ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

মেয়ের বিয়ের বাকি এক সপ্তাহ, হঠাৎ এলো প্রবাসী বাবার মৃত্যুর খবর


মেয়ের বিয়ের বাকি এক সপ্তাহ, হঠাৎ এলো প্রবাসী বাবার মৃত্যুর খবর

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে মেয়ের বিয়ের মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। বাড়িতে চলছে কেনাকাটা এবং অন্যান্য প্রস্তুতি। এর মধ্যেই ওমান থেকে বাবার মৃত্যুর খবর এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোহাম্মদ আজমির উদ্দিন স্ট্রোক করে মারা গেছেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান।

আজমির উদ্দিন হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বান্দাখালী গ্রামের মৃত নবির উদ্দিনের পুত্র। পাঁচ বছর আগে তিনি পরিবারের ভাগ্য পরিবর্তন এবং সন্তানদের ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে ওমানে পাড়ি জমান। সেখানে তিনি জেলে হিসেবে কর্মরত ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন প্রক্রিয়ায় ২০২৪ সালের বাদপড়া ব্যক্তিরা অগ্রাধিকার চান

ওমানে অবস্থানরত প্রবাসী রাজু উদ্দিন জানান, বসে থাকা অবস্থায় হঠাৎ পড়ে যান আজমির উদ্দিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মো. সমির উদ্দিন জানান, আজমির উদ্দিনের বড় মেয়ে নিপা আক্তারের বিয়ে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বাড়িতে কেনাকাটা এবং প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল। তার মৃত্যুর খবর শুনে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিঝুমদ্বীপের বাসিন্দা কেফায়েত হোসেন নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, পরিবারের চাহিদা অনুযায়ী মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ: পাকিস্তান-সংযোগের সন্দেহে মহকদীপ ও দবিন্দর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ: পাকিস্তান-সংযোগের সন্দেহে মহকদীপ ও দবিন্দর গ্রেপ্তার

ভারতের রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় ৩ নভেম্বর রেললাইনে বিস্ফোরণের ঘটনায় রাজস্থানের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) পাঞ্জাবের ২১ বছর বয়সী এক তরুণী এবং ২২ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা অভিযুক্তদের পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে সন্দেহভাজন যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহকদীপ কৌর ও দবিন্দর সিং। উভয়েই পাঞ্জাবের গুরুদাসপুর জেলার বাসিন্দা। রাজস্থান পুলিশের সহায়তায় পাঞ্জাব পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ভারতীয় তদন্তকারীরা সন্দেহ করছেন যে, এই দুজন পাকিস্তানভিত্তিক ‘চাচা’ ও ‘শাহ’ নামে পরিচিত দুই হ্যান্ডলারের নির্দেশে কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে অভিযোগ করা হয়েছে যে, অনলাইনে কথোপকথন ও আর্থিক প্রলোভনের মাধ্যমে মহকদীপ কৌরকে তাদের সঙ্গে যুক্ত করা হয়েছিল। তবে এসব সন্দেহভাজন যোগাযোগ ও অভিযোগ এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।

এ ঘটনায় পুলিশ আরও তিন সন্দেহভাজনকে আটক করেছে। তারা অভিযুক্তদের আবাসন ও যাতায়াতসহ অন্যান্য লজিস্টিক সহায়তা দিয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তরা যে হোটেলে অবস্থান করেছিলেন, সেই হোটেলের মালিকও এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

অভিযান চলাকালে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬ রাউন্ড কার্তুজ এবং নগদ ৩০ হাজার রুপি উদ্ধার করেছে। তদন্তকারীরা পাকিস্তান থেকে সন্দেহভাজন অর্থ লেনদেন এবং বিস্ফোরণে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন।

শ্রী গঙ্গানগর জেলার ৫০ জিবি গ্রামের কাছে অনুপগড়-সুরতগড় রেললাইনে গত ৩ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে। এতে রেললাইনের নিচে থাকা সিমেন্ট ও স্টিলের দুটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয় এবং লাইনের মাঝখানে প্রায় আড়াই ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের গ্রামের বাসিন্দারা পুলিশ ও রেল কর্তৃপক্ষকে খবর দেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সেকশনে ট্রেন চলাচল স্থগিত করা হয়, যার ফলে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছিল।

জানা গেছে, বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে ওই পথ দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন অতিক্রম করেছিল। বড় ধরনের কোনো ট্রেন দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে রেললাইনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উত্তর-পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা অমিত সুদর্শন নিশ্চিত করেছেন, মেরামত কাজ ও নিরাপত্তা পরিদর্শনের পর গত ৫ নভেম্বর ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর রামসিংপুর থানা পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে।

বিকানের রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ মেঘওয়াল জানিয়েছেন, বিস্ফোরণের সময়ের আশপাশে ঘটনাস্থলের কাছে সক্রিয় থাকা মোবাইল ফোন নম্বরগুলো বিশ্লেষণ করেছেন তদন্তকারীরা। এছাড়া ঘটনার আগে ও পরে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের গতিবিধি শনাক্ত করতে রামসিংপুর এবং আশপাশের গ্রামের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হয়েছে।

প্রযুক্তিগত প্রমাণ ও অন্যান্য সূত্রের ওপর ভিত্তি করে তদন্তকারীরা গুরুদাসপুরে পৌঁছান এবং সেখান থেকে প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন। বিস্ফোরণের আগে অভিযুক্তরা ওই রেলপথ এলাকা রেকি (পর্যবেক্ষণ) করেছিলেন কি না এবং এই হামলার পরিকল্পনা বা বাস্তবায়নে আরও কেউ সহায়তা করেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজ’-এর ব্যানারে মিরপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও মার্কেট দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজ’-এর ব্যানারে মিরপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও মার্কেট দখলের অভিযোগ

রাজধানীর মিরপুর-১ নম্বরসংলগ্ন দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনসহ পাঁচতলা ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে। ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজ’-এর ব্যানারে এই দখল করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার পরিবার।

তাদের অভিযোগ হলো, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর কিছু সুবিধাভোগী ব্যক্তি প্রতিষ্ঠানটি জবরদখল করে মার্কেটের অর্থ আত্মসাৎ করে চলেছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সাবেক সভাপতি ও সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং হয়রানি করা হচ্ছে।

আজ রবিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সভাপতি রুনু আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকতের বোন আনোয়ারা খাতুন।

আনোয়ারা খাতুন দাবি করেন, ২০২৪ সালের ২৩ আগস্ট বিদ্যালয় চলাকালে সকাল ১১টায় একদল সুবিধাভোগী নিরাপত্তাকর্মীকে মারধর করে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় দিয়ে কয়েকজন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যদের ওপর হামলা, মারধর, গালাগাল এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সবাইকে বের করে দেয়।

অমিত হাসান, রিফাতুল হক শাওন, মাসুদ রানা, সানজিদ হোসেন, সাদমান হোসেন, আসমা আক্তার পপি, আসাদ কামাল পিটার, বুশরা বিনতে বরকত ও এম এ আরজুসহ বেশ কয়েকজন এ ঘটনায় জড়িত বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

আনোয়ারা খাতুনের দাবি, ঘটনার পর প্রতিষ্ঠানের ৪৮ জন সম্মানিত সদস্যকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে নতুন একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আসমা আক্তার পপিকে সভাপতি এবং আসাদ কামাল পিটারকে শিক্ষা সম্পাদক করা হয়েছে। অথচ তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০২৪ সালের ২৩ আগস্ট পর্যন্ত কখনো সদস্যই ছিলেন না। এছাড়া নতুন কমিটিতে অনেকের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আসমা আক্তার পপি, যিনি বর্তমান কমিটির সভাপতি। তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনের অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার স্বামী কামাল হোসেন বরকত। তার ওয়ারিশ সূত্রে এখানের সভাপতি আমি। ওয়ারিশ হলে স্থায়ী সদস্যের প্রয়োজন হয় না।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অবৈধভাবে দখলের পর দোকানমালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ভাড়ার টাকা আদায় করে আত্মসাৎ করা হচ্ছে। স্কুলের কয়েকটি কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

রুনু আক্তার বলেছেন, ‘বর্তমানে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। বৈধ কাগজপত্র ও দীর্ঘদিনের সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি করে অর্থ আত্মসাৎ করছে। সম্মানিত সদস্যদের হুমকি-দমকি দিচ্ছেন। তাই এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার নিরপেক্ষ তদন্ত, মার্কেটের ভাড়া আদায়ের হিসাব প্রকাশ এবং প্রতিষ্ঠানটি পূর্বের বৈধ পরিচালনা পর্ষদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।’

শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় সাধারাণ ডায়েরি (জিডি) করার জন্য গেলেও কোন সহযোগিতা পাননি বলে দাবি করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত সদস্যরা। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে থানা পুলিশ জানায়, দুই পক্ষের বিরোধ নিয়ে কাজ চলছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, ‘এবিষয়টি সম্পর্কে আমি জানি না। বৈষম্যবিরোধী ছাত্র সমাজ নামে কোনো সংগঠন নেই। যেহেতু আমি এবিষয়ে অবগত নই এবং জড়িতদের চিনতে পারছি না, তাই এবিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরানো হলো আনসারের ডিজিকে, নতুন দায়িত্বে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


সরানো হলো আনসারের ডিজিকে, নতুন দায়িত্বে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

নতুন দায়িত্ব হিসেবে মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। এই তথ্য রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে প্রকাশ করা হয়।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিংয়ে পরিচালকের যৌন হেনস্তার শিকার স্বরা ভাস্কর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


শুটিংয়ে পরিচালকের যৌন হেনস্তার শিকার স্বরা ভাস্কর

শুটিং সেটে অভিনেত্রীদের যৌন হেনস্তার ঘটনা প্রায়শই আলোচনায় উঠে আসে। এবার বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের একটি তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। ২০১১ সালে একটি সিনেমার শুটিং চলাকালীন তিনি পরিচালকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। তবে সেই সময় ঘটনাটিকে যৌন হেনস্তা হিসেবে তিনি বুঝতে পারেননি। বহু বছর পর ‘মিটু’ আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে তিনি নিজের ঘটনার প্রকৃত অর্থ উপলব্ধি করেন।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা তার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অভিনেত্রী জানান, ২০১১ সালে মধ্যপ্রদেশের পাচমাড়িতে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার আউটডোর শুটিং চলাকালে পরিচালক তাকে যৌন হেনস্তা করেন। তবে অভিযুক্ত ব্যক্তি তাকে শারীরিকভাবে স্পর্শ না করায় তখন বিষয়টির গুরুত্ব তিনি বুঝতে পারেননি।

স্বরা সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, ‘ঘটনাটি যখন ঘটছিল তখন আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলে সেটা বুঝতেই পারিনি। কারণ ওই ব্যক্তি তো আমাকে একফোঁটাও স্পর্শ করেননি।’ অভিনেত্রীর মতে, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই শারীরিক নির্যাতন কিংবা জোরপূর্বক শারীরিক সম্পর্ক নয়। মৌখিক আচরণসহ বিভিন্নভাবেও একজন নারীকে হেনস্তার শিকার হতে হয়। সেই সময়ের পরিস্থিতির কথা মনে করলে এখনো তিনি অস্বস্তি বোধ করেন।

বিশেষ করে ‘মিটু’ আন্দোলনের সময় যখন একের পর এক নারী কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন, তখন স্বরা নিজের অতীতের ঘটনাটিও নতুন করে বুঝতে সক্ষম হন। তার ভাষায়, ‘তখন আমার মনে হয়েছিল, হে ভগবান! এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’

‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয়ের সময় ঘটনাটি ঘটেছিল। তখন বলিউডে নিজের অবস্থান তৈরি করার কঠিন লড়াইয়ে ব্যস্ত ছিলেন স্বরা। তার বয়সও ছিল কম। ইন্ডাস্ট্রিতে তেমন পরিচিতি না থাকায় ব্যক্তিগত কোনো দল কিংবা পাশে দাঁড়ানোর মতো পরিচিত মানুষও ছিলেন না। ফলে পুরো পরিস্থিতিতে তিনি নিজেকে বেশ অসহায় মনে করেছিলেন।

তবে সেই কঠিন সময়ে সিনেমাটির নির্বাহী প্রযোজক তার পাশে দাঁড়িয়েছিলেন। স্বরা পুরো ঘটনা খুলে বলেছিলেন। অভিনেত্রীর দাবি, তার সহযোগিতার কারণেই শুটিংয়ের বাকি দিনগুলো তুলনামূলক স্বস্তিতে কাটাতে পেরেছিলেন তিনি।

বহু বছর পর নিজের অভিজ্ঞতা প্রকাশ করে স্বরা আবারও মনে করিয়ে দিলেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা শুধুমাত্র শারীরিক স্পর্শের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর নানা রূপ রয়েছে, যা অনেক সময় ভুক্তভোগী নিজেও তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%