ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে স্বর্ণের দামে বড় উত্থান, ভরিতে বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা


দেশে স্বর্ণের দামে বড় উত্থান, ভরিতে বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশে বড় ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংগঠনটি এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছে।

শনিবার (৮ আগস্ট) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টার থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সমস্ত জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। উল্লেখ্য, স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।

এদিকে, গত ৭ আগস্ট সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম সমন্বয় করেছে। সেদিন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

বর্তমানে, চলতি বছর দেশের বাজারে ১০০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৪৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল ২৯ বার।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

স্বর্ণের দাম বাড়ানোর পরেও দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬১ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৩১ দফা বাড়ানো হয়েছে; বাকি ৩০ দফা কমানো হয়েছ। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে বেড়েছিল ১০ বার আর কমেছিল ৩ বার।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬১ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ৩১ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৩০ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার আর কমেছিল মাত্র ৩ বার।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার তেল কিনলে ১০০% শুল্ক, সিনেটে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৩ এম


রাশিয়ার তেল কিনলে ১০০% শুল্ক, সিনেটে বিল পাস

গতকাল শুক্রবার মার্কিন সিনেটে রাশিয়ার উপর বিধিনিষেধের একটি বিল চূড়ান্ত ভোটাভুটির মাধ্যমে পাস হয়েছে। এই বিল আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন। এই কারণে তোড়জোড় চলছে।

এখন বিলটি মার্কিন কংগ্রেসের অপর কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পেশ করা হবে। সেখানে কয়েক সপ্তাহের মধ্যে চিত্রটি স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই কক্ষে বিলটি পাস হলে পরে কেবল ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন হবে। যদি ট্রাম্প বিলে সই করেন, তবে তা আইনে পরিণত হয়ে ওয়াশিংটন রাশিয়ার থেকে জ্বালানি কেনা যে সমস্ত দেশের বিরুদ্ধে আইন মেনে পদক্ষেপ নিতে পারবে।

বিলটিতে বলা হয়েছে, রাশিয়া থেকে যে সমস্ত দেশ তেল অথবা অন্য জ্বালানি কিনছে, তারা আপেক্ষিকভাবে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের সমর্থন করছেন। ফলে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে সক্ষম হবে।

এই আইনের ফলে ভারত, চীন, জাপানের মতো দেশগুলোর সমস্যা হতে পারে। তবে ইউক্রেনসহ অনেক দেশ এই বিলটিকে স্বাগত জানিয়েছে। মার্কিন সিনেটে পেশ হওয়ার পর থেকে এই বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। সপ্তাহখানেক আগে ভোটাভুটির মাধ্যমে সিনেটে এই বিলের কিছু পদ্ধতিগত বাধা অতিক্রম করেছিলেন রিপাবলিকানরা।

সে সময় এই বিলের পক্ষে ৮৬টি এবং বিপক্ষে ১২টি ভোট পেয়েছিল। শুক্রবার চূড়ান্ত ভোটাভুটি শেষে ৮৬-১১ ভোটে বিলটি সিনেটে পাস হয়ে গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেল বিক্রি করে যে রাজস্ব অর্জন করেন, তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছেন বলে আমেরিকার অভিযোগ রয়েছে। এই কারণে ট্রাম্পের উদ্দেশ্য সেই পথটি রোধ করা। সেনেটে বিলটি পাস হওয়ার পর ইউক্রেনের প্রতি সমর্থনের বার্তা দিয়েছে ওয়াশিংটন।

এক সিনেটর জানিয়েছেন, 'আমরা ইউক্রেনের মানুষকে বলতে চাই, আপনি একা নন। আমরা পুতিনকে বলতে চাই, আপনি কখনো ইউক্রেন দখল করতে পারবেন না।'

বর্তমানে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কিনছে চীন। তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে ভারত। এছাড়াও ক্রেতাদের তালিকায় স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান, ও জাপানের মতো দেশও রয়েছে। আইনটি পাস হলে, যদি এই দেশগুলি রুশ তেল কিনতে না থামে, তবে ট্রাম্প তাদের উপর ইচ্ছামতো শুল্ক চাপাতে পারবেন।

সূত্র: আনন্দবাজার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়মিত নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের সতর্কতামূলক নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


নিয়মিত নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের সতর্কতামূলক নির্দেশনা

রাজধানীর মতিঝিলে মেট্রোরেলের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধার হওয়া, মিরপুর ও তেজগাঁওয়ে বোমা আতঙ্কের ঘটনা এবং সাভারে শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করার সাম্প্রতিক ঘটনার পর রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, এ ধরনের নির্দেশনা তাদের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমেরই অংশ। পুলিশ সূত্র জানায়, বিভিন্ন ধরনের অপরাধ এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য মাঠপর্যায়ের সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা নিয়মিতভাবেই দেওয়া হয়। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে পুলিশের একজন কর্মকর্তা জানান, রাজধানীতে বোমাসদৃশ বস্তু উদ্ধার হওয়ার মতো ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু নজরে এলে প্রয়োজনীয় তল্লাশি ও যাচাই করা স্বাভাবিক নিরাপত্তা কার্যক্রমের অংশ। এছাড়া ছিনতাই, ডাকাতি, রাহাজানি ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সদস্যরা যাতে অপরাধ বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সেই বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য একটি বার্তা পাঠানো হয়। এটি পুলিশের নিয়মিত নির্দেশনার অংশ এবং বিশেষ কোনো পরিস্থিতির কারণে জারি করা হয়নি। ওই কর্মকর্তা জানান, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, পুলিশের সতর্কতামূলক তৎপরতা সবসময়ই চলমান থাকে। পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের সদস্যদের প্রায় প্রতিদিনই অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এটি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ, তাই জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বরং মাঠপর্যায়ে পুলিশের উদ্দেশ্য হলো তাদের দায়িত্ব পালনকে আরও কার্যকর করা। তিনি বলেন, পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে গুলশান এলাকার একটি রেস্তোরাঁ থেকে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বৈঠক করছেন-এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার দুর্গাবরকাটি এলাকার মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), চাঁদপুরের এস. এম. রেজওয়ান হাবিব আলিফ (৩৩), যশোরের লস্করপুর এলাকার মো. নান্নু মিয়া (৩৮), বাঘারপাড়া উপজেলার মো. আমিনুর রহমান (৪২), মাদারীপুরের রাজৈর উপজেলার তেলিকান্দী এলাকার সজল আহমেদ (২৯) এবং যশোরের চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর এলাকার মো. ইব্রাহিম হোসেন (৩৩)। ওসি দাউদ হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাদের বৈঠকের উদ্দেশ্য এবং এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখা আগামী। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের অভিযোগ বা মামলা রয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে। তিনি আরও জানান, তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বাংলানিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ বন্ধে ইতিবাচক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৯ এম


যুদ্ধ বন্ধে ইতিবাচক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান যুদ্ধ বন্ধে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী। তবে হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হুমকির মধ্যে পরিস্থিতি এখনও অনিশ্চিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে, ইরান কোনো চাপে নতি স্বীকার করবে না।

অবশেষে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান। এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের চেয়ে ওমানের সঙ্গে আলোচনাতেই তেহরান বেশি গুরুত্ব দিচ্ছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালির সীমানা ও নৌ চলাচল নিয়ে মাস্কটের সঙ্গে সমঝোতার পরই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেয়া সম্ভব।

দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালি নিয়ে চুক্তিও খুব কাছাকাছি। তবে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে চাপের কথাও স্বীকার করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, কিছু নির্দিষ্ট অস্ত্রের মজুত তুলনামূলকভাবে কম।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান যুদ্ধ চায় না। তবে কোনো চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না তিনি জানিয়ে দেন। পাশাপাশি, তিনি উল্লেখ করেন, ইরানের সামরিক তৎপরতা শুধুমাত্র প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

যুদ্ধ বন্ধের সম্ভাবনার মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরানের কেশম দ্বীপের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে, তেহরানের পার্লামেন্টে হরমুজে নৌ চলাচল নিয়ন্ত্রণে নতুন আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই আইনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো শত্রুভাবাপন্ন দেশের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা এবং নিয়ম ভঙ্গকারীদের জরিমানার প্রস্তাব রয়েছে। এরইমাঝে, হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সাময়িক চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে ইরান ও ওমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত আরও ২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:২১ এম


শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত আরও ২৩

শ্রীলঙ্কায় একটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একাধিক কারাগারে বড় ধরনের সহিংসতা ও দাঙ্গা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি কারাগারে পুলিশ এবং দাঙ্গা নিয়ন্ত্রণকারী বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে। পৃথক এসব ঘটনায় অন্তত তিনজন বন্দি নিহত হয়েছেন এবং আরও ২৩ জন আহত হয়েছেন। এ তথ্য দেশের সংসদে জানিয়েছেন জননিরাপত্তামন্ত্রী আনন্দ উইজেপালা।

মন্ত্রী জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী কলম্বোর নিউ ম্যাগাজিন কারাগারে প্রায় ৪০ জন বন্দি সেল ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এক বন্দি নিহত হন।

এরপর শুক্রবার সকালে রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কুরুউইটা কারাগারে নতুন করে দাঙ্গা শুরু হয়। সেখানে সংঘর্ষে আরও দুই বন্দির মৃত্যু ঘটে। আহত হন বেশ কয়েকজন।

এদিকে, রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর নেগম্বোর একটি উন্মুক্ত কারাগারেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে বেশ কিছু বন্দি কারাগারের ছাদ ও খোলা মাঠে চলে আসেন। পরে দাঙ্গা দমন পুলিশ তাদের নিয়ন্ত্রণে এনে নিজ নিজ ওয়ার্ডে ফিরিয়ে নেয়।

জননিরাপত্তামন্ত্রী আনন্দ উইজেপালা বলেছেন, কারাগারে সহিংসতার পেছনে মাদক ব্যবসায়ী ও প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোর অভ্যন্তরীণ বিরোধ থাকতে পারে। তবে এর সঙ্গে কোনো পরিকল্পিত অন্তর্ঘাত জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে সরকার।

কারাগারগুলোর অতিরিক্ত ভিড় পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বন্দিদের অধিকারবিষয়ক কমিটির সভাপতি সেনাকা পেরেরা জানিয়েছেন, দেশটির কারাগারগুলোতে বর্তমানে ধারণক্ষমতার প্রায় চারগুণ বন্দি একসঙ্গে গাদাগাদি করে অবস্থান করছেন।

দেশটির বিচারমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, প্রায় ১০ হাজার বন্দির ধারণক্ষমতার বিপরীতে শ্রীলঙ্কার কারাগারগুলোতে বন্দির সংখ্যা ৩৯ হাজারের বেশি। তাদের বড় একটি অংশ মাদকসংক্রান্ত মামলার বিচারাধীন আসামি।

কারাগারে বন্দির চাপ কমাতে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে উচ্চ আদালতের বিচারকদের চাকরির মেয়াদ বাড়ানোর পরিকল্পনাও করছে সরকার।

তবে একসঙ্গে একাধিক কারাগারে দাঙ্গার ঘটনায় দেশটির কারা নিরাপত্তা ও অতিরিক্ত বন্দির সমস্যার নতুনভাবে দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগারগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%