১২:২১ পি.এম
জীবনের গল্প বইয়ের পাতায়, মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও স্বপ্নের প্রতিচ্ছবি চরিত্রের ভাঁজে ভাঁজে। তরুণ প্রজন্মের সঙ্গে সাহিত্যের পরিচয় ঘটানো এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে রংপুরের গঙ্গাচড়ায় পাঠচক্রের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। এই আয়োজনটি বই পাঠ, সাহিত্য আলোচনা ও ভাবনার আদান-প্রদানের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুমে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে বসুন্ধরা শুভসংঘের সদস্য ও বইপ্রেমীরা অংশগ্রহণ করেন। পাঠচক্রে দেশের দুই বাংলার পাঠকমহলে পরিচিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আলোচিত গ্রন্থ নূরজাহান, ডাকাতরাও মানুষ, সেই বিদেশি মেয়ে, ৯ মাস ও রহস্যময় জঙ্গলবাড়িসহ তার বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বইয়ের পাতা থেকে গল্পের অংশ পাঠের পাশাপাশি সাহিত্যকর্মের বিষয়বস্তু, চরিত্রের মনস্তত্ত্ব, জীবনসংগ্রাম ও মানবিক মূল্যবোধ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। গল্পের চরিত্রগুলোর আনন্দ-বেদনা, স্বপ্ন ও বাস্তবতার সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে নেওয়ার চেষ্টা করেন তারা। এতে বই পড়ার আনন্দের পাশাপাশি সাহিত্যকে উপলব্ধি করার এবং ভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখার সুযোগ তৈরি হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
সাহিত্য মানুষের চিন্তাকে প্রসারিত করে, অনুভূতিকে গভীর করে এবং অন্যের জীবন ও অভিজ্ঞতা বোঝার পথ খুলে দেয়। পাঠচক্রে অংশ নেওয়া তরুণদের আলোচনায়ও উঠে আসে সেই জীবনবোধ। পাঠ্যবইয়ের বাইরের জগৎ সম্পর্কে জানার আগ্রহ তৈরি এবং নিজেদের চিন্তা প্রকাশের সুযোগ করে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান বলেন, ‘প্রযুক্তির এই সময়ে তরুণদের বড় একটি অংশ মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকে। তাদের বইমুখী করা এবং চিন্তাশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতেই আমাদের এ পাঠচক্রের আয়োজন। আমরা চাই, তরুণ প্রজন্ম বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল হয়ে উঠুক।’
আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য মোনালিসা, আরমান, কাকুলি খাতুন, এখলাচ, মেহেনাজ খাতুন, হৃদয় ও রিদমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত পাঠচক্রের মাধ্যমে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে, বিকশিত হবে সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ। বইয়ের সঙ্গে তরুণদের বন্ধন দৃঢ় করার পাশাপাশি সাহিত্যচর্চার এ উদ্যোগ জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনেও ভূমিকা রাখবে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদরাসাছাত্রের প্রাণ গেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন