১২:৪৭ পি.এম
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং শ্রমিককল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। এই অবস্থায় শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে অপতৎপরতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা, মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের ৯টি জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ছেলে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা, এলাকায় শোকের ছায়া
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালকের সুনির্দিষ্ট পরিকল্পনা ও বিচক্ষণ দিকনির্দেশনা মোতাবেক মোতায়েনকৃত সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও শিল্পকারখানার আশপাশে সতর্ক অবস্থান, নিয়মিত টহল ও নিবিড় নজরদারি পরিচালনা করছেন। পাশাপাশি বিশেষ স্ট্রাইকিং টিমগুলো যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং নাশকতা ও সহিংসতার অপচেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।
গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ গুরুত্বপূর্ণ এলাকায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে আসা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার পরিবেশ নিশ্চিত করতে সদস্যরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কুমিল্লায় এসআরবি’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সোহেল গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন