০৮:৪৯ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে ২৩ জুন মঙ্গলবার অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করবে। এ দিন সংগঠনটির নেতাকর্মীরা জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই কর্মসূচি পালন করবেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের শীর্ষ নেতাদের একটি জরুরি বৈঠকে সোমবার ২২ জুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: মাদরাসা বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র একীভূত করার পরিকল্পনা সরকারের
যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল জানান, বাংলাদেশ বর্তমানে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা এবং বিশৃঙ্খলা তৈরি করতে চায়। সোহেল আরও জানান যে, আমাদের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অত্যন্ত নিকৃষ্ট ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলতে চাই- যুবদল রাজপথের সংগঠন। রাজপথেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, আর এবারও এই অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে।
সোহেল আরও বলেছেন, যদি কোনো রাজনৈতিক দল বা মহল আন্দোলনের নামে দেশে নাশকতা, সহিংসতা কিংবা কৃত্রিম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে যুবদলের কোটি কর্মী সাধারণ জনগণের সঙ্গে নিয়ে শক্ত হাতে তাদের প্রতিহত করবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে যুবদল রাজপথে পাহারাদারের হিসেবে ভূমিকা পালন করবে। তিনি দলের সব স্তরের নেতাকর্মীকে শান্ত ও সুশৃঙ্খল থেকে রাজপথে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।
আরও পড়ুন: মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ, গ্রেফতারের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন