ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মাভাবিপ্রবিতে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত অন্তত ১০


মাভাবিপ্রবিতে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত অন্তত ১০

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ দেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন

জানা গেছে, মঙ্গলবার রাতে তৃতীয় একাডেমিক ভবনের সামনে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে বসাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে তা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে পরিসংখ্যান বিভাগও এতে জড়িয়ে পড়ে। এতে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আব্দুল কুদ্দুস আহত হন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

সংঘর্ষে গুরুতর আহত এফটিএনএস বিভাগের শিক্ষার্থী শামীমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। চোখের উন্নত চিকিৎসার জন্য এক শিক্ষার্থীকে দ্রুত কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা চায় এপিইউবি

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, সংঘর্ষে সংশ্লিষ্ট বিভাগগুলোকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে এবং তাদের সঙ্গে আমরা দ্রুতই বসব।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম শহীদুল ইসলাম সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক এবং প্রক্টরিয়াল বডিকে নিয়ে দ্রুত বসে পরিস্থিতির সমাধানের পরামর্শ দিয়েছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসের রাজস্ব ঘাটতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


গত অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসের রাজস্ব ঘাটতি

 

গত অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসে মোটা অঙ্কের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২০২২৫-২৬ অর্থ বছরে ২ হাজার ৬৪ কোটি ৮৯ লাখ টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ১ হাজার ১১৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা।

এ কারণে অর্থবছর শেষে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৫০ কোটি ৬৯ লাখ ১৯ হাজার টাকা। কাস্টমস হাউসের জনপ্রশাসন দপ্তর থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বিগত ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় এবারের রাজস্ব আদায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক মন্দা, দ্বিপক্ষীয় টানাপোড়েনে আমদানি হ্রাস, আন্তর্জাতিক বাণিজ্যের ধীরগতি এবং শুল্কায়ন কাঠামোর পরিবর্তনের কারণে এই ঘাটতি তৈরি হয়েছে। তবে কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্ক ফাঁকি রোধে কঠোর নজরদারি ও উন্নত পরিকল্পনার কারণে সম্ভাব্য আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

অন্যদিকে, বন্দরের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, অভ্যন্তরীণ নানা সংকটের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ভোমরা বন্দরের বাণিজ্য খাত। ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, এলসি (ঋণপত্র) খোলায় জটিলতা এবং ডলার সংকটের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে দুশ্চিন্তা কাটছে না। ফলে সামগ্রিক বাণিজ্য সক্ষমতা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বাসস’কে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বহুমুখী সমস্যায় আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে সম্ভাবনাময় এ বন্দরে। ব্যবসা কমে যাওয়ায় রাজস্ব খাতে এই বড় ধাক্কা লেগেছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে এখন সুনির্দিষ্ট ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন।

ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান বাসস’কে জানিয়েছেন, এনবিআরের নির্দেশনা অনুযায়ী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন রাজস্ব আহরণ কৌশল নির্ধারণ করা হচ্ছে। নতুন বাজেটের আওতায় ব্যবসাবান্ধব উদ্যোগের পাশাপাশি রাজস্ব বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার এ তথ্য জানায়। এই ভূমিধসের ঘটনা ঘটে মঙ্গলবার, যেখানে ৩৩ জন মাটিচাপায় আটকা পড়েন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানাচ্ছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে দাংচাং কাউন্টির রেনচাং গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে যে, দাংচাং কাউন্টির ভূমিধসস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। এ ঘটনায় মোট ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি পুনরুদ্ধার ও অবকাঠামো নির্মাণের জন্য কর্তৃপক্ষ ৩ কোটি ইউয়ান (প্রায় ৪৪ লাখ মার্কিন ডলার) বরাদ্দ দেয়।

চীনে, বিশেষ করে গ্রীষ্মকালে, প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই ঘটে থাকে। এ সময় দেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়, আবার কোথাও তীব্র তাপপ্রবাহ দেখা দেয়।

অন্যদিকে, ভূমিধসের একই দিনে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে ১৭ জন নিহত এবং শত শত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে ব্যাপক বন্যা দেখা দেয় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। দেশটির পানি সম্পদমন্ত্রী লি গোইয়িং সতর্ক করে বলেছেন, বুধবারও গুয়াংসি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংদংয়ের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাকবলিত কবাখালীর দুর্গত মানুষের পাশে দীঘিনালা জোন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


বন্যাকবলিত কবাখালীর দুর্গত মানুষের পাশে দীঘিনালা জোন

বুধবার (৮জুলাই) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাদুর্গত কবাখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে জোন কর্তৃপক্ষ।

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কবাখালী ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বহু পরিবার দুর্ভোগে পড়ে। এমন পরিস্থিতিতে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন ও সমস্যার খোঁজখবর নেন এবং দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

দীঘিনালা জোনের কমান্ডার মোঃ আল আমিন পিএসসি মহোদয় বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যার কারণে খাদ্যসংকট ও চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এমন সময়ে সেনাবাহিনীর সহযোগিতা তাদের অনেকটা স্বস্তি দিয়েছে।

দীঘিনালা জোন সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেল ট্যাঙ্কারে হামলার জেরে ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


তেল ট্যাঙ্কারে হামলার জেরে ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপটি নিয়েছে। এলএনজি ও তেল ট্যাঙ্কারে হামলার কারণে ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

এ ঘটনায় একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন যে, জাহাজের ওপর ইরানের হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ এবং এর পরিণতি ভোগ করতে হবে।

এই ঘোষণার পর তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমাঝোতা চুক্তির অংশ হিসেবে, মার্কিন ট্রেজারি গত মাসে ২১ আগস্ট পর্যন্ত ইরানের কাছে তেল বিক্রির অনুমোদন দিয়েছিল। তবে মঙ্গলবারের এই অনুমোদন প্রত্যাহারের ফলে সেই সময়সীমা কমে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারিত হয়ে গেছে।

ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালীর ভেতরে ও কাছে তিনটি ট্যাংকার অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ গ্রহণ করেছে। তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি, কিংবা কেউ এর দায়ও স্বীকার করেনি।

এদিকে, মার্কিন কর্মকর্তা বলেছেন, সর্বশেষ উত্তেজনা সত্ত্বেও আলোচকরা ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে সদিচ্ছা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্র-ইরানের নতুন এই পাল্টাপাল্টি হামলা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক বোঝাপড়াকে নড়বড়ে করে দেয়ার আশঙ্কা তৈরি করেছে, যা আরও প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে একটি বৃহত্তর চুক্তি নিয়ে আলোচনা ব্যাহত হওয়ার ঝুঁকিও বাড়িয়ে তুলেছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে যে, ইরান তিনটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে।

আরও পড়ুন: ইরাকে আবার ডলার সরবরাহ শুরু করল যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ। ইরান যুদ্ধের আগে প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস চালানের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%