ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাদারীপুরের তরুণ লেখক অমিত হাসান অর্ণবের প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’ প্রকাশ


মাদারীপুরের তরুণ লেখক অমিত হাসান অর্ণবের প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’ প্রকাশ

অমর একুশে বইমেলা ২০২৭-কে সামনে রেখে মাদারীপুরের তরুণ লেখক অমিত হাসান অর্ণবের প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বইপত্র প্রকাশনী। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যজগতে নতুন অধ্যায় শুরু করলেন কালকিনি উপজেলার এই তরুণ লেখক।

অমিত হাসান অর্ণব মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইচাগুড়া গ্রামের সন্তান। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় অর্ণব। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) থেকে নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করে গ্র্যাজুয়েট হয়েছেন তিনি। পরিবেশ সচেতনতা তৈরি ও প্লাস্টিক দূষণ রোধে পরিচালিত ‘নো প্লাস্টিক’ (NO Plastic) প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

আরও পড়ুন: পলাতক স্বৈরাচার দেশে ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

শিক্ষকতার ক্ষেত্রেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। রিদম কোচিং সেন্টার, নেক্সটজেন ইবিআই (NextGen EBI) এবং হোম টিউটর অল বিডির (Home Tutor All BD)-এর অধীনে ইংরেজি ভাষা ও ব্যাকরণ বিষয়ে শিক্ষকতা করেছেন তিনি।

অর্ণবের প্রথম কাব্যগ্রন্থ ‘আমি সেই পেনসিল’-এ ব্যক্তিগত অনুভূতি, প্রেম, নিঃসঙ্গতা, মানবিক সম্পর্ক, সামাজিক বৈষম্য এবং অস্তিত্বের নানা জিজ্ঞাসা উঠে এসেছে। ব্যক্তি ও সমাজের অন্তর্দ্বন্দ্ব, সময়ের অসংগতি এবং মানুষের অব্যক্ত অনুভূতিকে কবিতার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। ব্যক্তিগত উপলব্ধির পাশাপাশি তাঁর লেখায় সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ ও জীবনবোধের প্রতিফলন রয়েছে।

লেখকের কাছে কবিতা শুধু অনুভূতি প্রকাশের মাধ্যম নয়; বরং নিজেকে, মানুষকে এবং চারপাশের পৃথিবীকে নতুন করে আবিষ্কার ও উপলব্ধি করার একটি স্বতন্ত্র ভাষা।

প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে অমিত হাসান অর্ণবের সাহিত্যযাত্রায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। একজন তরুণ লেখক হিসেবে তাঁর এই আত্মপ্রকাশ মাদারীপুরের সাহিত্যাঙ্গনেও নতুন আগ্রহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। ব্যক্তিগত অনুভূতি ও সামাজিক বাস্তবতার মেলবন্ধনে রচিত ‘আমি সেই পেনসিল’ কাব্যগ্রন্থটি পাঠকদের ভাবনার জগতে নতুন মাত্রা যোগ করবে—এমন প্রত্যাশা লেখকের।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২টি মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যোগী: ‘বুলডোজার চালাতে সাহস লাগে’, সমালোচকদের জবাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


যোগী: ‘বুলডোজার চালাতে সাহস লাগে’, সমালোচকদের জবাব

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমালোচনার মাঝেও বুলডোজার প্রসঙ্গে আবারও বক্তব্য রেখেছেন। তিনি উল্লেখ করেছেন, "বুলডোজার নিয়ে কথা বলা সহজ, কিন্তু সবাই এর স্টিয়ারিং ধরতে পারেন না।" বুলডোজার চালানোর জন্য সাহস এবং কাজটি সম্পন্ন করার দৃঢ় সংকল্পের প্রয়োজন রয়েছে।

২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি যখন তুঙ্গে, তখন এনডিটিভির ক্রিয়েটরস মঞ্চে তিনি বুলডোজার নিয়ে এই মন্তব্য করেন।

যোগী আদিত্যনাথ বলেন, "বুলডোজার নিয়ে কথা বলা সহজ, কিন্তু সবাই এর স্টিয়ারিং ধরতে পারেন না। এটি চালাতে সাহস এবং কাজটি শেষ করার দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন।"

বিজেপির নির্বাচনি সাফল্যের প্রসঙ্গে তিনি গোরখপুরের ফলাফলের কথা উল্লেখ করেন। যোগী বলেন, সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকা অবস্থাতেও গোরখপুরে বিজেপি জয়লাভ করেছিল। অন্যদিকে, সমাজবাদী পার্টির প্রার্থীরা জামানত হারিয়েছিলেন।

তিনি আরও বলেন, "২০১৭ ও ২০২২ সালেও একই ঘটনা ঘটেছে। ২০২৪ সালেও গোরখপুরের সব আসনে বিজেপি জয় পেয়েছে।"

যোগী আদিত্যনাথ বলেন, "আমি শুধু গোরখপুরের কথা বলছি না। পুরো উত্তরপ্রদেশই আমার ঘর। রাজ্যের সব আসনেই বিজেপি ও তার মিত্ররা একই ধরনের ফল অর্জন করবে।"

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের সঙ্গে বুলডোজার একটি পরিচিত প্রতীকে পরিণত হয়েছে। তার প্রশাসন অপরাধীদের সম্পত্তি এবং অবৈধ দখলদারত্ব উচ্ছেদে বারবার বুলডোজার ব্যবহার করেছে। বিশেষ করে মুসলিমরা তার সরকারের রোষের শিকার বলে অভিযোগ রয়েছে।

তবে এ ধরনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও হয়েছে। এসব অভিযানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ ও দেশের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল রাজ্য নিয়ে তার সরকারের পরিকল্পনা, নারীদের জন্য সংরক্ষণ এবং প্রস্তাবিত নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মফুলের ডাঁটায় তৈরি ‘লোটাস সিল্ক’ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


পদ্মফুলের ডাঁটায় তৈরি ‘লোটাস সিল্ক’ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে

আনিচুর রহমান

ফরিদপুর, ২৮ নভেম্বর ২০২৬ : ‘লোটাস সিল্ক’ যা পদ্ম ফুলের ডাঁটা দিয়ে তৈরি, আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনার উন্মোচন করেছে। এই সুতা দিয়ে তৈরি একটি শাড়ির দাম ১০ লাখ টাকা এবং একটি শার্টের দাম ৫ লাখ টাকা। বিশ্বব্যাপী এর কদর দেশের আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত খুলতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পদ্ম গবেষক শিকদার আবুল কালাম সামসুদ্দীন ২০২২ সালে পদ্ম ফুলের ডাঁটা দিয়ে ‘লোটাস সিল্ক’ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন। এরপর তিনি ধীরে ধীরে এই প্রযুক্তিকে বাস্তবায়িত করেন। তার উদ্যোগের মাধ্যমে বেসরকারিভাবে লোটাস সিল্ক বা পদ্ম ফুলের ডাঁটা থেকে তৈরি সুতা উৎপাদন শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেসরকারি গবেষণা সংস্থা বেঙ্গল প্ল্যান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরডি) পরিচালিত 'পদ্মফুলের বৈচিত্র্য, ব্যবহার উপযোগিতা ও সংরক্ষণ' শীর্ষক প্রকল্পের আওতায় পদ্ম-গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দীনের উদ্যোগে কানাইপুরের রনকাইল গ্রামের নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২২ সালে মাত্র তিন দিনের প্রশিক্ষণের মাধ্যমে তারা পদ্মের ডাঁটা থেকে মানসম্মত সুতা কাটতে সক্ষম হন। পরবর্তীতে নিয়মিত চর্চার মাধ্যমে তারা অত্যন্ত মিহি ও বিশ্বমানের সুতা তৈরি করেন। পরে এই সুতা দিয়েই সোনারগাঁয়ের ওস্তাদ কারিগরদের মাধ্যমে জামদানি বুননে দৃষ্টিনন্দন স্কার্ফ ও কাপড় তৈরি করা হয়।

সূত্র জানায়, লোটাস সিল্কের তৈরি কাপড়ের দাম অনেক বেশি। এক কেজি লোটাস সুতার দাম প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা। আর প্রতি গজ কাপড়ের দাম পড়ে প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা। লোটাস সিল্কের তৈরি একটি শাড়ির দাম ১০ লাখ টাকার বেশি। আর একটি জামার দাম পাঁচ লাখ টাকার মতো। ইউরোপের ধনী দেশগুলো, বিশেষ করে নেদারল্যান্ডসের রানীর খুবই প্রিয় এই লোটাস সিল্কের পোষাক।

গ্রামে-গঞ্জে, খালে-বিলে ফুটে থাকা পদ্মফুল যে বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে তা অনেকের পক্ষে বিশ্বাস করা সম্ভব ছিল না। ফরিদপুরের রণকাইল পদ্ম বিল এখন সেই অমূল্য রত্নভাণ্ডার। ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে প্রায় ৬০০ একর জায়গা নিয়ে বিস্তৃত চাপাই বিল। এটি রনকাইল বিল নামেও পরিচিত। এই বিল প্রতিবছর প্রকৃতির খেয়ালে পদ্মফুলে ভরে ওঠে। ভরা বর্ষায় এই পদ্মবিলের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় জমে। তখন এই এলাকা হয়ে ওঠে সৌন্দর্য পিপাসু মানুষের বিনোদনকেন্দ্র। স্থানীয়দের কাছে এই বিল ছিল মাছের উৎস। আর শুষ্ক মৌসুমে ধান, পাট, পেঁয়াজ আবাদের জন্য নিতান্তই এক খণ্ড জমি।

পদ্ম সিল্ক সুতা তৈরির কারিগরদের সাথে কথা বলে জানা যায়, পদ্মের ডাঁটা ভাঙলে দুই অংশের মাঝ থেকে বেরিয়ে আসে আঠালো কষ। একজন দক্ষ কারিগর এই আঠালো রসকেই হাতে পাকিয়ে মিহি সুতা তৈরি করেন। লোটাস সিল্ক নামে পরিচিত এই সুতা সারা বিশ্বে সমাদৃত।

তারা বলেন, এই শিল্পকে এগিয়ে নিতে এবং অপার সম্ভাবনাকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে হলে প্রয়োজন সরকারি উদ্যোগ ও সহযোগিতা। এতে তৈরি পোশাক খাতের পাশাপাশি দেশের অর্থনীতিতে লোটাস সিল্ক লাভজনক বাণিজ্য হিসেবে যুক্ত হবে। যার কাঁচামালের পুরোটাই পাওয়া যায় দেশের বিভিন্ন জলাশয়ে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ফরিদপুর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবির বাসস’কে বলেন, ২০২২ সালে দেশে পদ্মফুলের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু হয়। সেই গবেষণার অংশ হিসেবেই ফরিদপুরের চাপাই বিল বা (রণকাইল পদ্মবিল) পাড়ের বাসিন্দা ১০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে লোটাস সিল্ক তৈরি শেখানো হয়।

তিনি বলেন, বিপিআরডি’র পদ্ম গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দীন রণকাইল গ্রামের দশজন নারীকে নিয়ে এই প্রকল্পের কাজ শুরু করেন। কিন্তু মাত্র এক মাস চলার পর অর্থ ও পৃষ্ঠপোষকতার অভাবে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ইউএনডিপি খুব শিগগিরই সিকদার আবুল কালাম শামসুদ্দীনের তত্ত্বাবধানে প্রকল্পটি চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।

রণকাইল গ্রামের বাসিন্দা শেফালী রানী (৪৫) সিকদার বাসস’কে বলেন, ২০২২ সালে ঢাকা থেকে একজন ব্যক্তি এসে আমাদের প্রশিক্ষণ দেন। এতে প্রতিদিন ৫০০ টাকা মজুরি দিতেন। কিন্তু কিছুদিন পরই তা বন্ধ যায়। এই প্রশিক্ষণ আমাদের স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। আমরা চাই প্রকল্পটি যেন আবার চালু হয়।

কাকলি বিশ্বাস (৩৫) বলেন, ২০২২ সালে ঢাকা থেকে এক স্যার এসে আমাদের ১০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে পদ্ম ফুলের ডাঁটা থেকে সুতা তৈরি করা শেখান। আমাদের হাতে একটি ছুরি ও দুই হাত লম্বা ছোট্ট একটি টেবিল দেন। পদ্মফুলের ডাঁটাও সংগ্রহ করে দেন। আমরা সেই ডাঁটাগুলোকে কেটে টুকরো টুকরো করি। টুকরো টুকরো ডাঁটা অংশগুলো মাঝখান থেকে দুই ভাগ করে টান দিলে আঠার মতো বের হতো। সেই আঠা আমরা পাক দিয়ে প্রতিষ্ঠানের দেওয়া ববিনে পেঁচিয়ে একটি প্লেটে রেখে দিতাম। এক সপ্তাহ পর পর এসে তারা সুতাগুলো নিয়ে যেতেন।

তিনি বলেন, মাত্র এক মাস আমরা কাজটা করেছিলাম। তারপর তারা চলে যান। পরবর্তীতে প্রজেক্ট চালু হলে আমাদের আবার ডাকবেন বলেও আশ্বাস দেন। তারা আর আসেননি। শুনেছি এই সুতা দিয়ে উন্নত শাড়ি তৈরি হয়। তবে আমরা সেটি দেখতে পাইনি। এই প্রজেক্টটি আবার চালু হলে আমাদের অভিজ্ঞতাটা কাজে লাগবে। আমরাও স্বাবলম্বী হতে পারবো।

রণকাইল গ্রামের বাসিন্দা প্রকাশ বিশ্বাস (৫০) বলেন, আমার জন্মের পর থেকেই এই পদ্ম বিল দেখে আসছি। এত সুন্দর অমূল্য রতন আমাদের এলাকায় আছে এটা আমাদের জানা ছিল না। এই কাজের মাধ্যমে আমাদের এলাকার অনেকে স্বাবলম্বী হতে পারবে। এই পদ্মবিলটি রাষ্ট্রীয়ভাবে রক্ষণাবেক্ষণ করে এর বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

অমর কুমার (৫৬) বিশ্বাস বলেন, আমরা এখান থেকে মাছ ধরে জীবন চালাই। বর্ষায় পদ্মফুল দেখতে আসা দর্শনার্থীদের ঘুরে দেখিয়ে কিছু আয় করি। কিন্তু এই পদ্মের ডাঁটা দিয়ে এত উন্নত সুতা বা শাড়ি তৈরি হয় তা আমাদের জানা ছিল না। এটা আমাদের দেশের গর্ব। তাই সরকারের উচিত এটিকে রক্ষণাবেক্ষণ করা।

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বিষয়টি জানতে পেরে সম্প্রতি চাপাই বিল পরিদর্শনে যান। এসময় তিনি পদ্মফুলের ডাঁটা ভেঙে তার মধ্য থেকে সুতা তৈরির বিষয়টি প্রত্যক্ষ করে অভিভূত হয়ে পড়েন।

চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যেকটি গ্রামকে তাদের উৎপাদিত ফসল কিংবা শিল্পের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাংস্টার প্রেমিককে হত্যা করতে প্রেমিকা জাহ্নবী প্রতিপক্ষকে নিয়ে আসেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


গ্যাংস্টার প্রেমিককে হত্যা করতে প্রেমিকা জাহ্নবী প্রতিপক্ষকে নিয়ে আসেন

ভারতের হরিয়ানার রোহতকে মিলান ধাবায় চার হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে নতুন তথ্য উদঘাটন হয়েছে। গ্যাংস্টার সানি রিতোলিয়ার প্রেমিকা জাহ্নবীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি প্রতিপক্ষ ভাউ রিতোলিয়া গ্যাংয়ের জন্য তথ্য সরবরাহকারী হিসেবে কাজ করেছেন। পুলিশের ধারণা, সানির গতিবিধির তথ্য জানাতে জাহ্নবী পরিকল্পিতভাবে তার ঘনিষ্ঠতা অর্জন করেছিলেন।

পুলিশের সূত্র অনুযায়ী, প্রায় তিন মাস আগে জাহ্নবী সানির জীবনে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল সানির আস্থা অর্জন করে তার চলাফেরার ওপর নজর রাখা এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রতিপক্ষের কাছে পৌঁছে দেওয়া। সূত্রের দাবি, সানির অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করার পর জাহ্নবী মিলান ধাবার অবস্থান প্রতিপক্ষ গ্যাংকে জানিয়ে দেন। ফলে হামলাকারীরা সঠিক সময়ে সেখানে পৌঁছাতে সক্ষম হয়। হামলার ফলে চার তরুণ নিহত হন, তবে সানি ধাবার পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের পর জাহ্নবীর বিদেশে পালানোর সম্ভাব্য চুক্তির বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সূত্রের দাবি, হামলার পরপরই প্রতিপক্ষ গ্যাংয়ের সঙ্গে তার একটি চুক্তি হয়েছিল, যেখানে সানির গতিবিধির তথ্য দেওয়ার বিনিময়ে তাকে দেশ ছাড়তে সহায়তা করার কথা ছিল।

প্রতিবেদন অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে চার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন সকালে জাহ্নবীর ব্যাংককগামী একটি বিমানে ওঠার খবর পাওয়া যায়। পুলিশ তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারির প্রক্রিয়া শুরু করলেও ধারণা করা হচ্ছে, তিনি ইতোমধ্যে ভারতের সীমান্ত অতিক্রম করেছেন।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ব্যাংকক থেকে জাহ্নবী অন্য কোনো দেশে গেছেন কিনা। তার আন্তর্জাতিক যাতায়াতের তথ্য সংগ্রহকে তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ ঘটনায় হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে শনাক্ত করেছে তদন্তকারীরা। সূত্রের দাবি, তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জাহ্নবীর পরিবারের অতীত নিয়েও তদন্ত চলছে। সূত্রগুলো জানাচ্ছে, উত্তর প্রদেশে একটি গ্যাংয়ের হাতে তার বাবা ও চাচা হত্যার শিকার হয়েছিলেন। অতীতের এসব ঘটনা, প্রতিপক্ষ গ্যাংয়ের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ এবং সানির ঘনিষ্ঠ হওয়ার ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কে এই রহস্যময়ী জাহ্নবী?

জাহ্নবী উত্তর প্রদেশের আলোচিত নারী গ্যাংস্টার বাবলি দেবীর মেয়ে। বাবলি একসময় পশ্চিম উত্তর প্রদেশের বিভিন্ন অপরাধীর সংস্পর্শে আসেন এবং পরে নিজেই একটি গ্যাং গড়ে তোলেন বলে পুলিশি নথিতে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ভাড়াটে খুনি দিয়ে হত্যার মতো গুরুতর অপরাধের অভিযোগ ছিল। পুলিশ তার মাথার দামও ঘোষণা করেছিল। একাধিকবার কারাবরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পাশাপাশি তার সম্পত্তি জব্দ করা হয়েছিল। তিনি গ্রামের প্রধানের দায়িত্বও পালন করেছেন।

জাহ্নবীর বাবা বিবেক ওরফে ভিকি মালিক চলতি বছরের মার্চে বাগপতে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিতে নিহত হন। গ্রামের প্রধান নির্বাচন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবীর বিয়ে হয়েছিল এবং তিনি হরিয়ানার পানিপথে বসবাস করতেন। পরে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ৩ দিন পর নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


নড়াইলে ৩ দিন পর নিখোঁজ অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়ায় নিখোঁজের তিনদিন পর পুলিশ অনিক মোল্যা ওরফ উসমান (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত রিহাদ বিশ্বাস (১৫) নামের আরেকজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পেড়লিস্থান এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

অনিক মোল্যা সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাপু মোল্যার ছেলে। অপর ভ্যানচালক রিহাদ বিশ্বাস কালিয়া উপজেলার সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের সন্তান, যিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত বুধবার (২৫ নভেম্বর) অনিক বাড়ি থেকে ভ্যান নিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর বাজারে যায়। এ সময় অনিক ও পাশের গ্রামের ভ্যানচালক রিহাদ বিশ্বাস যাত্রী নিয়ে পেড়লিস্থানের দিকে রওনা হন। এরপর থেকে দুই চালক নিখোঁজ হন। ওই রাতেই গুরুতর অবস্থায় স্থানীয়রা রিহাদকে পেড়লিস্থান থেকে উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে খুলনা মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে রিহাদ অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে তিনদিন পর আজ দুপুরে একই এলাকা থেকে অনিকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজন ও জেলা পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন, ভ্যান ছিনিয়ে নিতেই এই ঘটনা ঘটতে পারে।

ভুক্তভোগী দুই পরিবারের স্বজনরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন সময় সংবাদকে বলেন, ‘দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ কলের মাধ্যমে জানতে পারি পেড়লিস্থানের চিত্রা নদীর মোহনায় একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করি। নিহতের স্বজনরা মরদেহটির পরিচয় শনাক্ত করেছেন।

প্রাথমিক সুরতহালে অনিকের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%