১১:৩২ পি.এম
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী মিরাজ আহমেদ (৩৩) গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।
আহত মিরাজকে হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধু মো. সামসুল হক। তিনি জানান, মিরাজ পেশায় শিক্ষা মন্ত্রণালয়ের একজন সরকারি কর্মচারী (অফিস সহকারী)। তিনি বলেন, “আমরা মতিঝিলে মেট্রোরেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে মিরাজ আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।”
আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন
তিনি আরও উল্লেখ করেন, আহত মিরাজ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বেড়াডাকুরি এলাকার রকিবুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি মতিঝিলের আরামবাগের ৬২ নম্বর বাসায় বসবাস করছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ফলে আহত হয়ে মিরাজ নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেলে এসেছেন এবং তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ ফারাবী জানান, মতিঝিল মেট্রো স্টেশনসংলগ্ন সড়কে পড়ে থাকা একটি ছাতার ভেতরে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) পাওয়া যায়।
ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে, ছাতার বোতাম চাপলেই অবিলম্বে বিস্ফোরণ ঘটতে পারত।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
কে বা কারা এটি সেখানে রেখেছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। এখন অবধি কোন ব্যক্তি বা গোষ্ঠীকে এর দায়ে অভিযুক্ত করা হয়নি বলেও জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন