মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১১:১৯ পি.এম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, যাতে অতীতের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকানো যায়।
তিনি উল্লেখ করেন, যে ফ্যাসিবাদকে একত্রে পরাজিত করা হয়েছিল, তা যদি আবার ফিরে আসার আশঙ্কা দেখা দেয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে।
আজ জাতীয় সংসদে পাবনা-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুসারে আনীত প্রস্তাবের (সাধারণ) ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
আন্দালিভ রহমান বলেন, জাতীয় সংকটের সময়ে রাজনৈতিক বিভাজন ও পারস্পরিক বিরোধের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিরোধী দলের জন্য সরকারের সমালোচনা করার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে জাতীয় সংকট মোকাবিলায় সকলের পূর্ণ মনোযোগ ও সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের শাসনামলে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। এই সময়ে অর্থ পাচার, ব্যাংক খাতে লুটপাট ও দুর্নীতির কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ আমলে এস আলম ও সালমান এফ রহমানের মতো ব্যক্তিদের অর্থ লুটপাটের কারণে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকায় পৌঁছেছে।
তিনি মন্তব্য করেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমলেও বাংলাদেশের অর্থনীতির এতটা ক্ষতি হয়নি, যতটা গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পানগাঁও উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন বসুন্ধরা রিভারভিউ, কোন্ডা, আইন্তা, বীরবাঘের, মঠবাড়ী ও হাজারীবাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আলুকান্দা অভিযোগ কেন্দ্রের আওতাধীন নতুন বক্তারচর, পুরাতন বাক্তারচর, কোন্ডারচর, খুনেরচর, মধ্যেরচর, ডিসি প্রজেক্ট ও মোল্লাবাজার এবং কোন্ডা অভিযোগ কেন্দ্রের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, কাজিরগাঁও, ব্রাহ্মণগাঁও, কাউটাইল, কান্দাপাড়া, জাজিরা, সাধুরবাজার, অষ্টদোনা, বিবিরবাজার, কোন্ডা, পূর্ব জাজিরা, দক্ষিণ বাঘের ও ঘোনাকোন্ডা এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজ শেষে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার উদ্দেশ্যে গ্লোবাল শিল্ড কর্মসূচির অধীনে বাংলাদেশ প্রায় ৪১৫ কোটি টাকা অনুদান পেতে যাচ্ছে। এই অর্থ জলবায়ু ঝুঁকির তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, জলবায়ু বীমা এবং আর্থিক সুরক্ষাব্যবস্থা উন্নত করার জন্য ব্যয় করা হবে। প্রাথমিক পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে, পরবর্তীতে প্রায় ২৫০ কোটি টাকা অতিরিক্ত সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা ড. সাইমুম পারভেজ এ তথ্য প্রকাশ করেন।
ড. সাইমুম পারভেজ উল্লেখ করেন, গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে এই অনুদান পেতে যাচ্ছে। এর আগে প্রায় তিন কোটি মার্কিন ডলারের অনুদানের বিষয়টি চূড়ান্ত করা হয়েছিল। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আবেদনের ভিত্তিতে বাংলাদেশ এই সহায়তা গ্রহণ করছে।
তিনি আরও জানান, অনুদানের অর্থ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবেলার জন্য ব্যবহার করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিগুলো চিহ্নিত করা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং ক্ষতিগ্রস্ত জনগণের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু বীমা ও অন্যান্য আর্থিক সুরক্ষাব্যবস্থার মাধ্যমে এই সহায়তার সুফল ঝুঁকিপূর্ণ জনগণের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে, পরবর্তীতে প্রায় ২৫০ কোটি টাকা অতিরিক্ত সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে।
এ অনুদান পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূমিকা তুলে ধরেন ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, সরকারের উদ্যোগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের পাবনায় নেশার টাকা না পাওয়ার কারণে অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী খাতুনকে (৩৮) গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জহুরুল ইসলামের বিরুদ্ধে।
এটি ঘটেছে মঙ্গলবার ভোরে ফরিদপুর উপজেলার এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামে। নিহত শিল্পী খাতুন ওই গ্রামের বাহাদুর আলীর মেয়ে এবং অভিযুক্ত জহুরুল একই গ্রামের কালু প্রামাণিকের ছেলে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঞ্জুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও থানার পুলিশ জানায়, প্রায় ২১ বছর আগে জহুরুল ইসলামের সঙ্গে শিল্পী খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। ১৩ বছর পর, স্ত্রীকে না জানিয়ে জহুরুল ঢাকার সাভারে দ্বিতীয় বিয়ে করেন এবং বেশিরভাগ সময় সেখানে থাকতেন। গত ১২ নভেম্বর, তিনি প্রথম স্ত্রী শিল্পী খাতুনের সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন। ঘটনার দিন ভোর সাড়ে ৫টার দিকে স্ত্রীর কাছে নেশার টাকা চাইলে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শিল্পীকে মারধর করে গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মোঞ্জুরুল হাসান মাসুদ বলেন, ‘নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী জহুরুল স্ত্রী শিল্পীকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল পলাতক রয়েছেন।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিজানুর রহমান সাহিদ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত ৭টা ৫০ মিনিটে বরিশাল নগরীর কোতোয়ালী মডেল থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের ভাটারখাল এলাকায় মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন বিআইডব্লিউটিএর বরিশাল ড্রেজার বেইজের প্রধান ফটকের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের অভিযানকালে গ্রেফতারকৃত মোঃ মিজানুর রহমান সাহিদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয় এবং তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
গ্রেফতারকৃত মোঃ মিজানুর রহমান সাহিদ বরগুনা জেলার বেতাগী থানাধীন মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আমজাদ হোসেন মল্লিক ও মৃত জুরিনা খাতুনের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে এ মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বরিশাল নগরীতে গোয়েন্দা পুলিশের এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটের ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ