ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ইবিতে সর্বনিম্ন ফলধারী ফিরোজা নাজনীন শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন


ইবিতে সর্বনিম্ন ফলধারী ফিরোজা নাজনীন শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে সর্বনিম্ন এ্যাকাডেমিক ফলধারী একজন প্রার্থী নিয়োগ পাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। নিয়োগ বোর্ডের অংশগ্রহণকারী ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭ প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ফলধারী প্রার্থী ফিরোজা নাজনীন। তিনি বিএনপিপন্থি শিক্ষক সংগঠন জিয়া পরিষদের সাহিত্য, সাংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক এবং একই বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আইসিটি বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির ভিত্তিতে ৭ জন প্রার্থী আবেদন করেন। পরে তারা সবাই নিয়োগ বোর্ডে অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে, ভাইভা থেকে বাদ দিয়ে এ্যাকাডেমিক বিষয়ে সর্বনিম্ন ফলধারী প্রার্থী ফিরোজা নাজনীনকে গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু, গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে এক সিন্ডিকেট সদস্যের আপত্তির প্রেক্ষিতে ঘটনা খতিয়ে দেখতে চান ইবি ভিসি। এরপর প্রার্থীর বিতর্কিত নিয়োগ নিয়ে বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। ফলে, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিষয়টি খতিয়ে দেখতে ওই প্রার্থীর পূর্ববর্তী এ্যাকাডেমিক ফলাফল যাচাইয়ে তিন সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেন। পরে কমিটি যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেয়। তবে গুঞ্জন উঠেছে যে, রোববার (১ নভেম্বর) সিন্ডিকেটে বিতর্কিত ও সর্বনিম্ন ফলধারী ওই প্রার্থী নিয়োগ পেতে চলেছেন।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, বিতর্কিত নিয়োগের প্রার্থী ফিরোজা নাজনীন ৭ প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ফলধারী। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফিরোজা নাজনীন ১টি রিটেক ও ৩টি মানোন্নয়ন পরীক্ষার পর স্নাতকে ৩.৫৯ এবং স্নাতকোত্তরে ৩.৬৪ সিজিপিএ অর্জন করেন। তার এইচএসসিতে জিপিএ ৪.৮০ এবং এসএসসিতে জিপিএ ৫.০০ ছিল। অন্যদিকে, আরেক প্রার্থী আবু রোম্মান রিফাত ইবির আইসিটি বিভাগ থেকে স্নাতকে ৩.৭৮ এবং স্নাতকোত্তরে ৩.৯১ সিজিপিএ অর্জন করেন। এছাড়া, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তিনি জিপিএ ৫ লাভ করেন।

আরও পড়ুন: বেরোবি ব্লাড অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শাহ পরান ও শাফায়েত হোসেন শুভ

আরেক প্রার্থী খন্দকার তাসনিয়া হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকে ৩.৯২ এবং স্নাতকোত্তরে ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তার ফলাফল জিপিএ ৫। প্রার্থী রাকিবুল ইসলাম-(১) ইবির আইসিটি বিভাগ থেকে স্নাতকে ৩.৬৯ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তারও ফলাফল জিপিএ ৫। অন্য প্রার্থী রাকিবুল ইসলাম-২ একই বিভাগ থেকে স্নাতকে ৩.৯৫ সিজিপিএ পেয়ে অনুষদে প্রথম স্থান অর্জন করেন। স্নাতকোত্তরে তার সিজিপিএ ৩.৮৮। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তিনিও জিপিএ ৫ পেয়েছেন।

আইসিটি বিভাগের আরেক সাবেক শিক্ষার্থী শারমীন তাজরিয়া অনন্যা স্নাতকে ৩.৬৪ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। তারও এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফল জিপিএ ৫। মাসুদ রানা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্নাতকে ৩.৭২ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। তার এসএসসিতে জিপিএ ৪.৬৯ এবং এইচএসসিতে জিপিএ ৪.৫০।

৭ প্রার্থীর ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সব প্রার্থীর মধ্যে এ্যাকাডেমিক ফলাফলে ফিরোজা নাজনীন সর্বনিম্ন অবস্থানে রয়েছেন। এছাড়া, বাকি প্রার্থীদের থিসিস থাকলেও, নন থিসিসের শিক্ষার্থী ছিলেন তিনি।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সময়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ফিরোজা নাজনীন। ওই পরীক্ষায় ১০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বলে জানা গেছে। তবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের প্রশাসনের প্রথম নিয়োগপ্রক্রিয়ায় আইসিটি বিভাগে তিনি প্রথম স্থান অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভিন্ন দুটি বিভাগের নিয়োগ পরীক্ষায় তার ফলাফলের এই পার্থক্য নিয়েও প্রশ্ন উঠেছে। তবে রোববার (১ নভেম্বর) সিন্ডিকেট সভায় প্রায় সাড়ে ৪ মাস থেকে ঝুলন্ত থাকা নিয়োগের ফাইনাল সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক কর্মশালা

এ বিষয়ে জানার জন্য ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রোকসানা মিলি সাংবাদিকদের বলেন, "আমরা ফ্যাক্টস ফাইন্ডিং করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবেন।"

এ বিষয়ে জানতে চাইতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত জুলাই মাসে বিএনপিপন্থি শিক্ষক সংগঠনের সাহিত্য, সাংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ও আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা নাজনীনের বিতর্কিত নিয়োগ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এ সময় বিভাগে টেম্পারিং করে স্ত্রীর ফলাফল বৃদ্ধি, পরপর দুইবার পরীক্ষা কমিটির সভাপতি, নিয়োগ বোর্ডের আগে এক্সপার্টের সঙ্গে আবাসিক হোটেলে প্রার্থীর স্বামীর সাক্ষাৎ ও সাংবাদিক ম্যানেজসহ নানা অভিযোগ উঠে।

আরও পড়ুন: বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণিপুরে জাতিগত সহিংসতায় নিহত ৫, বহু মানুষ বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


মণিপুরে জাতিগত সহিংসতায় নিহত ৫, বহু মানুষ বাস্তুচ্যুত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সম্প্রতি নতুন করে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতার কারণে দুটি আলাদা ঘটনার মধ্যে পাঁচজন নিহত হওয়ার খবর রোববার পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার রাজ্যের নোনি জেলায় অজ্ঞাত পরিচয় সশস্ত্র দুষ্কৃতীদের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে কুকি আদিবাসী সম্প্রদায়ের তিনজন পুরুষ প্রাণ হারান।

একটি দ্বিতীয় পুলিশি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও দুজন পুরুষের মৃতদেহ কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়েছে, যা নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের ফলস্বরূপ।

কুকি আদিবাসীদের একটি শীর্ষ সংগঠন এই হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। সংগঠনের মতে, এটি কুকিদের ওপর একটি প্রত্যক্ষ ও উসকানিমুক্ত হামলা, যা তাদের জন্মভূমিতে সংঘটিত হয়েছে।

রাজধানী ইম্ফলসহ অন্যান্য স্থানে যখন লাখ লাখ মানুষের উপস্থিতিতে ব্যাপক গণবিক্ষোভ চলছিল, তখনই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবি তুলেছে।

উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে নিজেদের জাতিগত ভূখণ্ডের স্বাধিকার ও দাবি নিয়ে মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি ও নাগা উপজাতিদের মধ্যে বিরোধ ও সংঘাতের ইতিহাস দীর্ঘকাল ধরে চলে আসছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকি সম্প্রদায়ের কিছু পুরুষ কর্তৃক এক নাগা ব্যক্তিকে মারধরের অভিযোগে নতুন করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

পরবর্তীতে মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে কুকি সম্প্রদায়ের তিনজন যাজক নিহত হলে দুই পক্ষের মধ্যে প্রতিশোধমূলক অপহরণ ও পারস্পরিক হত্যাকাণ্ডের একটি সিরিজ শুরু হয়।

নতুন করে শুরু হওয়া এই কুকি-নাগা সংঘর্ষ মণিপুরের বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে অর্থনৈতিক সুবিধা ও সরকারি চাকরির কোটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ‘মেইতেই’ সম্প্রদায়ের সঙ্গেও কুকি সম্প্রদায়ের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

দীর্ঘদিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৬০,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ ৪ জন আটক

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

সাব্বির আলম সুজন আরো উল্লেখ করেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ধীর গতির বোলিংয়ের জন্য জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ধীর গতির বোলিংয়ের জন্য জরিমানা

পাকিস্তানে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ধীর গতির বোলিংয়ের কারণে জরিমানা করা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে।

এই তথ্যটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা নির্ধারিত সময়ের মধ্যে তাদের বোলিং কোটা সম্পন্ন করতে পারেনি। লঙ্কান দলের বোলিংয়ে এক ওভার অতিরিক্ত সময় লেগেছে। এই কারণে, শ্রীলঙ্কার প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন।

অভিযোগের ভিত্তিতে শ্রীলঙ্কাকে জরিমানা আরোপ করেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।

শাস্তির বিষয়ে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসের সম্মতি থাকায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসিকের এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শনে প্রশাসক রিটন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


রাসিকের এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শনে প্রশাসক রিটন

রাজশাহী মহানগরীর নওদাপাড়া সিটি হাট সংলগ্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত এ্যাসফল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রবিবার (১ নভেম্বর) দুপুরে তিনি প্লান্টটি পরিদর্শন করেন। এ সময় প্লান্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন ও নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%