০৪:৪৬ পি.এম
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সতর্ক করে বলেছেন, তথ্য এবং উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় যদি কোনো ধরনের কারসাজি, অনিয়ম বা অসঙ্গতি পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সঠিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য অপরিহার্য। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং কার্যকর পরিকল্পনা গ্রহণে সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।
তিনি মঙ্গলবার অনুষ্ঠিত নৌযান শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রমে উপলক্ষ্যে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ের শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
আরও পড়ুন: মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে যদি কোনো ধরনের গড়মিল বা অনিয়ম ধরা পড়ে, তাহলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি যুক্ত করেন, সরকার নৌপথকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পণ্য পরিবহনে নৌপথের সাশ্রয়ী হওয়ার কারণে এর গুরুত্ব অনেক বেশি। নৌপথের কার্যকর ব্যবহার ও উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা সম্ভব।
নৌযান শুমারি সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পেশাদারিত্ব এবং সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে জানানো হয়, নিরাপদ, সুশৃঙ্খল এবং কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বিবিএসের সহযোগিতায় আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী এই শুমারি পরিচালিত হবে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর শফিউল বারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌযান শুমারি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন