ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

রিয়াদ-দাম্মাম রুটের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত


রিয়াদ-দাম্মাম রুটের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তা সর্বাধিক নিশ্চিত করার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মাম এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর ২০২৬ তারিখ (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এই বিশেষ কার্যক্রম আগামী ৪ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

উল্লিখিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত এবং হালনাগাদ যাত্রাসূচি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে লরি চাপায় নারীসহ ৫ নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবন ও ধর্ম রক্ষা করতে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরা শরণার্থী: শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


জীবন ও ধর্ম রক্ষা করতে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিরা শরণার্থী: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এক সরকারি সুবিধা বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “যাঁরা জীবন বাঁচাতে এবং নিজেদের ধর্ম রক্ষা করতে বাংলাদেশ থেকে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন; তাঁরা হলেন শরণার্থী।”

এই বক্তব্যটি তিনি শনিবার (২৪ অক্টোবর) দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেন। শুভেন্দু ঘোষণা করেন, বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সিএএ শংসাপত্র দেওয়ার কাজ আগামী ১০ জানুয়ারির আগে সম্পন্ন করতে হবে।

তিনি উল্লেখ করেন, ‘দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক এবং কাকদ্বীপের মহকুমা শাসককে নির্দেশ দিয়েছি যেন দ্রুত তাঁদের সকলকে সিএএ শংসাপত্র দেওয়া হয়। যাতে তাঁরা সরকারি সুযোগ-সুবিধা লাভ করতে পারেন এবং পরবর্তীতে ভোটার তালিকায় নাম তুলতে পারেন।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, “গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আমি আগামী ১০ ডিসেম্বরের পর সাগরদ্বীপে যাব। এরপর ১০ জানুয়ারি মেলা উদ্বোধন করতে ফের সেখানে ফিরে আসব। তার আগেই দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক এবং কাকদ্বীপের মহকুমা শাসককে নিশ্চিত করতে হবে যাতে সমস্ত শরণার্থী তাঁদের সিএএ শংসাপত্র হাতে পান। স্বরাষ্ট্র সচিব নিজে বিষয়টি পর্যবেক্ষণ করবেন।”

তিনি যোগ করেন, “এই শংসাপত্র পাওয়ার পর আগামী জানুয়ারি মাস থেকেই এই মানুষগুলো ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।”

সিএএ শংসাপত্র প্রদানের বিষয়টি উল্লেখ করতে গিয়ে শুভেন্দু 'অনুপ্রবেশকারী' এবং 'শরণার্থী'দের মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে জানান, যাঁরা নিজের জীবন ও ধর্ম রক্ষার্থে ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের কখনোই অনুপ্রবেশকারী বলা চলে না।

ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানান, সিএএ শংসাপত্র প্রদানের ক্ষমতা যেন রাজ্য সরকারের পরিবর্তে জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। প্রশাসনিক সূত্রের খবর, সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এখন শংসাপত্র দেওয়ার দায়িত্ব সরাসরি জেলা শাসকদের ওপর ন্যস্ত রয়েছে।

আগামী মাসের শুরুর দিকে হিন্দুত্ববাদী শুভেন্দু মতুয়া সম্প্রদায়ের পুণ্যভূমি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতেও যেতে পারেন বলে জানা গেছে। সেখানে তিনি শরণার্থীদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প ও উদ্যোগের ঘোষণা করতে পারেন। উল্লেখ্য, বিশেষ করে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ১৮টি আসন পাওয়ার পর থেকেই মতুয়া সম্প্রদায় ও হিন্দু শরণার্থীরা বিজেপির অন্যতম বড় সমর্থন ভিত্তি হয়ে উঠেছেন। তাই প্রথম বিজেপি পরিচালিত রাজ্য সরকারের কাছে শরণার্থী সমস্যার সমাধান অত্যন্ত অগ্রাধিকার পাচ্ছে বলে উল্লেখ করা হয় টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে।

পাশাপাশি, সুন্দরবনের সামগ্রিক উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা জানান শুভেন্দু অধিকারী। তিনি সুন্দরবনকে একটি মডেল অঞ্চল হিসেবে গড়ে তোলার ইচ্ছাপ্রকাশ করেন এবং ঘোষণা করেন যে ২০২৯ সালের মধ্যে মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ উদ্বোধিত হবে।

তিনি জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সুন্দরবনের দ্বীপগুলোকে একের পর এক সংযুক্ত করা হবে এবং কাকদ্বীপ মহকুমাকে একটি পৃথক জেলায় উন্নীত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির

১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ সরকারের প্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

এ তথ্য রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিলানে সেনা মোতায়েন, ইতালিতে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


মিলানে সেনা মোতায়েন, ইতালিতে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি

ইতালির মিলান, রোম, তুরিনসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ শিক্ষা, দুর্নীতি, যুদ্ধবিরোধী আন্দোলন, পেনশন ও আবাসনসংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। মিলানে গত সপ্তাহের বিক্ষোভে সংঘর্ষ ও লুটপাটের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে কর্তৃপক্ষ ৫ হাজারের বেশি সেনা ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছে। শনিবার এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিলানে বিক্ষোভের মধ্যে পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও রোম ও তুরিনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই দিনে ইউরোপের আরও কয়েকটি শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মিলানে অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। শহরটিতে এর আগে থেকেই কয়েকশ সেনা দায়িত্ব পালন করছিলেন। নতুন সেনা মোতায়েনের ফলে প্রায় ৫ হাজার পুলিশ ও অন্যান্য নিরাপত্তাকর্মীর পাশাপাশি সামরিক সদস্যদের উপস্থিতি বৃদ্ধি পায়।

নিরাপত্তা জোরদারে ড্রোনের মাধ্যমে নজরদারি, রেলস্টেশনে তল্লাশি, দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন এবং অনলাইনে সহিংসতার সম্ভাব্য আহ্বান পর্যবেক্ষণ করা হচ্ছে। গত সপ্তাহের সহিংসতায় অপ্রাপ্তবয়স্কদের বড় অংশের সম্পৃক্ততার কথা জানিয়ে মেলোনি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেছেন।

শহরের ফ্যাশন এলাকায় ওমেগা, টিফানি ও গুচির মতো বিলাসবহুল ব্র্যান্ডের দোকানগুলোর সামনের কাচের অংশ সুরক্ষিত করে রাখা হয়েছে। অ্যাপল স্টোরও বন্ধ ছিল। তবে বিকেলের দিকে অধিকাংশ দোকান খুলে দেওয়া হয়।

গত সপ্তাহান্তে মিলানের কেন্দ্রীয় দুওমো চত্বরের আশপাশের সড়কগুলোতে কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। এবার নিরাপত্তাব্যবস্থা শহরের কেন্দ্রের বাইরেও বিস্তৃত করা হয়েছে, যাতে বিক্ষোভ অন্য এলাকায় ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

শনিবার সন্ধ্যায় মিলান পলিটেকনিকের বাইরে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

বিক্ষোভের পেছনে নানা দাবি

ইতালির শহরগুলোতে চলমান বিক্ষোভে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো, দুর্নীতি বন্ধ, যুদ্ধবিরোধী অবস্থান, পেনশন সুরক্ষা ও আবাসনসংকট নিরসনের মতো নানা দাবি উঠে এসেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে মিলানে সহিংসতা ও লুটপাটে প্রায় দুই হাজার তরুণ অংশ নিয়েছিল। তাদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক। দুই দিনে পুলিশ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ৩৪ জন অপ্রাপ্তবয়স্ক।

এদিকে শনিবার বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট নতুন গঠিত ‘অক্টোবর ১৭’ আন্দোলনের ৩০ বছর বয়সি এক ফ্রিল্যান্স সাংবাদিককে নিয়ে তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা তাকে আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক হিসেবে সন্দেহ করছেন।

রোমে সংঘর্ষ, তিরানায় সহিংসতা

রোমে বিলাসবহুল বিপণিবিতানসংলগ্ন সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্কাস ম্যাক্সিমাস ও পিয়াজা দেল পোপোলোর আশপাশেও নজরদারি বাড়ানো হয়েছে। একদল বিক্ষোভকারী কলোসিয়ামে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাদের বের করে দেন। তবে কয়েক শ শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে জানান, তারা সহিংসতার সঙ্গে যুক্ত নন।

রোমে পৃথক একটি যুদ্ধবিরোধী মিছিলেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংক্ষিপ্ত সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করলে বিক্ষোভকারীরা পিছু হটেন।

অন্যদিকে, আলবেনিয়ার রাজধানী তিরানায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আরও সহিংস রূপ নেয়। কিছু বিক্ষোভকারী সরকারি ভবনে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

আলবেনিয়ায় উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশন ফি কমানোর, শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর এবং শিক্ষা খাতের দুর্নীতি বন্ধের দাবি জানাচ্ছেন। তাদের একাংশ প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে বৃহত্তর সরকারবিরোধী আন্দোলনেও যোগ দিয়েছেন। রামা শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন এবং সহিংসতায় জড়িতদের শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।

স্পেনে পেনশন, পর্তুগালে আবাসনের দাবিতে মিছিল

স্পেনের রাজধানী মাদ্রিদে হাজারো অবসরপ্রাপ্ত ব্যক্তি ও অন্যান্য নাগরিক পেনশনব্যবস্থায় পরিবর্তনের বিরোধিতা করে শান্তিপূর্ণ মিছিল করেছেন। তাদের আশঙ্কা, সরকারি পেনশন বেসরকারীকরণের উদ্যোগ নেওয়া হতে পারে।

আগামী মাসে স্পেনে আগাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে পেনশনব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল ও রক্ষণশীল বিরোধীদের মধ্যে বিতর্ক তীব্র হয়েছে। দেশটিতে বাড়ি ও ভাড়ার মূল্য বেড়ে যাওয়ায় আবাসনসংকট নিয়েও সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ হয়েছে।

একই দিনে পর্তুগালের রাজধানী লিসবনে সাশ্রয়ী আবাসনের দাবিতে মিছিল করেন বিক্ষোভকারীরা। দেশটির সরকারের প্রস্তাবিত কিছু পদক্ষেপের বিরোধিতা করছেন তারা। এসব পদক্ষেপের মধ্যে বার্ষিক ভাড়া বৃদ্ধির সীমা শিথিল করা এবং ভাড়া দিতে ব্যর্থ ভাড়াটিয়াদের উচ্ছেদ সহজ করার বিষয় রয়েছে।

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো বলেছেন, এসব পদক্ষেপের লক্ষ্য বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে আস্থা বাড়ানো এবং ভাড়াবাড়ির বাজারকে শক্তিশালী করা। তবে বিক্ষোভকারীদের দাবি, এতে ভাড়াটিয়ারা আরও অনিরাপদ অবস্থায় পড়বেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৪ দিন পর ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


৩৪ দিন পর ক্লাসে ফিরছেন চুয়েট শিক্ষক-শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষে ফিরতে চান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরা, দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটানোর পর। তবে, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার শিক্ষকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে শিক্ষার্থীরা ক্লাসে ফেরার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে তাদের সহযোগিতা কামনা করেছেন। একই দিন শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খোলা চিঠিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার কারণে তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে তাদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা বাড়ছে। তারা আর এই ক্ষতি বাড়াতে চান না এবং দ্রুত একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করে শ্রেণিকক্ষে ফিরতে চান।

তবে, ক্লাসে ফেরার সিদ্ধান্তকে আন্দোলন থেকে সরে আসা হিসেবে দেখার সুযোগ নেই বলে চিঠিতে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। এই দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন চলছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষার্থীরা আরও জানান, নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে তারা আবারও কঠোর আন্দোলনে যাবেন। ন্যায্য দাবি আদায়ে তারা ঐক্যবদ্ধ থাকবেন বলেও উল্লেখ করেন।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, তারা সংঘাত বা অচলাবস্থা চান না। বরং, পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজেদের দাবি আদায় করতে চান। তাই একাডেমিক কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ ও দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তারা।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা চান, দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসুক। তবে, ক্লাসে ফেরা মানে তাদের ন্যায্য দাবি থেকে সরে আসা নয়। সায়েম স্যারের পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন চলবে। তারা সংঘাত নয়, সংকটের সম্মানজনক সমাধান চান।

এদিকে, আজ দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির।

তিনি বলেন, তাদের সাধারণ সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরাও ক্লাসে ফিরতে চান বলে তারা জানিয়েছেন। বাকি সিদ্ধান্তগুলো বিবৃতি দিয়ে জানানো হবে।

ক্লাস শুরুর তারিখ সংশ্লিষ্ট বিভাগগুলো নিজ নিজভাবে নির্ধারণ করবে বলেও জানান সামিউন বাসির।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা।

একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%