মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৩১ পি.এম
লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন লাগানোর একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে হস্তান্তর করে। ঘটনার সময় তার সঙ্গে আরও দুজন উপস্থিত ছিল, যারা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনাটি ঘটে সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে, উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে।
আটক ইমন কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের লুধুয়া গ্রামের মো. খোকার পুত্র।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অন্য একটি যুবক পাশের সড়ক থেকে এই ঘটনাটি ভিডিও ধারণ করছে। আগুন লাগানোর পর তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করে। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের কারণে আরো একজনের মৃত্যু ঘটেছে। এই প্রাদুর্ভাবের ফলে অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯-এ দাঁড়িয়েছে। অত্যন্ত সংক্রামক এই ভাইরাসজনিত রোগটি যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ সোমবার জানায়, মৃত ব্যক্তি সেন্টার কাউন্টির বাসিন্দা ছিলেন এবং তিনি হামের টিকা গ্রহণ করেননি। পরীক্ষায় তার শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, উইসকনসিন অঙ্গরাজ্যে হামের কারণে দুজনের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এ রোগে এক শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে দেশে হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে সংস্থাটি এসব মৃত্যুর ঘটনার স্থান উল্লেখ করেনি।
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মৃত্যুর হিসাবের মধ্যে এই পার্থক্য চলতি বছরের শুরুতে তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের অধীনে স্বাস্থ্য সংস্থা তখন থেকে রাজ্যগুলোর দেওয়া তথ্যের পরিবর্তে ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের মৃত্যুসংক্রান্ত তথ্য ব্যবহার করা শুরু করে।
পেনসিলভানিয়ায় নতুন মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ শোক প্রকাশ করেছে। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, ২০২৭ সালে হাম মোকাবিলার কার্যক্রমে সহায়তার জন্য সিডিসি অঙ্গরাজ্যটিকে এককালীন প্রায় ৪০ লাখ ডলার জরুরি তহবিল প্রদান করেছে।
১৯৯১ সালের পর সর্বোচ্চ সংক্রমণ
সিডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৯ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ৫ হাজার ৮৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৯৯১ সালের পর কোনো বছরে সংস্থাটি এত বেশি হাম আক্রান্তের তথ্য জানায়নি।
আক্রান্তদের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু ১৮ শতাংশ এবং ৫ থেকে ১৯ বছর বয়সিদের হার ৪১ শতাংশ।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত শনাক্ত হওয়া হাম রোগীর সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছর যুক্তরাষ্ট্রে মোট ২ হাজার ২৮৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
সাম্প্রতিক এই পরিসংখ্যান দেশটিতে হাম সংক্রমণের ব্যাপক বিস্তারের চিত্র তুলে ধরছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত উন্নত চিপের ওপর চীনের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক ও সহযোগিতায় কোনো প্রভাব ফেলবে না। কুয়ালালামপুর বেইজিংয়ের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আনোয়ার সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন, মালয়েশিয়া চীন বা যুক্তরাষ্ট্র—কোনো পক্ষের দিকে ঝুঁকে নেই। তবে সাংস্কৃতিক ও আঞ্চলিক সম্পর্কের কারণে বেইজিংয়ের সঙ্গে কাজ করা তুলনামূলক সহজ। তিনি জানান, চীনের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বেইজিং কখনো উদ্বেগ প্রকাশ করেনি।
তিনি বলেন, ‘চীনের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রাখার অর্থ এই নয় যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বন্ধ করে দেব। চীনারাও বিষয়টি বুঝতে পারে। অনেকে মনে করেন, আমি কিছুটা চীনের দিকে ঝুঁকে পড়েছি। এটি সত্য নয়।’
প্রতিবেদন অনুযায়ী, আনোয়ারের সাক্ষাৎকারটি গত সপ্তাহে চীনের শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগেই নেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনা প্রতিষ্ঠানগুলোর এআই মডেল প্রশিক্ষণে উন্নত চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন রপ্তানি বিধিনিষেধ জারি করেছে। এর আওতায় মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে উন্নত চিপ সরবরাহের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। চীনা প্রতিষ্ঠানগুলো এসব দেশের মাধ্যমে কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ নিয়ে আসছিল।
আনোয়ার বলেন, মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান চীনে চিপ রপ্তানি করছে কি না, তা পর্যবেক্ষণ করবে। একইভাবে চীনা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও নজরদারিতে রাখা হবে, যাতে সেগুলো বেইজিংয়ের নির্ধারিত নিয়ম মেনে পরিচালিত হয়।
তিনি উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ওপর যদি শর্ত আরোপ করা হয় যে তারা চীনে চিপ রপ্তানি করতে পারবে না, তাহলে মালয়েশিয়া সেই শর্ত মেনে চলবে। কারণ, প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি রয়েছে, সেটি পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব।’
তবে আনোয়ার স্পষ্ট করেন যে, এ ধরনের বিধিনিষেধ চীনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে মালয়েশিয়ার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়াবে না। তাঁর মতে, মালয়েশিয়া চীনা বিনিয়োগ এবং চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।
সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখতে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও অর্থায়ন নেওয়ার পরিকল্পনার কথা জানান আনোয়ার। তিনি বলেন, যেসব বিনিয়োগকারী সরবরাহব্যবস্থা সুরক্ষায় সরকারের সহায়তা চাইবেন, তাঁদের সে অনুযায়ী অর্থ দিতে হবে। ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে মালয়েশিয়া এখন আরও দক্ষ হয়ে উঠছে। তথ্যসূত্র: রয়টার্স, সাউথ চায়না মর্নিং পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উম্মুল মুমিনিন হজরত সাফিয়া বিনতে হুয়াই (রা.) ছিলেন এক মহীয়সী নারী, যিনি অভিজাত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনের বিভিন্ন চড়াই-উতরাই পার করে তিনি রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। তিনি ছিলেন আরবের প্রভাবশালী ইহুদি গোত্র বনু নাদিরের প্রধান নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। তাঁর পরিবার ছিল অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী। তৎকালীন হিজাজ অঞ্চলের ইহুদিদের মধ্যে বনু নাদির ও বনু কুরাইজা গোত্র বিশেষ মর্যাদা ও প্রতিপত্তির অধিকারী ছিল। সাফিয়া (রা.)-এর বাবা হুয়াই ইবনে আখতাবও নিজ গোত্রে অত্যন্ত সম্মানিত ছিলেন। গোত্রের লোকেরা তাঁর নেতৃত্ব ও সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে মেনে চলত।
সাফিয়া (রা.)-এর প্রথম বিয়ে হয়েছিল বনু কুরাইজার বিশিষ্ট ব্যক্তি ও কবি সালাম ইবনে মাশকামের সঙ্গে। তবে তাঁদের দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি। পরে তিনি হিজাজের প্রভাবশালী ও বিত্তশালী ব্যবসায়ী কিনানা ইবনে আবিল হুকাইকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে ইহুদিরা পরাজিত হয় এবং তাদের বহু প্রভাবশালী নেতা নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন সাফিয়া (রা.)-এর বাবা, ভাই ও স্বামী। যুদ্ধের পর তিনি মুসলিমদের হাতে বন্দী হন। যুদ্ধবন্দিদের মধ্যে সাফিয়া (রা.)-ও ছিলেন। গনিমতের মাল বণ্টনের সময় সাহাবি দাহইয়া ইবনে খলিফা আল-কালবি (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে একজন দাসী চাইলে তিনি তাঁকে সাফিয়া (রা.)-কে নিতে বলেন। তবে সাফিয়া (রা.)-এর বংশমর্যাদা ও অবস্থান বিবেচনা করে সাহাবিরা বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে রাসুলুল্লাহ (সা.) তাঁকে নিজের জন্য মনোনীত করেন এবং দাহইয়া (রা.)-কে অন্য একজন বন্দিনী প্রদান করেন।
এরপর রাসুলুল্লাহ (সা.) সাফিয়া (রা.)-কে মুক্ত করে বিয়ে করেন। এভাবেই তিনি দাসত্ব থেকে মুক্তি পেয়ে উম্মুল মুমিনিন তথা মুমিনদের মায়ের মর্যাদা লাভ করেন। তাঁর মুক্তিকেই রাসুলুল্লাহ (সা.) বিয়ের মোহর হিসেবে নির্ধারণ করেছিলেন। মদিনায় ফেরার পথে রাসুলুল্লাহ (সা.) সাফিয়া (রা.)-কে নিজের উটের পিঠে বসিয়ে পর্দা দিয়ে আড়াল করে দেন। এর মাধ্যমে তিনি সাফিয়া (রা.)-এর নতুন মর্যাদা ও সম্মান প্রকাশ করেন। (সহিহ বুখারি, হাদিস : ৪২০০)
উম্মুল মুমিনিন সাফিয়া (রা.)-এর সঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর সম্পর্ক ছিল ভালোবাসা, সম্মান ও আন্তরিকতায় পরিপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) তাঁর অনুভূতি ও মর্যাদার প্রতি বিশেষ যত্নশীল ছিলেন। একবার সফরকালে রাসুলুল্লাহ (সা.) তাঁর স্ত্রীদের মধ্যে সফরের বাহন ভাগ করে দিচ্ছিলেন। সাফিয়া (রা.)-এর উটটি ধীরগতির হয়ে পড়লে তিনি আয়েশা (রা.)-এর উটটি তাঁকে দিতে বললেন, যাতে তিনি সহজে সফর করতে পারেন। এ ঘটনা থেকে স্ত্রীর প্রতি রাসুলুল্লাহ (সা.)-এর মমতা ও যত্নশীলতার পরিচয় পাওয়া যায়। সাফিয়া (রা.)-এর কোনো সন্তান ছিল না। তবে তিনি শিশুদের খুব ভালোবাসতেন। তাদের আদর-যত্ন করতেন এবং সুন্দর পোশাকে সাজাতে পছন্দ করতেন। তাঁর ব্যক্তিত্বে স্নেহ, কোমলতা ও উদারতার সুন্দর সমন্বয় ছিল।
উম্মুল মুমিনিন সাফিয়া (রা.) ছিলেন জ্ঞানী ও প্রজ্ঞাবান নারী। রাসুলুল্লাহ (সা.)-এর সান্নিধ্য থেকে তিনি দ্বীনের বহু বিষয় শিখেছিলেন। তাঁর কাছ থেকে পরবর্তী সময়ে হাদিস ও বিভিন্ন ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করেছেন অনেকেই। তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা ১০টি বলে উল্লেখ করা হয়। তাঁর মাধ্যমে বর্ণিত হাদিসগুলো পরবর্তী প্রজন্মের কাছে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও শিক্ষার গুরুত্বপূর্ণ স্মারক হয়ে আছে।
সাফিয়া (রা.) ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন ও স্পষ্টভাষী। একবার তাঁর এক দাসী খলিফা হজরত উমর (রা.)-এর কাছে অভিযোগ করেন, সাফিয়া (রা.) এখনো ইহুদি রীতিনীতির প্রতি অনুরাগী এবং ইহুদিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। অভিযোগের বিষয়টি যাচাই করতে ওমর (রা.) তাঁর কাছে লোক পাঠিয়ে জানতে চান। জবাবে সাফিয়া (রা.) অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে বলেন, ‘আল্লাহ আমাকে শনিবারের পরিবর্তে জুমার দিন দান করার পর থেকে শনিবারের প্রতি আমার আর কোনো বিশেষ আকর্ষণ নেই। আর ইহুদিদের সঙ্গে সম্পর্ক রাখার কারণ হলো, তাদের মধ্যে আমার আত্মীয়স্বজন রয়েছে। তাই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি।’
হিজরি ৩৫ সালে বিদ্রোহীরা হজরত উসমান (রা.)-এর বাড়ি অবরোধ করে রাখে। তাঁর ঘরে খাবার ও পানি পৌঁছানোর পথও বন্ধ করে দেওয়া হয়। এমন কঠিন পরিস্থিতিতে সাফিয়া (রা.) তাঁর দাসীর মাধ্যমে হজরত উসমান (রা.)-এর কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তিনি হিজরি ৫০ সালে তিনি ইন্তেকাল করেন। তাঁকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলের নড়াগাতীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি, আসাদকে ৩ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ হামিদুল ইসলাম এই রায় প্রদান করেন।
রায় ঘোষণার সময় আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২১ মার্চ সকাল ৮টার দিকে ভুক্তভোগী শিশুটির বাবা ও মা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যান। এই সময় তাদের ৮ বছর বয়সী মেয়ে একা বাড়িতে ছিল।
দুপুর ১২টার দিকে প্রতিবেশী আসাদ মোল্যা শিশুটিকে একা পেয়ে ঘরের ভেতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসাদ মোল্যা পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা মহাজন বাজার এলাকা থেকে আসাদ মোল্যাকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহত অবস্থায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
শিশুটির বাবা তাজ বিশ্বাস বাদী হয়ে নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসাদ মোল্যাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
এছাড়া, জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুটিকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ