ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ইউক্রেনের জন্য ৭.১ বিলিয়ন ডলারের নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর


ইউক্রেনের জন্য ৭.১ বিলিয়ন ডলারের নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

ইউরোপীয় কমিশন ইউক্রেনের জন্য ৬.১ বিলিয়ন ইউরো (৭.১ বিলিয়ন ডলার) মূল্যের নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন করেছে। স্থানীয় সময় সোমবার অনুমোদিত এই সহায়তার আওতায় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও রাডার সরবরাহ করা হবে। খবরটি আনাদোলু এজেন্সির।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসে ইউরোপ তাদের সমর্থন অটুট ও সুনির্দিষ্ট থাকার বিষয়টি তুলে ধরছে। তিনি বলেছেন, রাশিয়া হামলা জোরদার করায় ইউক্রেনের জনগণের সুরক্ষা এবং দেশটির আকাশসীমা নিরাপদ রাখতে সহায়তা করা জরুরি। ইউরোপ ইউক্রেনের পাশে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখবে।

এই অর্থায়ন ৯০ বিলিয়ন ইউরো (১০৫.১ বিলিয়ন ডলার) মূল্যের ইউক্রেন সাপোর্ট লোনের অংশ। ২০২৬-২০২৭ সালের জন্য এই ঋণের আওতায় প্রতিরক্ষা খাতে ৬০ বিলিয়ন ইউরো এবং বাজেট সহায়তা হিসেবে ৩০ বিলিয়ন ইউরো বরাদ্দ রয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জেটচালিত ড্রোনের ব্যবহার বাড়ার কারণে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ দ্রুত করা এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

সর্বশেষ অনুমোদনের সঙ্গে ইউক্রেন সাপোর্ট লোনের আওতায় ইতোমধ্যে অনুমোদিত ১৬ বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের পরিকল্পনাও যুক্ত হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮.৩৫ বিলিয়ন ইউরো বিতরণ করা হয়েছে। ইইউ জানিয়েছে, অধিকাংশ সরঞ্জাম ইউরোপীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কেনা হবে। বিদ্যমান মজুত ব্যবহার, অর্ডারের অগ্রাধিকার পুনর্বিন্যাস এবং উৎপাদন বাড়ানোর মাধ্যমে সরবরাহ দ্রুত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা চুক্তি জমা দিয়ে ইউক্রেন অর্থ ছাড়ের আবেদন করতে পারবে। তবে তহবিল ছাড়ের আগে চুক্তিগুলো ইইউ সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় কমিশনের সঙ্গে সম্মত হওয়া ক্রয় পরিকল্পনার আওতায় পড়ে কি না, তা যাচাই করা হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় পার্লামেন্ট ও ইইউ কাউন্সিল ৯০ বিলিয়ন ইউরো মূল্যের ইউক্রেন সাপোর্ট লোন অনুমোদন করে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে ইইউ ও এর সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনকে মোট ২২০.২ বিলিয়ন ইউরো (২৫৬.৯ বিলিয়ন ডলার) সহায়তা দিয়েছে। এর মধ্যে রাশিয়ার নিষ্ক্রিয় করা সম্পদ থেকে প্রাপ্ত অর্থের ৩.৮ বিলিয়ন ইউরোও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করা হচ্ছে

কর্মসংস্থান নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন করা এবং দেশে-বিদেশে কর্মক্ষেত্র তৈরি করা লক্ষ্য নিয়ে মাদরাসা শিক্ষার কারিকুলামকে যুগোপযোগী ও কর্মবাজারমুখী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে চলতি মাসের মধ্যেই একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়নের ব্যবস্থা নেওয়ার কথা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

আজ সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘মাদ্রাসায় উচ্চ শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মসংস্থান’ শীর্ষক কর্মশালার সভায় তিনি এই উদ্যোগের কথা জানান।

মাদরাসা শিক্ষার বিষয়টি উল্লেখ করে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম হলো, মাদরাসা শিক্ষার্থীদের জন্য কারিকুলামকে কর্মবাজারমুখী করা এবং তাদের দক্ষতা উন্নয়ন করা। এর মাধ্যমে দেশের ভিতরে ও বিদেশে মাদরাসা শিক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি করতে চায় সরকার।

তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন ভাবনার প্রধান অংশজুড়ে মাদরাসা শিক্ষার্থীরা রয়েছে। আগের সরকার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। মাদরাসা শিক্ষার্থীদের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তন করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।

সদস্য অধ্যাপক ড. মামুন বলেন, অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা ও সুযোগের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জাতি গঠন ও আর্থিক উন্নয়নকে সহায়তা করার লক্ষ্য এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, কর্মশালার আলোচনার ভিত্তিতে চলতি মাসের মধ্যেই একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে, যা পরে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস হিন্দীসহ অন্যান্য সংশ্লিষ্টরা।

কারিকুলাম যুগোপযোগী করার লক্ষ্যে ‘বটম-আপ অ্যাপ্রোচ’ নেওয়া হয়েছে জানিয়ে ইউজিসির এই সদস্য বলেন, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কারিকুলাম প্রণয়নের কাজ করা হয়েছে, ওপরে থেকে সিদ্ধান্ত না নিয়ে। কর্মশালায় ১০০ জন অধ্যক্ষ, ১০০ জন শিক্ষক এবং ১০০ জন শিক্ষার্থীসহ মোট ৩০০ জন অংশগ্রহণ করেন। তাদের মতামতের ভিত্তিতে মাদরাসা কারিকুলামের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হবে।

এছাড়া, কর্মশালায় মাদরাসা শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ এবং ইউজিসির উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের যুক্ত করার বিষয়েও আলোচনা করা হয়।

সরকারের বিভিন্ন সুযোগ ও সুবিধা মাদরাসা শিক্ষার্থীরা কিভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়েও আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, স্টার্টআপসহ বিভিন্ন সুযোগ কাজে লাগানো এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার বিষয়গুলোও কর্মশালার আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে কুপিয়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে কুপিয়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে ৩ বছরের শিশুকন্যা রুনা বেগমকে কুপিয়ে হত্যা করার দায়ে শরীফ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই হত্যাকাণ্ডের পাশাপাশি আসামির বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায় যে, মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের মো. শরীফ আলীর এবং তার চাচাতো ভাই সালেকের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে চাচাতো ভাই সালেককে ফাঁসানোর উদ্দেশ্যে ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি রাত ৩টায় মো. শরীফ আলী তার নিজ সাড়ে তিন বছরের শিশুকন্যা রুনা বেগমকে ঘুমন্ত অবস্থায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

জানা গেছে, হত্যাকাণ্ডের সময় শিশুকন্যা রুনা বেগমের মা নেকজান বিবির ঘুম ভাঙ্গলে তিনি দেখতে পান তার স্বামী মো. শরীফ আলী এ ঘটনা ঘটাচ্ছে, তখন তিনি চিৎকার শুরু করেন। এরপর, শরীফ আলী তার স্ত্রী নেকজান বিবিকে ভয় দেখিয়ে বলতে থাকেন যে, এই হত্যাকাণ্ডটি সালেক করেছে। পরবর্তীতে নিহতের মা কমলগঞ্জ থানায় স্বামী মো. শরীফ আলীর বিরুদ্ধে নিজের কন্যাকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচার শেষে আজ দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা দায়রা জজ মো. আনোয়ারুল হক আসামি মো. শরীফ আলীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের মামলার পরিচালনায় ছিলেন জেলা ও দায়রা জজ, দ্বিতীয় আদালতের অতিরিক্ত প্রাইভেট প্রসিকিউটর অ্যাডভোকেট তোফায়েল আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরওয়ের রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


নরওয়ের রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : নরওয়ের ৮৯ বছর বয়সী রাজা পঞ্চম হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রক্তের জটিলতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজপ্রাসাদ রোববার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

শীর্ষ ক্ষমতাসীন রাজা হ্যারাল্ড বর্তমানে ইউরোপের সবচেয়ে বয়স্ক রাজা। তিনি হিমোলাইটিক অ্যানিমিয়া রোগে ভুগছেন। এই রোগের কারণে শরীরের লোহিত রক্তকণিকা স্বাভাবিকের তুলনায় দ্রুত নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে দুর্বলতা, ফ্যাকাশে ভাব ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

রাজপ্রাসাদের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘সপ্তাহান্তে মহামান্য রাজার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’ রাজা হ্যারাল্ডের রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ধরা পড়েছে, এবং এই কারণে তাঁকে চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।

গত সোমবার রাজা হ্যারাল্ডকে কর্টিসোন চিকিৎসার কারণে শরীরে অতিরিক্ত তরল জমে গেলে অসলো ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় তাঁকে রাজকীয় দায়িত্ব থেকে দুই সপ্তাহের জন্য বিরতি দেওয়া হয়েছে।

রাজপ্রাসাদ এর আগে জানিয়েছিল, আগামী ১ ও ২ সেপ্টেম্বর নরওয়ের ট্রন্ডেলাগ অঞ্চলে রাজার নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। এই সফর তাঁর ঘোষিত অসুস্থতাজনিত ছুটির সময়সীমা শেষ হওয়ার পর হওয়ার কথা ছিল। হাসপাতালে রাজপরিবারের বেশ কয়েকজন সদস্য রাজা হ্যারাল্ডকে দেখতে গেছেন।

নরওয়ের সংবাদপত্র ভারডেনস গ্যাং জানিয়েছে, রাজার স্ত্রী রানী সোনজা, তাঁদের ছেলে ক্রাউন প্রিন্স হাকন এবং হাকনের স্ত্রী ক্রাউন প্রিন্সেস মেটে-মারিত রোববার হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান। রাজা হ্যারাল্ডের বোনও তাঁকে দেখতে গেছেন। তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাঁদের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে ৪শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


হবিগঞ্জে ৪শ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ

হবিগঞ্জ, ২৪ আগস্ট, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপির প্রচেষ্টার মাধ্যমে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪শ’ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ১৮০ কোটি টাকা এবং হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় ২শ’ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, বাজার ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধায় ব্যাপক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে, হুইপ জি কে গউছের উদ্যোগ ও প্রচেষ্টায় এত বড় উন্নয়ন পরিকল্পনা গ্রহণকে হবিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে গণ্য করা হচ্ছে।

আজ সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এসব উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। তিনি মন্তব্য করেন, উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং দীর্ঘমেয়াদে এলাকার যোগাযোগ ও নাগরিক সুবিধার উন্নতি হয়- সে বিষয়টি বিবেচনায় রেখেই এসব প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে।

এ সময় হুইপ আলহাজ্ব জি কে গউছ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে পরিকল্পিত ও টেকসই প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, হুইপের পিএস আমিন আল পারভেজ, হবিগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আবু জাহের, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী এবং সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।

সভায় হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে প্রায় ১৮০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- চৌধুরী বাজারে কিচেন মার্কেট নির্মাণ, সিনেমা হল বাজারে কিচেন মার্কেট নির্মাণ, পুরাতন পৌরসভা সড়কে অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণ, ট্রাক টার্মিনাল স্থাপন এবং শহরের ড্রেন, কালভার্ট ও রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন।

এছাড়া হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় প্রায় ২শ’ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ব্রিজ-কালভার্ট, অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট উন্নয়নের প্রকল্প গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে হবিগঞ্জ পৌরসভার চেহারা বদলে যাওয়ার পাশাপাশি সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। হুইপ জি কে গউছের নেতৃত্বে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় চলমান উন্নয়নের ধারায় প্রায় ৪শ’ কোটি টাকার নতুন পরিকল্পনা একটি বড় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%