ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কেন গানে গানে বিউটি রাণীর সঙ্গে সংহতি জানাচ্ছেন দেশের শিক্ষকরা


কেন গানে গানে বিউটি রাণীর সঙ্গে সংহতি জানাচ্ছেন দেশের শিক্ষকরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা অভিনব সংহতি প্রদর্শন শুরু করেছেন। জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে’, যা চার দশক আগে প্রেমের আবহে লেখা হয়েছিল, এখন শিক্ষিকাদের প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

এই ঘটনার সূচনা হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালকে ঘিরে। গত ২৩ জুলাই, তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাঁকে ধীর পায়ে হাঁটতে দেখা যায়, সেই সঙ্গে হালকা বাতাসে শাড়ির আঁচল উড়িয়ে চলছেন তিনি। পেছনে গানটি বাজছিল ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’।

ভিডিওটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে তার পর পরই একটি ভিন্ন চিত্র দেখা যায়। দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষিকা এ গান ব্যবহার করে নিজেদের ভিডিও ফেসবুকে প্রকাশ করতে শুরু করেন। বিদ্যালয় প্রাঙ্গণ, কর্মস্থল কিংবা ব্যক্তিগত পরিবেশে ধারণ করা এসব ভিডিওর মাধ্যমে তাঁরা বিউটি রাণীর প্রতি সংহতি প্রকাশ করছেন।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকদের যুক্তি হলো, শিক্ষকের পেশা একটি পেশা হলেও, একজন শিক্ষক প্রথমে একজন মানুষ। দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত অনুভূতি, নান্দনিকতা ও সৃজনশীল প্রকাশের স্বাধীনতা আছে। সেই স্বাধীনতাকে সম্মান জানাতে তাঁরা এ উদ্যোগ গ্রহণ করেছেন।

ভিডিও পোস্ট করে মাদারীপুরের সহকারী শিক্ষিকা সামিয়া শিকদার লিখেছেন, ‘বিউটি রানী পাল ম্যাডামকে হেনস্তার চেষ্টা সফল হয়নি। আজ প্রতিটি সাহসী শিক্ষকই একেকজন বিউটি রানী পাল। আমরা মাথা নত করব না, সম্মান নিয়ে এগিয়ে যাব।’

কুমিল্লার শিক্ষিকা লায়লা নূর পিংকি জানিয়েছেন, ‘ডিজিটাল এ প্রতিবাদ প্রমাণ করে দিল যে, যেখানে অন্যায় হবে সেখানেই শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে। সমালোচনা করুন, তবে তা হোক যৌক্তিক। আজাইরা সমালোচনার ফল তো দেখলেন? হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সব শিক্ষকই বেরিয়ে এলেন। যেসব শিক্ষক কখনো ভিডিও দিতেন না, তাঁরাও সাহস করে সামনে এসেছেন। আগামীকাল থেকে আবার আমাদের শ্রেণিকক্ষে দেখা হবে।’

আরেক পোস্টে তিনি বলেছেন, ‘আজ কেন মন উদাসী হয়ে গানের ভিডিওর কারণে দেশবাসী অন্তত কিছুটা হলেও লায়লা, মামুন আর চাচাদের কটাক্ষপূর্ণ ভিডিও থেকে মুক্তি পেয়েছে। সে ক্ষেত্রে শিক্ষকরা কিছুটা হলেও ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চগড়ের শিক্ষিকা ফেরদৌস লিখেছেন, ‘এরপর শাড়ি পরেই দিব শিক্ষকের সেই ভাইরাল নাচ!’ অন্যদিকে চট্টগ্রামের মতলব বাজারের শিক্ষিকা জয়ন্তী ভৌমিক প্রশ্ন তুলেছেন, ‘শিক্ষক যদি হাসেন, সমস্যা! সাজেন, সমস্যা! পরিপাটি থাকেন, সমস্যা! ভ্রমণে যান, সমস্যা! ছবি পোস্ট করেন, সমস্যা! তাহলে কি শিক্ষক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ হওয়ার অধিকারটাও জমা দিতে হবে?’

শিক্ষকদের এ উদ্যোগকে অনেকে পেশাগত পরিচয়ের বাইরে ব্যক্তিস্বাধীনতা ও পারস্পরিক সংহতির প্রকাশ হিসেবে দেখছেন। গত দুদিনে একই গান ব্যবহার করে হাজারো ভিডিও প্রকাশ পাওয়ায় এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

জানা গেছে, ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি ১৯৮৭ সালের এক শ্রাবণে খুলনায় গীতিকার ও সুরকার আশরাফ বাবু লিখেছিলেন। দীর্ঘ সময় পর আরেকটি শ্রাবণে এসে সেই প্রেমের গানই নতুন অর্থ পেয়েছে। ভালোবাসার আবেগকে ছাপিয়ে এটি এখন শিক্ষকদের সংহতি ও প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: জনগণের বিরুদ্ধে অবৈধ সাম্রাজ্য রক্ষার দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী সেপ্টেম্বরেই বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে ফারহানকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ এম


আগামী সেপ্টেম্বরেই বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে ফারহানকে

বাংলাদেশ ফুটবলে যোগ হতে যাচ্ছে আরো একটি সম্ভাবনাময় নাম। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের ১৯ বছর বয়সী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদকে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই জাতীয় দলে দেখা যেতে পারে। যদি সব প্রক্রিয়া পরিকল্পনামাফিক এগোয়, তাহলে লাল-সবুজ জার্সিতে তার অভিষেক শুধু সময়ের ব্যাপার। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপেও তার খেলার সম্ভাবনা খুবই উজ্জ্বল।

সম্প্রতি নরউইচ সিটির বিপক্ষে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহ্যামের মূল দলের হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নজর কাড়েন ফারহান। বাঁ প্রান্ত থেকে তার গতিময় দৌড়, ড্রিবলিং এবং বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষককে কঠিন পরীক্ষায় ফেলেছে। যদিও দল ২-০ গোলে হারলেও, নিজের পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় উঠে আসেন এই তরুণ।

ফারহানের জন্ম হয় ২০০৬ সালে ইংল্যান্ডে, তবে তার পারিবারিক শিকড় সিলেটে। বাংলাদেশ দলে খেলানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজ প্রায় শেষ করেছে বাফুফে। জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে, এবং এখন বাকি আছে বাংলাদেশি পাসপোর্টের বায়োমেট্রিক এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, তারা সেপ্টেম্বর উইন্ডোতেই ফারহানকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী। ফুলহ্যামের একাডেমিতে বেড়ে ওঠা এই উইঙ্গার মূল দলে সুযোগ পেলে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে প্রিমিয়ার লিগে খেলার ইতিহাস গড়বেন।

এদিকে, ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকেও জাতীয় দলে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। বাফুফে সেপ্টেম্বরে সম্ভাব্য চারজাতি টুর্নামেন্টে একাধিক প্রবাসী ফুটবলারের অভিষেক ঘটিয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নিউইয়র্কে আসবোই’, মামদানিকে পাল্টা জবাব নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ এম


‘নিউইয়র্কে আসবোই’, মামদানিকে পাল্টা জবাব নেতানিয়াহুর

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বিরোধিতা সত্ত্বেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে মামদানি শহরে বিভাজন, ঘৃণা এবং ইহুদিবিদ্বেষ ছড়াচ্ছেন। রবিবার ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচার্স’ অনুষ্ঠানে মারিয়া বার্তিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, 'মামদানির উদ্দ্যেশে আমার জবাব হলো, আমি নিউইয়র্কে যাব। আমি জাতিসংঘের মঞ্চ থেকে সত্য তুলে ধরব। আমি ইসরায়েলের পক্ষে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের পক্ষে কথা বলব।' নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী মন্তব্য করে বলেন, নিউইয়র্ক সিটিতে তিনি স্বাগত নন। নেতানিয়াহু তার জবাবে অভিযোগ করেন যে মামদানি হামাসের প্রতি সমর্থন দেখাচ্ছেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনাকে পরোক্ষভাবে সমর্থন করছেন। নেতানিয়াহুর দাবি হলো, মামদানির স্ত্রী ও তার পরিবারের সদস্যরা ৭ অক্টোবরের হামলাকে উদ্‌যাপন করেছিলেন। তিনি হামলার বর্ণনা দেন এবং বলেন যে এটি ছিল হলোকাস্টের পর ইহুদিদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড। তিনি আরো জানান, 'হামাস আমাদের নারীদের ধর্ষণ করেছে, অনেককে হত্যা করেছে, শিশুদের জীবন্ত পুড়িয়ে মেরেছে এবং ২৫১ জন নিরীহ মানুষকে জিম্মি করেছে। মামদানি তাদেরই সমর্থন করছেন।' যদিও তিনি এসব অভিযোগের কোন প্রমাণ উপস্থিত করেননি। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে। কিন্তু নেতানিয়াহু দাবী করেন, গণহত্যার জন্য হামাসই দায়ী। তার বক্তব্য, হামাসের লক্ষ্যই হলো ইসরায়েল এবং ইহুদিদের ধ্বংস করা। তিনি বলেন, 'তারা সুযোগ পেলে ইসরায়েলের প্রতিটি ইহুদিকে হত্যা করত। তাই গণহত্যার অভিযোগ হামাসের বিরুদ্ধেই প্রযোজ্য।' তিনি বলেন, হামাস সাধারণ জনগণের মধ্যে অবস্থান নিয়ে তাদের নিরাপদ স্থানে যেতে বাধা দেয়। এটি সাধারণ মানুষের প্রাণহানির জন্যও হামাসের দায়। নেতানিয়াহু নিউইয়র্ক সিটির নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, আগের মেয়ররা সব সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু বর্তমান মেয়র মানুষকে বিভক্ত করছেন। তার মতে, একজন মেয়রের দায়িত্ব হলো শহরের সব মানুষের প্রতিনিধি হওয়া। ইহুদি, মুসলিম, খ্রিস্টান—সবার জন্য সমানভাবে কাজ করা। কিন্তু মামদানি এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন। নেতানিয়াহুর মতে, মামদানির বক্তব্যের কারণে নিউইয়র্কের ইহুদি বাসিন্দাদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি জানান, 'আমি নিউইয়র্কের অনেক ইহুদি-আমেরিকানের সঙ্গে কথা বলি। তারা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।' সাক্ষাৎকারে নেতানিয়াহু নিউইয়র্কের একটি সিনাগগের বাইরে সাম্প্রতিক হামলার ঘটনাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইসরায়েল এবং তার বিরুদ্ধে মামদানির বক্তব্যের পরদিনই ওই হামলা ঘটে। তিনি বলেন, “আমি মনে করি না এটি কাকতালীয় ঘটনা। একজন ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করতে করতে এক ইহুদিকে ছুরিকাঘাত করেছে। এটি লজ্জাজনক এবং নিউইয়র্কের জন্যও খারাপ।” সিএনএনের প্রতিবেদনে জানা যায়, ৫১ বছর বয়সী রাউল মোরালেস নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ হিসেবে দ্বিতীয় ডিগ্রির হত্যা-চেষ্টার দুটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুসারে, গত বৃহস্পতিবার, ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে তিনি প্রথমে ৫৭ বছর বয়সী এক এশীয় ব্যক্তির পেছন থেকে এসে 'আল্লাহু আকবার' বলে চিৎকার করেন এবং তাকে ছুরিকাঘাত করেন। এর কিছু সময় পরে, ঘটনাস্থল থেকে চার ব্লক দূরে একটি সিনাগগ থেকে বের হওয়া কিপ্পাহ পরা এক ইহুদি ব্যক্তির বুকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করেন বলেও প্রসিকিউটরদের অভিযোগ। নেতানিয়াহু বলেন, নিউইয়র্ক সিটির রাজনৈতিক বিরোধিতা তাকে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে বাধা দেয়া যাবে না। তিনি বলেন, 'আমি এই শরতে নিউইয়র্কে যাব এবং বিশ্বমঞ্চে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের জোটের পক্ষে কথা বলব।' উল্লেখ্য, গত বুধবার জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানান। তিনি বলেন, 'বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটিতে স্বাগত নন। শুধু তিনিই নন, কোনো অভিযুক্ত যুদ্ধাপোরাধীরই এখানে অবাধে চলাফেরা করা উচিত নয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তার গ্রেপ্তার হওয়া এবং বিচার হওয়া উচিত।' কিছুদিন আগে 'নিউইয়র্ক টাইমস'কে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে শহরের আইনি ক্ষমতার সীমা কী, তা নিয়ে তার প্রশাসন নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশাল মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ এম


মশাল মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের চান্দগাঁওয়ে মশাল মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৩ কর্মীকে পুলিশ আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১০টি মশাল এবং একটি ব্যানার জব্দ করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার রাতের দিকে চান্দগাঁও থানা এলাকায় মশাল মিছিল করার জন্য ওই ১৩ ব্যক্তি একত্রিত হয়েছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া কর্মীরা হলেন মোরশেদ আলম (৩৫), আয়াতুর রহমান হামিম (২০), সামি উদ্দিন (১৯), সাজ্জাদুল ইসলাম (২১), আরিফুর রহমান (২৮), দিদারুল ইসলাম বাবু (২৮), মাঈনুদ্দিন (৩৮), আজগর হোসেন (২৪), জাবেদুল ইসলাম (২৪), জুনাইদ হাসনাত ইফতি (১৯), সাজ্জাদ হোসেন (২৬), জিয়াউল হক রুবেল (২৭) এবং সাইফুদ্দিন (২২)।

ওসি জসিম উদ্দিন আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়া শেষ করে তাদের মহানগর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা বলেন, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৩ এম


এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিমান হামলা বন্ধ করার প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইরান। তবে তেহরান এই বিরতিকে স্থায়ী যুদ্ধবিরতি হিসেবে বিবেচনা না করে, যথেষ্ট সংশয় প্রকাশ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই বিষয়ে জানান, যুক্তরাষ্ট্র পূর্বে কূটনীতি নিয়ে বিশ্বাসঘাতকতা করলেও বর্তমানে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ রাত হামলা চালানোর পর, গত শুক্রবার (২৪ জুলাই) রাতে পেন্টাগন অভিযান স্থগিত করার ঘোষণা দেয়। এরপর থেকে ঐ সময়টাতে মার্কিন নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। একই সাথে, ইরানও পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা চালায়নি।

নাম প্রকাশ না করার শর্তে, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমাদের অবস্থান একদম স্পষ্ট—হামলার জবাব হবে হামলায়। হামলা বন্ধ থাকলে ইরানও হামলা বন্ধ রাখবে। এই বার্তা ইতিমধ্যে ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে।’

জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, মূলত কূটনীতির সুযোগ তৈরি করার জন্য ট্রাম্প প্রশাসন সামরিক অভিযানকে সাময়িকভাবে স্থগিত করেছে। তবে মার্কিন প্রশাসনের অন্য এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে, টানা দুই সপ্তাহের অভিযান পরিকল্পনা অনুযায়ী ইরানের বেশিরভাগ নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব হয়েছে। একই সময়ে, মধ্যপ্রাচ্যে গোলাবারুদ এবং অস্ত্র সঞ্চয় কমে আসায়, পরবর্তী বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কৌশলী কৌশল হিসেবে দেখছেন তেহরানের বিশ্লেষকেরা। তেহরানের সূত্রের দাবি, সাধারণ নাগরিক এবং প্রশাসনের অনেকের মধ্যেই স্থায়ী সমাধানের বদলে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। হরমুজ প্রণালির এই চলমান সামরিক টানাপোড়েনে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে ব্যাপক অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%