বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০৫:১৩ পি.এম
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু ঘটেছে। নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন শনাক্ত হয়েছে। একই সময়ে, নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। তবে, এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা, খুলনা, কুষ্টিয়া ও ভোলায় একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ জনে। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে পৌঁছেছে। নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯২৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।
হামের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে টিকাদান কার্যক্রমও চলছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় ১ কোটি ১৬ শতাংশের বেশি টিকা প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীল, যিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি হাসপাতালে গিয়ে দেবপ্রিয়ের চিকিৎসার জন্য অর্থ সহায়তা করেন।
সূত্রে জানা গেছে, দেবপ্রিয় যখন শারীরিক অবস্থার অবনতি ঘটে, তখন তাকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা, প্লাটিলেট ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যয় বহন করতে গিয়ে তার পরিবার আর্থিক সংকটে পড়েছে।
এ অবস্থায় ছাত্রদল নেতা রুমি শিক্ষার্থীর পাশে দাঁড়ান। হাসপাতালে ভর্তির পর থেকে তিনি নিয়মিতভাবে দেবপ্রিয়ের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন। পাশাপাশি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেন তিনি।
এ সময় তিনি রোগীর চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। হাসপাতাল কর্তৃপক্ষও রোগীর চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করে। অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে চিকিৎসায় সহায়তা করায় বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে মানবিক উদ্যোগ হিসেবে গুরুত্ব পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ এনামুল হক এনাম বলেছেন, “বিএনপি জনগণের দল। এ দলের শেকড় এত গভীরে যে, কেউ চাইলেই তা উপড়ে ফেলতে পারবে না।” তিনি উল্লেখ করেন, অতীতে যারা দেশবিরোধী অবস্থান নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারা আবারও ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সকলকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার এয়াকুবদণ্ডী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এমপি এনাম বলেন, “বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাচ্ছেন। দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি অতীতে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সমালোচনা করে বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে কোনো শিক্ষার্থী ফেল না করে সবাইকে পাস করিয়ে দেওয়া হয়।
এমপি এনাম আরো বলেন, শিক্ষার প্রকৃত মান নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও অর্জনের যথাযথ মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীদের পরীক্ষায় পাসের হার বাড়ানো নয়, বরং তারা কতটা জ্ঞান ও দক্ষতা অর্জন করছে সেটিই হওয়া উচিত শিক্ষাব্যবস্থার মূল বিবেচ্য বিষয়। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত পাঠদান, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ জরুরি।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং ভবিষ্যতের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. এ কে এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন বড়ুয়া, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটনসহ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটে একটি ব্যাটারিচালিত ইজিবাইক এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে বিকাশ চন্দ্র কর্মকার নামক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক সড়কের নতুনহাট কড়াই ফ্যাক্টরি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে, তিনি বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার পাড়ার বাবলু কর্মকারের পুত্র। দুর্ঘটনার পর ইজিবাইক চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ৪০০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক সড়কের শহরের নতুনহাট এলাকার কড়াই ফ্যাক্টরি মোড়ে বিপরীতমুখী ইজিবাইকের সঙ্গে সংঘর্ষের ফলে মোটরসাইকেল চালক বিকাশ চন্দ্র গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ইজিবাইক চালক দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেন।
জয়পুরহাট থানার ওসি নুর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আরব উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি নিয়ে দুঃসংবাদ প্রদান করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুদ্ধের প্রভাব কাটিয়ে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি পুনরুদ্ধার হলেও, শীঘ্রই যুদ্ধ-পূর্ববর্তী প্রবৃদ্ধির স্তরে ফিরে আসবে না বলে সতর্ক করেছে আইএমএফ।
আইএমএফের আঞ্চলিক পরিচালক জিহাদ আজুর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা মধ্যমেয়াদে যুদ্ধ-পূর্ববর্তী প্রবৃদ্ধির স্তরে ফিরে যেতে সক্ষম হব না। কারণ, এই অভিঘাত বিভিন্ন খাতের ওপর দীর্ঘস্থায়ী ক্ষতি সৃষ্টি করবে, অবকাঠামোর ক্ষতিসাধন করবে এবং অর্থনৈতিক সক্ষমতা বা সহনশীলতা বৃদ্ধির জন্য অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে।’
এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন আইএমএফ উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি সংকুচিত হওয়ার পূর্বাভাস দিচ্ছে। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ সৌদি আরব ও ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং এর ফলে সমুদ্রপথে জ্বালানি পরিবহনের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের সরাসরি প্রভাবের মুখোমুখি থাকা মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া অঞ্চলের অর্থনীতি ২০২৬ সালে ০.৩ শতাংশ সংকুচিত হতে পারে।
এদের মধ্যে সৌদি আরব অন্যতম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। দেশটির অর্থনীতি ৩.৩ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ