ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কোন বলিউড অভিনেতার সঙ্গে অভিনয় করার আশা তিশার


কোন বলিউড অভিনেতার সঙ্গে অভিনয় করার আশা তিশার

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সুযোগ পেলে ‘সিরিয়াল কিসার’খ্যাত এই অভিনেতার বিপরীতে কাজ করতে চান।

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে, তিনি নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রশ্ন করা হলে, তিনি বলেন, বলিউডের কোন অভিনেতার সঙ্গে অভিনয় করার ইচ্ছা রয়েছে।

তখন তিনি ইমরান হাশমির নাম উল্লেখ করেন। অভিনেতার অভিনয়শৈলী ও পর্দায় আবেগ প্রকাশের ধরন নিয়ে প্রশংসা করে তিশা বলেন, ইমরান হাশমি চরিত্রের মধ্যে যে আবেগ ও প্যাশন নিয়ে আসেন, তা তাকে মুগ্ধ করে। তিনি আরও বলেন, পর্দায় তার অভিনয় খুব স্বাভাবিক মনে হয় এবং দর্শকের কাছে তা বাস্তব ঘটনার মতো মনে হয়।

আরও পড়ুন: প্রথমবারের মতো শুরু হচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

টক শোতে অভিনয় ছাড়াও, তাসনুভা তিশা তার শৈশবের একটি স্বপ্নের কথাও জানান। তিনি বলেন, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার।

তবে তিশা জানান, তার সেই স্বপ্ন নিয়ে বাবা প্রায়ই মজা করতেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ছোটবেলায় তিনি বেশ ছিপছিপে গড়নের ছিলেন, তাই বাবা হাসির ছলে বলতেন, আর্মির ভারী বন্দুক তিনি হয়তো তুলতে পারবেন না।

বর্তমানে, তাসনুভা তিশা অভিনয় জগতেই নিজের পরিচিতি তৈরি করেছেন। তবে তিনি ইমরান হাশমির সঙ্গে পর্দা ভাগাভাগি করার ইচ্ছার কথাও জানিয়েছেন, যদি দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে কাজের সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন: মিরপুরে কিশোর গ্যাংয়ের হোতা তিন ভাই গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ জ্বালানি কিনলেই ১০০ শতাংশ শুল্ক, ওয়াশিংটনের নিশানায় চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১১:৪২ এম


রুশ জ্বালানি কিনলেই ১০০ শতাংশ শুল্ক, ওয়াশিংটনের নিশানায় চীন

মার্কিন সিনেট একটি বহুল প্রতীক্ষিত দ্বিদলীয় বিল পাস করেছে যা রুশ জ্বালানির প্রধান ক্রেতা দেশগুলোর ওপর কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে সক্ষম হবে। এই প্রস্তাবটি প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহামের নামে আনা হয়েছে। বরাবরের মতো এই প্রস্তাবটি পাস হওয়ার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের ক্ষমতা পাচ্ছেন ভারত ও চীনসহ রাশিয়ার প্রধান তেল-গ্যাস আমদানিকারকদের ওপর।

মঙ্গলবার রাতে সিনেটে ৮৬-১২ ব্যবধানে এই বিলটি অনুমোদন করা হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থাগম বন্ধ করার চেষ্টা করা।

বিলে রুশ কর্মকর্তা, অলগার্ক, আর্থিক প্রতিষ্ঠান এবং তেল রপ্তানির ‘শ্যাডো ফ্লিটের’ ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ট্রাম্পের আগ্রহে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতের অর্থায়ন ঠেকানোর মেয়াদও বাড়ানো হয়েছে। তবে যে দেশগুলো রাশিয়া থেকে ১৫ শতাংশের কম গ্যাস আমদানি করে এবং আমদানি কমাচ্ছে, তাদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

এই বিলটি দীর্ঘ দিন ধরে তদারকি করেছেন সেনেটর লিন্ডসে গ্রাহাম। চলতি মাসে তার আকস্মিক প্রয়াণের পর ক্যাপিটল হিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতি ও গ্রাহামের স্মরণে আয়োজিত সভার পর সিনেট এই বিলটি অনুমোদন করেছে।

কিন্তু কিছু ডেমোক্র্যাট প্রতিনিধি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই শুল্কারোপের একক ক্ষমতা ট্রাম্পকে দিলে মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে যেতে পারে। বর্তমানে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস গ্রীষ্মকালীন ছুটিতে রয়েছে, ফলে এই বিলটি আগামী সেপ্টেম্বরের আগে চূড়ান্ত আইনে পরিণত হওয়ার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যার জন্য গাড়িচালক হৃদয়কে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৮ এম


মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যার জন্য গাড়িচালক হৃদয়কে মৃত্যুদণ্ড

চার বছর আগে রাজধানীর মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে হত্যার দায়ে তার ব্যক্তিগত গাড়িচালক মো. হৃদয় বেপারী ওরফে মো. হৃদয় মিঞা ওরফে হৃদয়কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ -৩ এর বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম (কাইয়ুম) বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এই রায়ের মাধ্যমে ভিকটিমের পরিবার ন্যায়বিচার পেয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে চাকরিজীবী আফরোজা সুলতানাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন ভিকটিমের ভাই মো. আল মঞ্জিল বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করেন ডিবি গুলশান জোনের সাব-ইনস্পেক্টর মো. রিপন উদ্দিন। তদন্তের সময় সিসিটিভি ফুটেজ, আসামির স্বীকারোক্তি ও বৈজ্ঞানিক তথ্য-প্রমাণে দেখা যায়, আসামি হৃদয় অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে বিপুল টাকা হেরে যায়। জুয়ার দেনা মেটাতে ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আফরোজাকে একা পেয়ে নিজ হাতে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে সে।

পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা আসামির স্বীকারোক্তি অনুযায়ী মাটির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৯ ইঞ্চি লম্বা রক্তমাখা চাকু, লুণ্ঠিত ২২.০৪ গ্রাম স্বর্ণালঙ্কার, রক্তমাখা টিস্যু পেপার ও লুণ্ঠিত ৬০০ টাকাসহ ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেন।

ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. কে এম মঈন উদ্দীনের ফরেনসিক রিপোর্ট এবং সিআইডির ক্রাইমসিন ইউনিটের ডিএনএ রিপোর্টেও আসামির অপরাধ প্রমাণিত হয়। পরবর্তীতে আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলায় মোট ১২ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করা হয়। অভিযোগ গঠনের পর মাত্র ৩০ কার্যদিবসের মধ্যে বিচার কাজ শেষ হয়। বিচারক পর্যবেক্ষণে বলেন, বিশ্বস্ত কর্মচারী হয়েও বিশ্বাসের সুযোগ নিয়ে একজন নিরপরাধ নারীকে অত্যন্ত বর্বরোচিত ও ঠাণ্ডা মাথায় গলা কেটে হত্যা করা হয়েছে।

এটি একটি ‘বিরল থেকে বিরলতম’ অপরাধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৪ চিকিৎসক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৪ এম


কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৪ চিকিৎসক বরখাস্ত

অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে।

২৭ জুলাই, মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখার আলাদা প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়েছে। সেখানে স্বাক্ষর করেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

বরখাস্তকৃত চার চিকিৎসকের মধ্যে আছেন— সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালে রেডিওলজিস্ট ডা. পলাশ কুমার সরকার, সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজীবা তন্বী এবং সাতক্ষীরা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. মো. হাছিবুর রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব করা হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তার (তাদের) দায়িত্ব থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা, তৎকর্তৃক তদন্তকার্যে প্রভাব বিস্তারের আশঙ্কা ইত্যাদি বিষয় বিবেচনা করে সাময়িক বরখাস্ত করতে পারবে।’

এছাড়া, বলা হয়, চার চিকিৎসককে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনের তারিখ (২৭ জুলাই) থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খানজাহান আলী মাজারের সেই কুমিরের হালচাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৬ এম


খানজাহান আলী মাজারের সেই কুমিরের হালচাল

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)–এর মাজারসংলগ্ন দিঘি থেকে উদ্ধার হওয়া মাদি কুমিরটিকে কোথায় রাখা হবে, সেই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত মাসে প্রাণীটিকে সাফারি পার্ক বা অন্য কোনো উপযুক্ত আবাসস্থলে স্থানান্তরের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পাঠিয়েছে বন বিভাগ। একই সঙ্গে মাজার কর্তৃপক্ষের দিঘির জন্য দুটি কুমির চেয়ে করা আবেদনও অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল গণমাধ্যমকে জানান, উদ্ধার করা কুমিরটি বর্তমানে সুস্থ রয়েছে। এটি খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রে রাখা হয়েছে। তবে এ ধরনের কেন্দ্রে দীর্ঘদিন কোনো বন্য প্রাণী রাখা সম্ভব নয়। তাই স্থায়ী আবাসস্থল নির্ধারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বন বিভাগ। কুমির ফিরিয়ে দেওয়ার বিষয়ে মাজারের দিঘিতে এখনো জেলা প্রশাসন বা মাজার কর্তৃপক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, বলে জানান তিনি। গত বছরের আগস্টে মাজার কর্তৃপক্ষ দুটি কুমির চেয়ে আবেদন করেছিল। তবে আইন অনুযায়ী বন্য প্রাণী পালনের অনুমতি দেওয়ার সুযোগ না থাকায় বিষয়টি ঢাকার সংশ্লিষ্ট বন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। উদ্ধারের পর প্রায় দুই মাস কুমিরটি কোনো খাবার গ্রহণ করেনি। এ বিষয়ে অস্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে বন বিভাগ। বিশেষজ্ঞদের মতে, বন্দি অবস্থায় কুমির দীর্ঘ সময় খাবার না খেলেও এটি অস্বাভাবিক নয় এবং জোর করে খাওয়ানোর প্রয়োজন পড়ে না। বন বিভাগের ভাষ্য, কুমিরটি সুস্থ রয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ১ জুন খানজাহান আলী (রহ.)–এর মাজারসংলগ্ন দিঘিতে সাত বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ওই ঘটনায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ৩ জুন জেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় ৪৫ বছর বয়সী মাদি কুমিরটিকে উদ্ধার করে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রে নেওয়া হয়। বন বিভাগের তথ্য অনুযায়ী, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৭ থেকে ৮ ফুট এবং ওজন আনুমানিক ৪০০ থেকে ৫০০ কেজি। উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ২০০০ সালে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ থেকে মিঠাপানির কুমির বিলুপ্ত ঘোষণা করলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন নদ-নদী ও জলাশয় থেকে কয়েকটি মিঠাপানির কুমির উদ্ধার হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%