০৭:৩৪ এম
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন একটি রেনেসাঁর সূচনা ঘটেছে। তিনি বলেছেন, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যদি একত্রে কাজ করে, তবে পর্যটন খাতে জিডিপি প্রবৃদ্ধি ৭ থেকে ৮ শতাংশ অর্জন করা সম্ভব হবে।
আজ (সোমবার) সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে পর্যটন উন্নয়ন বিষয়ে মন্ত্রী পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন। সভার শুরুতে, তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ফুল দিয়ে স্বাগত জানান।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, বিগত ২২-২৩ বছরের অন্ধকার যুগের অবসানের পর, প্রধানমন্ত্রী নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নির্বাচনী ইশতেহারের আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় একত্রে কাজ করলে দেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ব্র্যান্ডিং করে প্রতিষ্ঠিত করা যাবে। তিনি মালদ্বীপ, শ্রীলংকা, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো দেশগুলোর উদাহরণ দিয়ে জানান যে, পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশও উন্নতি করতে পারে।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
নিতাই রায় বলেন, আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ ও সাংস্কৃতিক ঐতিহ্যগত স্থাপনাগুলোর প্রচার ও প্রসারের মাধ্যমে পর্যটকবান্ধব পরিবেশ তৈরি করতে হবে।
পর্যটনমন্ত্রী বলেন, দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করে ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো বাছাই করে পর্যটকদের আকৃষ্ট করতে হবে। এ বিষয়ে তিনি পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষর ও যৌথ কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, উভয় মন্ত্রণালয় যদি যৌথভাবে কাজ করে, তবে পর্যটন থেকে জিডিপি প্রবৃদ্ধি ৭ থেকে ৮ শতাংশ অর্জন করা সম্ভব, যা বর্তমানে ২ থেকে ৩ শতাংশ। তিনি পর্যটন খাতের বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
এর আগে, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘আনলকিং বাংলাদেশি’স ক্রিয়েটিভ ইকোনমি থ্রু কালচারাল টুরিজম’ শিরোনামে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন