ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও


ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও

 

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা খাতুনকে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে ‘প্রেসক্লাব নকলা’র কমিটি গঠন: সভাপতি রানা, সম্পাদক রিজন
 
স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত বেতনভুক্ত ব্যক্তিদের অযোগ্য হিসেবে বিবেচনা করা হলেও একজন নির্বাচিত জনপ্রতিনিধি কীভাবে তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ পেলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
 
সরকারের অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড প্রদানের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের আবেদন ও পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা গেছে, পাইকেরছড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা খাতুন ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তবে একজন জনপ্রতিনিধি একই সঙ্গে তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কি না, সে বিষয়ে কোনো বিধিনিষেধ রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।
 
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয়করণের মাধ্যমে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে বলে সমালোচনা চলছে। একই সঙ্গে অন্যান্য উপজেলায় মোবাইল নম্বরসহ নিয়োগের তালিকা প্রকাশ করা হলেও ভূরুঙ্গামারীতে মোবাইল নম্বর ছাড়া ফলাফল প্রকাশ করায় প্রশ্ন উঠেছে।
 
সচেতন মহলের মতে, বিষয়টি নিয়ে জনমনে যে প্রশ্নের সৃষ্টি হয়েছে, তার জবাব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নিয়োগ প্রক্রিয়া ও যোগ্যতার শর্ত স্পষ্ট করা। প্রয়োজনে বিষয়টি তদন্ত করে কোনো অনিয়ম পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
 
রেহানা খাতুন জানান, তিনি সমাজসেবা অফিসে কাজের জন্য গেলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগের বিষয়ে জানতে পারেন। পরে বাইরে একটি কম্পিউটার দোকান থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা দেন এবং পেশা হিসেবে গৃহিণী উল্লেখ করেন।
 
তিনি জানান, পরীক্ষার মেসেজ পেয়ে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় চারটি প্রশ্ন করা হলে তিনি সঠিক উত্তর দেন। আমাকে নিয়ে লেখালিখি হয়েছে জানতে পেরে আজ ১৪ অক্টোবর রেজাল্ট দেখে আমার নাম দেখতে পাই। তিনি বলেন, ইউপি সদস্য হিসেবে তিনি ৩ হাজার ৫০০ টাকা সম্মানী পান। তার স্বামী আবু সাঈদ অসুস্থ এবং তার চিকিৎসার ব্যয় বহন করতে হয়।
 
তাকে ঘিরে সমালোচনার বিষয়ে রেহানা খাতুন বলেন, একজন নাগরিক হিসেবে তিনি সরকারকে সহযোগিতা করতেই পারেন। তবে আইন অনুযায়ী যদি এটি সঠিক না হয়, তাহলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হলে তার কোনো সমস্যা নেই।
 
নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামছুজ্জামান বলেন, আবেদনে যদি ইউপি সদস্য হিসেবে উল্লেখ করা হতো, তাহলে বিষয়টি সহজ হতো। এ বিষয়ে সভাপতি ও ইউএনওর সঙ্গে কথা না বলে তিনি কিছু বলতে পারবেন না।
 
নিয়োগ কমিটির সভাপতি ও ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, যারা এ কার্যক্রমের আওতায় কাজ করতে পারবেন না, তিনি যদি নীতিমালার সেই শ্রেণির মধ্যে পড়ে থাকেন, তাহলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় ব্যক্তি বা সুপারিশপ্রাপ্তদের নিয়োগ দেওয়ার অভিযোগ বিষয়ে বলেন, সঠিকভাবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।
 
অন্যান্য উপজেলায় মোবাইল নম্বরসহ ফলাফল প্রকাশ করা হলেও ভূরুঙ্গামারীতে না হওয়া বিষয়ে বলেন, একেকজন একেক ফরম্যাটে ফলাফল প্রকাশ করেছেন। তবে মোবাইল নম্বর ছাড়া প্রয়োজনীয় অন্যান্য তথ্য প্রকাশ করা হয়েছে।
 
নীতিমালা ও বাস্তবতায় দাবি কী?
 
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের শুমারিকালীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগসংক্রান্ত নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য নিরপেক্ষ ও খণ্ডকালীন স্বেচ্ছাসেবক বা প্যানেলভুক্ত ব্যক্তিদের দায়িত্ব পালনের কথা উল্লেখ রয়েছে।
 
নীতিমালা অনুযায়ী জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো তথ্য সংগ্রহ শেষে স্থানীয় পর্যায়ে তালিকা যাচাই ও তদারকি করা। তবে সরাসরি তথ্য সংগ্রহকারী বা এনুমারেটর হিসেবে দায়িত্ব পালন করলে স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
 
তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের বিধিমালা লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে টাকার দাবী পুরণ না করায় অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে নারীর চুল কেটে গলায় জুতার মালা দিয়ে ঘোরানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


রাজবাড়ীতে টাকার দাবী পুরণ না করায় অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে নারীর চুল কেটে গলায় জুতার মালা দিয়ে ঘোরানোর অভিযোগ
 

 

 

 

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে টাকা দাবীর পর চাহিদামতো অর্থ না পেয়ে এক নারীকে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করেছে স্থানীয় লোকজন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি ওই গ্রামপুলিশ সদস্যকেও একই কায়াদায় নির্যাতন করা হয়। তাদের দুজনকে একসঙ্গে গ্রাম ঘোরানো হয়েছে। 
স্থানীয়রা জানিয়েছেন, আগে কি হয়েছে আমরা জানি না। তবে ফেসবুকে প্রবাসীর স্ত্রীর সাথে গ্রাম পুলিশের আপত্তিকর অবস্থায় আটক করার খবর ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও ফেনসবুক ব্যবহারকারীরা বিভিন্ন ভাবে ভিডিও করে ছড়িয়ে দেয়। আসলে ঘটনাটি সঠিক কিনা যাচাই করার প্রয়োজন ছিল। আমরা অপরাধীদের শাস্তির দাবী জানাই। 
নির্যাতনের শিকার পাচুরিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আর ওই নারী মান সম্মান হারিয়ে এখন বাড়িছাড়া।
গ্রাম পুলিশ সদস্যে বলেন, রাজবাড়ীর শ্রীপুর বাজারে কলা বিক্রি করেন। স্থানীয় দোকানগুলোতে পাইকারি দামে পণ্য দিতেন। গত ৯ আগস্ট সকাল ৭টার দিকে শ্রীপুর বাজারে কলা বিক্রি করছিলেন। এ সময় পাশের আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকার পূর্বপরিচিত এক নারী তার কাছ থেকে কলা নেন। এক হাজার টাকার নোট ভাঙতি না থাকায় টাকা দেবেন বলে চলে যান। টাকা নিতে বাড়ি যেতে বলেন।
গ্রাম পুলিশ বলেন, সেখানে যাওয়া মাত্রই স্থানীয় আব্দুল কাদের বেপারীর ছেলে অটোরিকশাচালক লাভলু বেপারী তাকে ওই নারীর ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে দুজনের (কলা বিক্রেতা ও ক্রেতা) মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে। এ সময় তার কাছে দুই লাখ টাকা দাবি করে লাভলু। টাকা দিতে অস্বীকৃতি জানালে আশপাশের লোকজন ডেকে মারধর করে। দুজনের গলায় জুতার মালা, কোমরে রশি দিয়ে বেঁধে এলাকায় ঘোরানো হয়। নারীর চুল কেঁটে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মুক্ত হই। এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছি।
তিনি আরও বলেন, তাদের দাবীকৃত টাকা না দেওয়ায় মারধর করার পর জুতার মালা গলায় দিয়ে ঘুরিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিয়েছে। ওই নারীর চুল কেটে দেওয়া হয়েছে। এখন পরিবার পরিজন নিয়ে বসবাস করা মুশকিল হয়েছে। আমার অপরাধ কি? আমি কলার টাকা আনতে গিয়ে অর্থদাবীকারীদের রোষানলে পড়েছি। এখন দু’টি পরিবার সর্বশান্ত। আমি সঠিক বিচার দাবী করছি। আশা করছি প্রশাসন সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনবেন। 
পাঁচুরিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান রতন বলেন, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছি। অপরাধের সঙ্গে জড়িতদের ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, এখন পর্যন্ত নির্যাতনের শিকার কেউ অভিযোগ দেয়নি। ভিডিওতে যা দেখেছি খুবই দুঃখজনক। এভাবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

আন্তর্জাতিক ডেস্ক

​চরফ্যাশন প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


সায়েম মালতিয়ার সুস্থতা কামনায় মাদ্রাজের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

আব্দুস সহিদ মালতিয়ার সন্তান সায়েম মালতিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মাদ্রাজ ইউনিয়নের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ জুমার নামাজ শেষে ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এই বিশেষ প্রার্থনায় অংশ নেন। মোনাজাতে সায়েম মালতিয়ার দ্রুত আরোগ্য, শারীরিক সুস্থতা এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানানো হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরব্বি এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে সায়েম মালতিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সায়েম মালতিয়া বেশ কিছুদিন ধরে দুর্ঘটনা বসত হাতে কনুইয়ের সামান্য অংশ ভেঙে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতার জন্য পরিবার ও এলাকাবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ : যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া ‘নতুন মাত্রার প্রতিরোধ ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করা উত্তর কোরিয়ার সেনাদের মোকাবিলায় এ মহড়ার আয়োজন করা হচ্ছে, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে ঘটেছে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া ১১ দিনের মহড়া প্রতি বছরের গ্রীষ্মকালীন সামরিক কর্মসূচির নিয়মিত অংশ। এই মহড়ার আয়োজন করা হয় পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে।

পিয়ংইয়ং বরাবরই এ মহড়াকে উত্তর কোরিয়ার ওপর আগ্রাসনের প্রস্তুতি হিসেবে অভিহিত করে। এ সপ্তাহে দেশটি জাপান সাগরের ওপর দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যার মাধ্যমে মহড়ার বিরোধিতার বার্তা দেওয়া হয়েছে।

তবে এবারের মহড়া আগের বছরগুলোর তুলনায় ভিন্ন। এতে আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করা উত্তর কোরীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ড্রোন হামলা, সাইবার হামলা এবং জিপিএস জ্যামিং সক্ষমতা মোকাবিলার প্রশিক্ষণও।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র জানিয়েছে, আসন্ন মহড়াটি গত পাঁচ বছরের মহড়াগুলোর তুলনায় বেশ ভিন্ন। আধুনিক যুদ্ধের নতুন বৈশিষ্ট্যের ভিত্তিতে যুদ্ধ পরিচালনার সক্ষমতা রপ্ত করাই এর লক্ষ্য।’

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের ধারাবাহিক নীতি হলো, নতুন মাত্রার হুমকির জবাব নতুন মাত্রার প্রতিরোধ ব্যবস্থা দিয়ে দেওয়া।’

পিয়ংইয়ংয়ের কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বিবৃতিটি প্রকাশ করেছে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। তবে ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করার পর দেশটি ক্রেমলিনের গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া রাশিয়ার দুর্বল হয়ে পড়া যুদ্ধে সেনা পাঠিয়েছে, এইচ প্রদান করা হয়েছে সামরিক প্রযুক্তি সহায়তার বিনিময়ে।

চলতি সপ্তাহে ইউক্রেন অভিযোগ করেছে, মস্কো একটি হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এতে অন্তত নয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

সম্প্রতি কিয়েভ আরও দাবি করেছে, রাশিয়ায় মোতায়েনের জন্য প্রায় ৫০ হাজার উত্তর কোরীয় সেনা প্রস্তুত রয়েছে। যদিও এই দাবির সপক্ষে কোনো প্রমাণ তারা দেয়নি।

দক্ষিণ কোরিয়া ও মার্কিন-দক্ষিণ কোরিয়া যৌথ বাহিনীর কমান্ডের মুখপাত্র কর্নেল রায়ান ডোনাল্ড এ সপ্তাহে জানান, ইউরোপে যুদ্ধের কারণে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের ফলে কোরীয় উপদ্বীপে তাদের সম্ভাব্য হুমকির ধরন বদলে গেছে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘সেখানে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা উত্তর কোরিয়ায় নিয়ে গেছে। আমাদের প্রশিক্ষণে সেই হুমকিকে বিবেচনায় নেওয়া হয়েছে।’

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি যখন দিনকে দিন আরও গুরুতর হয়ে উঠছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এই মহড়া চালাচ্ছে।

‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ায় দক্ষিণ কোরিয়ার ১৮ হাজার সেনা অংশ নেবে। দেশটিতে থাকা ২৮ হাজার ৫০০ মার্কিন সেনার একাংশও তাদের সঙ্গে যোগ দেবে।

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ গবেষক হং মিন বলেন, উস্কানিমূলক হুমকি দিলেও উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবারের বিবৃতির সুর তুলনামূলকভাবে সংযত।

তিনি এএফপিকে বলেন, ‘বিবৃতির বিষয়বস্তু বিশেষভাবে উসকানিমূলক বা উত্তেজনাপূর্ণ নয়। এটি বেশ বাস্তবভিত্তিক।’

তিনি আরও জানান, পিয়ংইয়ং হয়তো ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগের সম্ভাবনা উন্মুক্ত রাখতে চায়।

২০১৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স'ঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকে পিয়ংইয়ং নিজেদের ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে। ওই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি নিয়ে মতবিরোধের কারণে আলোচনা ব্যর্থ হয়।

সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের ক্রমবর্ধমান সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উত্তর কোরিয়া ক্ষুব্ধ হয়েছে। টোকিও ‘জরুরি ও সংকটের মনোভাব’ নিয়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে প্রতিশ্রুতির পরবর্তী দুই সপ্তাহে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।

তবে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের কোরিয়া বিষয়ক প্রধান ভিক্টর চা বৃহস্পতিবার বলেন, কিম জং উন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে ১৪ আগস্ট ২০২৬ইং (শুক্রবার) বিকাল ৩ টায় নগরীর মজলিস মিলনায়তনে মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এর সভাপতিত্বে ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে বিশিষ্ট আলেমেদ্বীন, শিক্ষাবিদ, আইনজীবী, দ্বীনদার-বুদ্ধিজীবি ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, “জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের মাধ্যমেই কেবল একটি নৈতিক সমাজ গঠন সম্ভব। ছাত্রসমাজকে নৈতিক শিক্ষায় ভূষিত হয়ে আদর্শ চরিত্র গঠন করতে হবে এবং দেশ ও জাতির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কওমি মাদরাসার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন কেবল আশ্বাস বা কাগজে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা দ্রুত কার্যকর করে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। কওমি সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইসলামী ছাত্র মজলিস ঘোষিত ১৩ দফা দাবি পূরণ করা এখন সময়ের অপরিহার্য তাগিদ। একটি সুশিক্ষিত, নৈতিক ও সুসংগঠিত ছাত্রসমাজই কেবল সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এ সময় তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে সন্ত্রাসী কার্যক্রমের আস্ফালন দেখে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন এবং তা বন্ধের আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকটি পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এবং এতে কেন্দ্র ঘোষিত ১৩ দফা শিক্ষাদাবির ধারণাপত্র পেশ করেন সংগঠনের সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি জনাব ডাক্তার শাহাদাত হোসেন তৌহিদ।

মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সালেহ আহমদ, সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক ও খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ইসলামী ছাত্র মজলিস এর সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি মুফতি মামুন ফেরদাউস, প্রতিভাবান লেখক মাওলানা আমিনুর রহমান নড়াইলি, ছাত্র মজলিস এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি আনাস আহমদ, সাবেক মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, জেলা সভাপতি মুফতি তৌফিক বিন হারিছ, মুহাম্মদ নাঈম ইসলাম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক জনাব নিরব রায়হান, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মুহাম্মদ মাহফুজ খাঁন, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর অফিস সম্পাদক রায়হান বিন রফিক, জনপ্রিয় উপস্থাপক ভাবুক মুহিব ইমতিয়াজ, খেলাফত মজলিস ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান, সিরাজুল উলুম আদর্শ নগর মাদ্রাসার মুদাররিস মুফতি আবু রায়হান।

দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম নাঈম, সেক্রেটারি আবু হুরায়রা, সরকারি তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, বক্সনগর শাখার বায়তুলমাল সম্পাদক জাওয়াদুল ইসলাম, নাজিম হাসান, মেহরাফ হাসান আসিফ, সাইয়্যেদাইন আহমদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%