০১:০৬ পি.এম
যমুনা নদীর তীরবর্তী চার জেলার ১ লাখ মানুষকে বন্যার আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে সরকার প্যারামেট্রিক বিমার আওতায় এনেছে। সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুরের এই জনগণের জন্য দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। আগামী দুই বছর ধরে এই কার্যক্রম চলমান থাকবে। নির্ধারিত সূচক অনুযায়ী বড় ধরনের বন্যা হলে বিমার আওতাভুক্ত ব্যক্তিরা আর্থিক সহায়তা পাবেন।
সোমবার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানানো হয়। ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইনস্যুরেন্স’ শীর্ষক অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কম্পোনেন্টের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফ।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হয়। এতদিন দুর্যোগ মোকাবিলায় মূলত ত্রাণ বিতরণ, উদ্ধার, জরুরি সাড়া প্রদান ও পুনর্বাসনের ওপর নির্ভর করা হয়েছে। তবে এই প্রচলিত ব্যবস্থার পাশাপাশি দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় আধুনিক অর্থায়ন পদ্ধতি চালু করা প্রয়োজন। সেই চিন্তা থেকেই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: পলাতক ফ্যাসিস্টরা নৈরাজ্য করার চেষ্টা করছে: রিজভী
কামরুল হক মারুফ বলেন, দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক বিমা বাংলাদেশে তুলনামূলক নতুন ধারণা। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিষয়টি সম্পর্কে শিখছেন এবং নিজেদের অভিজ্ঞতা ও কার্যক্রম গণমাধ্যমের সঙ্গে ভাগাভাগি করতে চান।
প্রকল্প পরিচালক জানান, যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পে একাধিক কম্পোনেন্ট রয়েছে। এর প্রথমটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধা এলাকায় যমুনা নদীর তীর রক্ষায় গ্রোয়েন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ করছে সংস্থাটি। আরেকটি কম্পোনেন্ট বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), যারা নদীর চ্যানেল নিয়ে কাজ করবে। তৃতীয় কম্পোনেন্টের আওতায় নেওয়া হয়েছে দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম।
যমুনার পানি বেড়ে গেলে নদীতীরবর্তী চার জেলার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হন। তাদের আর্থিক ক্ষতি সামাল দিতে প্যারামেট্রিক বিমা চালু করা হয়েছে। এই পদ্ধতিতে নির্দিষ্ট কিছু সূচক বা প্যারামিটারের ভিত্তিতে বন্যার পরিস্থিতি নির্ধারণ করা হয়। নির্ধারিত সূচক অনুযায়ী দুর্যোগের মাত্রা নির্দিষ্ট সীমায় পৌঁছালে বিমার সুবিধা কার্যকর হয়।
কামরুল হক মারুফ জানান, প্রকল্পটির মেয়াদ তিন বছর। এ সময়ে তিনটি বন্যা মৌসুমকে কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রথম বছরের কাজ সম্পন্ন হয়েছে। ওই বছর প্যারামেট্রিক বিমা পণ্য তৈরি করা হয়। সরকারি প্রকল্প হওয়ায় বিমার ইনস্যুরার হিসেবে দায়িত্ব পালন করছে সাধারণ বীমা করপোরেশন।
আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতে খেলাপি ঋণ আদায়ে সক্ষমতা বেড়েছে, তবে বাংলাদেশ এখনো শিখছে
প্রথম বছরের কার্যক্রমে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসের বন্যা মৌসুম বিবেচনায় চার জেলার এক লাখ উপকারভোগী নির্বাচন করা হয়। তাদের বিমার আওতায় আনা হয়েছিল। তবে ওই বছর নির্ধারিত প্যারামিটার অনুযায়ী বড় ধরনের বন্যা না হওয়ায় বিমার শর্ত পূরণ হয়নি। ফলে কাউকে আর্থিক সহায়তা দিতে হয়নি।
প্রকল্প পরিচালক বলেন, এ বছর নির্ধারিত সূচক অনুযায়ী বন্যা হলে উপকারভোগীরা বিমার সুবিধা পেতেন। কিন্তু বড় ধরনের বন্যা না হওয়ায় বিমার শর্ত কার্যকর হয়নি।
তিনি আরো জানান, প্রকল্পের মেয়াদে এখনো দুই বছর বাকি রয়েছে। এ সময়ে নির্ধারিত সূচক অনুযায়ী বড় ধরনের বন্যা হলে বিমার আওতাভুক্ত ব্যক্তিরা আর্থিক সহায়তা পাবেন। দ্বিতীয় বছরের জন্য নতুন বিমা পণ্য তৈরির কাজও চলছে।
কামরুল হক মারুফ বলেন, চার জেলার বিপুলসংখ্যক মানুষ বন্যার ঝুঁকিতে থাকলেও সীমিত সম্পদের কারণে প্রাথমিক পর্যায়ে এক লাখ মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। তবে দীর্ঘমেয়াদে এ উদ্যোগ টেকসই করতে উপকারভোগীর সংখ্যা ও কার্যক্রমের ভৌগোলিক পরিধি বাড়াতে হবে। ভবিষ্যতে যমুনা অববাহিকার আরো এলাকা এবং প্রয়োজনে দেশের অন্যান্য দুর্যোগপ্রবণ অঞ্চলেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সতর্কতা বৃদ্ধি
তিনি বলেন, শুধুমাত্র এক লাখ মানুষকে বিমার আওতায় রেখে এ ধরনের বিমা পণ্য দীর্ঘমেয়াদে টেকসই করা সম্ভব নয়। এ জন্য আরো বেশি মানুষকে যুক্ত করার পাশাপাশি কার্যক্রমের আওতাধীন এলাকাও বাড়াতে হবে।
এ ক্ষেত্রে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন প্রকল্প পরিচালক। তিনি বলেন, দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রমের সুবিধা, কারা এর আওতায় আসবেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কীভাবে সহায়তা পাবেন, এসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো জরুরি। গণমাধ্যম এ বিষয়ে সহযোগিতা করলে ভবিষ্যতে কার্যক্রমের পরিধি বাড়ানো সহজ হবে। এতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবেন।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিআরএর পরামর্শক (জনসংযোগ) সাদিক আরমান। কর্মশালায় প্রকল্পের কারিগরি দিক, প্যারামেট্রিক বিমার কার্যপদ্ধতি, উপকারভোগী নির্বাচন এবং তাদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
এএম
আরও পড়ুন: হুগলি জেলে কাজী নজরুলের ৩৯ দিনের অনশন: ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপসহীন লড়াই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন