মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:২১ পি.এম
রাজশাহীর চারঘাটে বকুল হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের হলিদাগাছী রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা এ সময় বকুল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বকুল তার শ্বশুরবাড়ি পুঠিয়া উপজেলার দুর্লভপুর গ্রামে গেলে আসামিরা তাকে জোরপূর্বক আটক করে। অভিযোগ রয়েছে, পরে তার হাত-পা দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান। বকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে চারঘাট-বাঘা মহাসড়কের হলিদাগাছী রেলগেট এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় প্রায় ৪৫ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের ছেলে রাকিবুল ইসলাম অলিভ, স্থানীয় ইউপি সদস্য ও সমাজসেবক মুক্তার হোসেন মুক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, বকুলকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কোনো আসামি যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। এ ঘটনায় নিহত বকুলের স্ত্রী ফাহিমা খাতুন বাদী হয়ে গত ২৯ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—রতন আলী ও স্বপন (পিতা: মৃত এসকেন্দার আলী), মো. রইস (পিতা: ওমর আলী), নফেল উদ্দিন উকিল (পিতা: মৃত হাকিম উদ্দিন) এবং মো. বাকী (পিতা: নফেল উদ্দিন)। তাদের সবার বাড়ি পুঠিয়া উপজেলার দুর্লভপুর গ্রামে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, মানববন্ধনের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, ঘটনাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার অধীন হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসিকে অবহিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাস্পিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান আটক করা হয়েছে, কারণ বকেয়া পাওনা শোধ না করায় এটি জব্দ করা হয়েছে। বিমানটির বিরুদ্ধে প্রায় ৩০ লাখ ইউরো (প্রায় ৩৪ লাখ মার্কিন ডলার) বকেয়া রয়েছে, যার কারণে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিতে যাত্রীরা বসে পড়ার পর উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। ঠিক সেই সময় আদালতের নির্দেশ নিয়ে কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে বিমানটির কার্যক্রম বন্ধ করে দেন।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে এই ঘটনার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে কাস্পিয়ান এয়ারলাইনস জানায়, প্রশাসনিক কিছু সমস্যার কারণে তাদের একটি বিমানের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে।
বর্তমানে ইস্তাম্বুল বিমানবন্দরের বকেয়া সেবামূল্য পরিশোধ নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। আশা করা হচ্ছে, বিমানটি খুব শীঘ্রই ইরানে ফিরে আসবে।
যুক্তরাষ্ট্র চলতি মাসের শুরুতে ইরানের বিমান খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সতর্ক করেছে যে, ইরানি এয়ারলাইনসগুলোর সঙ্গে ব্যবসা করলে যেকোনো কোম্পানি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় বিপদে পড়তে পারে। তবে তুরস্ক এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলেনি, ফলে দুই দেশের মধ্যে কিছু ফ্লাইট নিয়মিত চলাচল করছে।
এদিকে, আঙ্কারার অনুরোধে ইরানের বড় পণ্য পরিবহনকারী সংস্থা মাহান এয়ার গত সপ্তাহে তুরস্কে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জিবিএমএস কর্মপরিকল্পনার আওতায় সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির বিষয়ে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে একটি নারী সমাবেশ আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পুনর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ রোধ, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণসহ সামাজিক-নৈতিক অবক্ষয় রোধ এবং মানবিক মূল্যবোধ সৃষ্টির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সূচনা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিয়া খাতুন। সমাবেশে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এবং রহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় ব্যক্তিরা। বক্তারা নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে এসব অগ্রাধিকারমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয় এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সাহায্য করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাটের চিতলমারীতে সরকারি ঘর বিক্রির অভিযোগে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার দলুয়াগুনি গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিমল কৃষ্ণ সরকারকে মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের আওতায় একটি ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল। নীতিমালা অনুযায়ী, এই ঘরটি বিক্রয় বা হস্তান্তরযোগ্য নয়। কিন্তু অভিযোগে বলা হয়েছে যে, তিনি ওই ঘরটি এবং বাড়ির জায়গাসহ বিক্রি করে দিয়েছেন। চিতলমারী উপজেলা মুক্তিযোদ্ধা আবাসন নির্মাণ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবু তালেব শেখ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রয়োজন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বীর মুক্তিযোদ্ধা বিমল কৃষ্ণ সরকারের পরিবারের কেউ বাড়িতে নেই। রিপন শেখ নামে একজন ব্যক্তি বর্তমানে ওই বাড়িটি কিনে বসবাস করছেন। মুক্তিযোদ্ধা নিবাস নামের যে নেমপ্লেট ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। স্থানীয়দের মতে, বিমল কৃষ্ণ সরকার টুঙ্গিপাড়া এলাকায় বসবাস করছেন। এ বিষয়ে বাড়ির ক্রেতা রিপন শেখ জানান, তিনি ৮ শতক জায়গাসহ বাড়িটি কিনেছেন এবং তার কাছে বাড়িটির দলিল রয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা আবাসন নির্মাণ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবু তালেব শেখ বলেন, "আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিমল কৃষ্ণ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের আওতায় তাকে যে ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি তিনি বিক্রি করে দিয়েছেন। সরকারি বরাদ্দের ঘর বিক্রির কোন বিধান নেই।"
বীর মুক্তিযোদ্ধা বিমল কৃষ্ণ সরকারকে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করে কেটে দেন। পরে তার পক্ষ থেকে একজন ফোন করে জানান, তিনি খুবই অসুস্থ আছেন এবং কথা বলতে পারবেন না। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার জানান, তিনি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনার তদন্তের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তদন্ত রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে জলবায়ু সহিষ্ণু ও কার্যকরী কৃষি কৌশল নির্ভর পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় ধান চাষে পানি সাশ্রয়ের উপর ২৫ কৃষককে একটি দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের ট্রেনিং সেন্টারে ভেজা-শুকনা (অডউ) পদ্ধতিতে আধুনিক ও পানি সাশ্রয়ী উপায়ে ধান চাষাবাদ বিষয়ক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস এই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রাইস রিসার্চ ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম এবং উপসহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান। এছাড়া সোনার বাংলা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মটর কুমার মণ্ডল মোহেন প্রমুখও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট এবং শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর, জামাল, কোলা ও ৪নং নিয়ামতপুর ইউনিয়নে জলবায়ু সহিষ্ণু ও পানি সাশ্রয়ী কৃষি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সুন্দরপুর-দুর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের নির্বাচিত ২৫ জন কৃষক এ প্রশিক্ষণ গ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ