০৩:২৩ পি.এম
স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল এবার মাঠের বাইরেও নতুন ইতিহাস গড়লেন। বার্সেলোনার এই উইঙ্গারের বিরল ‘ওয়ান-অফ-ওয়ান’ কাবুম রুকি ট্রেডিং কার্ডটি নিলামে বিক্রি হয়েছে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে। এর মাধ্যমে ফুটবল ট্রেডিং কার্ডের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রির নতুন রেকর্ড গড়ার বিকল্প হয় ইয়ামালের কার্ড।
গোল্ডিনের আয়োজনে অনুষ্ঠিত গ্লোবাল ফুটবল অকশনের দ্বিতীয় আসরে পানিনির ২০২৩-২৪ ডনরুস ফিফা সিরিজের ‘ব্ল্যাক ওয়ান-অফ-ওয়ান কাবুম’ রুকি কার্ডটি নিলামে রাখা হয়েছিল। বিশ্বের একমাত্র কপি হওয়ায় শুরু থেকেই এটি সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়ে নতুন নজির স্থাপন করে কার্ডটি।
একই নিলামে ব্রাজিল কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের গ্রেডেড রুকি কার্ডটি বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে। অন্যদিকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ২০২৩-২৪ টপস ক্রোম স্যাফায়ার সিরিজের একটি বিশেষ কার্ড বিক্রি হয়েছে ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলারে। এর ফলে ইয়ামালের রুকি কার্ড পেলের কার্ডের চেয়ে প্রায় ১ লাখ ডলার এবং মেসির কার্ডের তুলনায় প্রায় ৩ লাখ ৯০ হাজার ডলার বেশি মূল্যে বিক্রি হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
শুধু রেকর্ড গড়া রুকি কার্ডের কথা বললে চলবে না, নিলামে ইয়ামালের আরও দুটি স্মারক উল্লেখযোগ্য দামে বিক্রি হয়েছে। ১০টির সীমিত সংস্করণের মধ্যে ৮ নম্বর ‘গোল্ড কাবুম’ রুকি কার্ডের দাম উঠেছে ১ লাখ ৮৯ হাজার ১০০ মার্কিন ডলারে। পাশাপাশি ২০২৩-২৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহৃত এবং ইয়ামালের স্বাক্ষরযুক্ত বার্সেলোনার একটি ম্যাচ-ওয়ার্ন জার্সি বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০০ মার্কিন ডলারে। সব মিলিয়ে ইয়ামালের এই তিনটি স্মারক থেকে আয় হয়েছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার।
এদিকে একই নিলামে বিক্রি হয়েছে আরও কয়েকটি ঐতিহাসিক স্মারক। দিয়েগো ম্যারাডোনার ১৯৭৭ সালের ডিস্ক রুকি কার্ডটি বিক্রি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭০০ মার্কিন ডলারে। তার একটি ‘ব্ল্যাক কাবুম’ কার্ডের মূল্য উঠেছে ৯১ হাজার ৫০০ মার্কিন ডলারে। যুক্তরাষ্ট্রের উদীয়মান ফুটবলার ক্যাভান সুলিভানের একটি অটোগ্রাফ প্যাচ কার্ডও ৯০ হাজার ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। এছাড়াও ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য বেঞ্জামিন মেন্ডির অফিসিয়াল প্রতিরূপ বিশ্বকাপ ট্রফিটি বিক্রি হয়েছে ৬২ হাজার ২২০ মার্কিন ডলারে।
অল্প বয়সে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি স্মারকের বাজারেও লামিন ইয়ামাল তার অসাধারণ জনপ্রিয়তা প্রমাণ দিলেন। ফুটবলের ভবিষ্যৎ তারকা হিসেবে যাকে ঘিরে প্রত্যাশা বাড়ছে, সংগ্রাহকদের আগ্রহও যে একই গতিতে বাড়ছে, রেকর্ড গড়া এই নিলাম তারই স্পষ্ট প্রমাণ।
আরও পড়ুন: বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন