১০:২১ পি.এম
শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার উপযোগী মাঠের অভাব রয়েছে। কিছু বিদ্যালয়ে মাঠের জন্য পর্যাপ্ত জায়গা নেই, আবার কোথাও বিদ্যালয়ের নিজস্ব জমি দখল ও বিরোধের কারণে মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা ও বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অভিভাবক ও এলাকাবাসী মাঠ উদ্ধার, সীমানা নির্ধারণ এবং বিদ্যালয়গুলোতে খেলার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা নেই। কোথাও বিদ্যালয় ভবনের সামনের সামান্য জায়গাটুকুতে পাঠদান ও চলাচল চলছে, আবার কোথাও বিদ্যালয়ের জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ এবং প্রভাবশালীদের দখল নিয়ে কয়েকটি বিদ্যালয়ের জমিতে জটিলতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রূপগঞ্জ উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরেজমিনে প্রায় ৫০টি বিদ্যালয়ে খেলার উপযোগী মাঠের অভাব দেখা গেলেও উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২৩টি বিদ্যালয়ে কোনো খেলার মাঠ নেই। মাঠের অভাবে টিফিনের বিরতিতেও শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে খেলাধুলা করতে পারছে না।
আরও পড়ুন: রাজনৈতিক সদিচ্ছা থাকলে হাসিনাকে হস্তান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে ভারত: শামা ওবায়েদ
একাধিক শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় তারা বন্ধুদের সঙ্গে নিয়মিত খেলাধুলা করতে পারে না। মাঠ থাকলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ পেত তারা।
শিক্ষকরা বলছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জায়গার সংকট ও জমি নিয়ে বিরোধের কারণে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার পরিবেশ তৈরি করা সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ের নিজস্ব জমি উদ্ধার করে মাঠের ব্যবস্থা করা জরুরি।
এদিকে বিদ্যালয়ের জমি দখলমুক্ত করা, সীমানা নির্ধারণ এবং প্রয়োজনীয় জায়গায় খেলার মাঠ নির্মাণের দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। তারা এ দাবিতে আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছেন।
শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, শিশুদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সুস্থ, মেধাবী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। তাই দ্রুত বিদ্যালয়ের জমি উদ্ধার করে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তারা।
আরও পড়ুন: রাউজানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ, হতাহতের খবর নেই
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার বলেন, উপজেলায় ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৩টিতে খেলার মাঠ নেই। যেসব বিদ্যালয়ে মাঠের সমস্যা রয়েছে, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের জমি কেউ অবৈধভাবে দখল করে থাকলে তা চিহ্নিত করা প্রয়োজন। সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন