বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৩:২৪ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো ধরনের ঘটনা ছাড়াই সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি ভিন্ন অঞ্চলে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন।
বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম-ইনের অডিটরিয়ামে বাংলাদেশ প্রতিদিনের আয়োজনে অনুষ্ঠিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : নাইজারে অপহরণ করা দুই নারীকে মুক্ত করা হয়েছে, যারা এক বছরেরও বেশি সময় ধরে বন্দি ছিলেন। তাদের মধ্যে একজন সুইজারল্যান্ডের নাগরিক এবং অন্যজন অস্ট্রিয়ার নাগরিক।
বৃহস্পতিবার লিবিয়ার গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মুক্তির পর তারা বেনগাজি শহরে পৌঁছেছেন।
মুক্তি পাওয়া নারীদের মধ্যে ৭৬ বছর বয়সী ইভা গ্রেৎসমাখার সুইজারল্যান্ডের এবং ৬৯ বছর বয়সী ক্লাউদিয়া আব্বট অস্ট্রিয়ার নাগরিক। ২০২৫ সালে নাইজার থেকে তাদের অপহরণ করা হয়েছিল।
বার্তা সংস্থা এএফপি ত্রিপোলি থেকে এই তথ্য জানিয়েছে। আল-মাসার টেলিভিশনের একটি ভিডিওতে দেখা যায়, মুক্তি পাওয়া দুই নারী অত্যন্ত শীর্ণকায় অবস্থায় রয়েছেন। তারা লিবিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতার এবং তার ছেলে সাদ্দামকে মুক্তির জন্য ধন্যবাদ জানান।
আল-মাসার জানায়, ‘দেড় বছর বন্দি থাকার পর দুই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের একজন অস্ট্রিয়ার এবং অন্যজন সুইজারল্যান্ডের নাগরিক।’
ভিডিওতে ফরাসি ভাষায় ইভা বলেন, ‘আমার নাম ইভা গ্রেৎসমাখার। আমার বয়স ৭৬ বছর। আমাদের মুক্তির জন্য আমি মার্শাল হাফতার এবং তার ছেলে সাদ্দামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘আমি এক বছর নয় মাস ধরে জিম্মি ছিলাম।’ অন্যদিকে, আব্বটও মুক্তি পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং হাফতারকে ধন্যবাদ জানান।
লিবিয়ান নিউজ অবজারভেটরিও তাদের মুক্তির খবর প্রকাশ করেছে। ২০১১ সালে ন্যাটোর সমর্থনে পরিচালিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা কাটিয়ে উঠতে দেশটি এখনো সংগ্রাম করছে।
বর্তমানে লিবিয়ায় ক্ষমতার জন্য দু’টি সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে। এর একটি রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ। অন্যটি পূর্বাঞ্চলে অবস্থিত এবং খলিফা হাফতারের সমর্থন লাভ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : চীন ও রাশিয়া ইউরেশিয়ায় ‘বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপের’ বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
রাশিয়ায় অবস্থানরত চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বিবৃতিটি প্রকাশ করেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া দ্বারা প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘দুই পক্ষের বিশ্বাস, ইউরেশিয়া মহাদেশের স্থিতিশীলতা নষ্ট করার মূল কারণ হলো বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপ।’
এ খবর বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ইউরেশীয় সংহতির প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্যে বলপ্রয়োগের মাধ্যমে বহিরাগত চাপ সৃষ্টির যেকোনো পদক্ষেপের তীব্র নিন্দা জানায় দুই পক্ষ।’
এতে আরও বলা হয়, ‘এক অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের সঙ্গে সম্পর্কিত বিষয়ে উভয় পক্ষ সব সময় একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করবে।’
বিবৃতিতে চীন রাশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা, জাতীয় ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন জানায়। পাশাপাশি, রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে চীন।
তবে, বিবৃতিতে পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আসন্ন বৈঠকের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি।
ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বুধবার সাংবাদিকদের জানান, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথমবারের মতো সম্ভাব্য একটি বৈঠকের প্রস্তুতি চলছে।’
তিনি আরও বলেন, আগামী মাসে চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের কর্মসূচিতে বৈঠকটি অন্তর্ভুক্ত করার লক্ষ্য রাখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী ঈদুল ফিতরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়িভাড়া এবং বর্ধিত চিকিৎসা ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন। তারা ২০২৬ সালের নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু করার আহ্বানও জানিয়েছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘উচ্চতর গ্রেড বৈষম্য নিরসন প্রত্যাশী মাধ্যমিক শিক্ষক উইং’ এই দাবি উত্থাপন করে। এ সময় মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি জানানো হয়।
শিক্ষক নেতারা সংবাদ সম্মেলনে বলেন, একই এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহকারী শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদানের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নীতিমালা কার্যকর রয়েছে। তারা উল্লেখ করেন, মাদ্রাসা এমপিও নীতিমালা-২০২৬-এর ১১.৫ অনুচ্ছেদ অনুযায়ী, সহকারী শিক্ষকদের প্রথম উচ্চতর গ্রেড দেওয়ার ক্ষেত্রে প্রথম এমপিওভুক্তির সময়কাল বিবেচনা করা হয়।
অন্যদিকে, স্কুল ও কলেজের এমপিও নীতিমালা-২০২৫-এর ১১.৭ অনুচ্ছেদে ভিন্ন শর্ত থাকার কারণে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা একই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের বক্তব্য, একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে একই ব্যবস্থায় কাজ করলেও প্রতিষ্ঠানভেদে নীতিমালার পার্থক্যের কারণে শিক্ষকদের মধ্যে আর্থিক বৈষম্য সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় দায়িত্ব পালন করার পরও এই বৈষম্যের কারণে অনেক শিক্ষক ন্যায্য আর্থিক সুবিধা পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে বিএড (ব্যাচেলর অব এডুকেশন) ডিগ্রির কারণে উচ্চতর গ্রেড পেতে বিলম্বের বিষয়টিও তুলে ধরা হয়। শিক্ষক নেতারা বলেন, বিএড ডিগ্রি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু উচ্চতর গ্রেড দেওয়ার ক্ষেত্রে বিএড ডিগ্রি অর্জনের পরের সময়কে ভিত্তি করায় অনেক শিক্ষক আর্থিক সুবিধা পেতে বিলম্বের মুখে পড়ছেন। ফলে পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ এই ডিগ্রি শিক্ষকদের একাংশের কাছে আর্থিক বঞ্চনা ও হতাশার কারণ হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাবেশিকফোর সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দীন, নির্বাহী মহাসচিব মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. আতিকুর রহমান তালুকদার, সহসভাপতি মো. শামীম, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব মো. রবিউল ইসলাম ও মো. তোফায়েল সরকার।
এ ছাড়া ‘উচ্চতর গ্রেড বৈষম্য নিরসন প্রত্যাশী মাধ্যমিক শিক্ষক উইং’-এর মো. সাইদুজ্জামান, মো. মাহমুদুল হাসান মোহাব্বত, মো. রাশেদ, মো. আল মামুন, মো. জসিম উদ্দিন, রিনা খাতুন ও মো. মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা এবং প্রায় দুই হাজার পর্যটক আটকে পড়ার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক তথ্যের ভিত্তিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, ‘রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
জামায়াত আমির সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়ে বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারো নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ