর উপড়ে পড়েছে একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ।
ঘটনাস্থলের আশপাশে শিক্ষার্থীদের চলাচল থাকলেও বাসের ভেতরে কেউ না থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শিক্ষার্থীরা জানাচ্ছেন, টানা ভারী বৃষ্টির কারণে গাছটির শিকড় দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে হঠাৎ করে গাছটি পাশেই পার্কিং করা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর ভেঙে পড়ে। ঘটনার সময়ে বাসটিতে কোনো শিক্ষার্থী না থাকার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারেনি।
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা মানা খুবই জরুরি
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানিয়েছেন, গত রাত থেকে টানা ভারী বৃষ্টি হচ্ছে এবং এর ফলে শহিদ মিনার প্রাঙ্গণের সামনে থাকা পুরোনো গাছটির গোড়ার মাটি সরে যায়। একপর্যায়ে বিকট শব্দে গাছটি উপড়ে পড়ে পাশের রাখা বাসটির ওপর। ভাগ্য ভালো, সেই সময় সেখানে কেউ ছিল না। তবে আশপাশ দিয়ে অনেকেই যাতায়াত করছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসিরুদ্দিন আহমেদ জানিয়েছেন, গাছটির ভেঙে পড়ার সময় বাসের ভেতরে বা আশপাশে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গাছের আঘাতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এ ঘটনায় মুহূর্তের জন্য ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আমরা সতর্ক রয়েছি।
তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ গাছগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, ৬ জনকে ধরলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন