ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নম্বর ওয়ার্ডের নেতা মুন্না আটক, ১৫ আগস্ট ঘিরে কোতোয়ালী পুলিশের কঠোর নজরদারি


বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নম্বর ওয়ার্ডের নেতা মুন্না আটক, ১৫ আগস্ট ঘিরে কোতোয়ালী পুলিশের কঠোর নজরদারি

বরিশাল মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্নাকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডে অবস্থিত তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

তবে আতিকুর রহমান মুন্নাকে কী অভিযোগে আটক করা হয়েছে কিংবা তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না—এ বিষয়ে কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নিখোঁজ বিজয়, ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

এদিকে, আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে ঘিরে নগরীতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, মিছিল, সহিংসতা, জ্বালাও-পোড়াও কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড যাতে ঘটতে না পারে, সে লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় চিহ্নিত ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্পর্শকাতর এলাকাগুলোতেও বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বিজয়া দশমীর সিঁদুর খেলার আনন্দের মাঝে প্রাণ হারালেন নববধূ তন্নি

তবে আতিকুর রহমান মুন্নার আটকের বিষয়ে কোতোয়ালী থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর ড্রেনে অর্ধগলিত লাশ, পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


রাজধানীর ড্রেনে অর্ধগলিত লাশ, পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ

রাজধানী ঢাকা শহরের দারুস সালাম থানাধীন বাগবাড়ী এলাকায় অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশের যথেষ্ট কষ্ট হচ্ছে।

ডিএমপি পুলিশ লাশের পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট দারুস সালাম থানাধীন বাগবাড়ী এলাকার একটি ড্রেনের পানিতে অর্ধ নিমজ্জিত অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃতদেহটি পাওয়া যায়। এখনও পর্যন্ত মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা অনুযায়ী, নিহতের বয়স ৩৮ বছর হতে পারে।

এ ঘটনায় দারুস সালাম থানায় একটি হত্যা মামলা ইতোমধ্যেই রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ডিএমপি, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে দারুস সালাম থানার (ডিউটি অফিসার ০১৩২০-০৪১২৯৭ অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১২৯০) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

ভারতের রাজনৈতিক নেতৃত্বের নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য ‘শান্তিপূর্ণ বিপ্লবের’ আহ্বান জানিয়েছেন পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। তিনি বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি সম্মানজনক দেশ হিসেবে ধরে রাখতে হলে দেশে মৌলিক পরিবর্তন প্রয়োজন।

স্বাধীনতা দিবসের আগে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ওয়াংচুক ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ আহ্বান জানান। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারেন, এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক, চরিত্রবান ও যোগ্য’ নারী-পুরুষের নাম প্রস্তাব করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

ওয়াংচুক জানান, গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সেই সময় তিনি ভারতের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ পান।

তিনি ভারতের অগ্রগতির সঙ্গে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর অগ্রগতির তুলনা করেন।

ওয়াংচুক বলেন, ‘৫০ বছর আগে যেসব প্রতিবেশী দেশ আমাদের চেয়ে পিছিয়ে ছিল বা আমাদের সমপর্যায়ে ছিল, তারা এখন আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে।’

ওয়াংচুক বলেন, ‘মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপির কথা যদি বলি এবং এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে ২০৪৭ সালে আমরা উন্নত দেশ হতে পারব না। এমনকি বিশ্ববাজারে নিজেদের মুখ দেখানোর মতো অবস্থাতেও থাকব না।’

গত দুই মাসে পরিবর্তনের দাবিতে আন্দোলন ও প্রতিবাদকারীদের অভিনন্দন জানান ওয়াংচুক। তিনি বলেন, এই আন্দোলনের ফলে ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়েও পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘একদিকে আমি আপনাদের অভিনন্দন জানাতে চাই। আপনারা পরিবর্তন চেয়েছেন এবং গত দুই মাস ধরে প্রতিবাদ করেছেন। এর ফলে পরিবর্তনও এসেছে।

শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু নতুন শিক্ষামন্ত্রীর কাছ থেকেও আমি কোনো বড় পরিবর্তনের আশা দেখতে পাচ্ছি না।’

ওয়াংচুক ভারতের ভবিষ্যতের সঙ্গে শিক্ষাব্যবস্থার সরাসরি সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার দুর্বলতা দেশের অগ্রগতির ওপরও প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘যতদিন শিক্ষা পিছিয়ে থাকবে, ততদিন দেশের ভবিষ্যৎও পিছিয়ে থাকবে।’

দেশে শাসনব্যবস্থা ও ভিন্নমত দমনকে কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করা যায় না বলেও মন্তব্য করেন ওয়াংচুক। তার দাবি, বিভিন্ন দলের সরকার একই ধরনের অবিচার করেছে এবং প্রতিবাদী কণ্ঠ দমন করেছে।

তিনি বলেন, ‘দিল্লিতে একটি দলের সরকারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে। পরে অন্য রাজ্যে অন্য দলের সরকারও একই ধরনের অবিচার করেছে এবং একইভাবে প্রতিবাদী কণ্ঠ দমন করেছে। তাই বিষয়টি শুধু কোনো একটি রাজনৈতিক দলের নয়।’

২০১২-১৩ সালের দুর্নীতিবিরোধী আন্দোলন এবং এর পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গও তুলে ধরেন ওয়াংচুক। তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও দুর্নীতি ও অবিচার পুরোপুরি শেষ হয়নি। ওয়াংচুক বলেন, ‘কিন্তু আজ ১২ বছর পর দুর্নীতি ও অবিচার নতুন রূপ নিয়েছে। আগের তুলনায় এটি এখন দুই থেকে তিন গুণ বড় হয়েছে। এটি আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে এবং আমাদের ভয় দেখাচ্ছে।’

ভারতে রাজনৈতিক নেতৃত্ব বেছে নেওয়ার পদ্ধতিতে মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সোনম ওয়াংচুক।

তিনি বলেন, ‘আমাদের বড় ধরনের পরিবর্তন দরকার। এই দেশে একটি বিপ্লব দরকার, তবে সেটি হতে হবে শান্তিপূর্ণ বিপ্লব। যাতে আমরা সঠিক নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারি।’ তিনি আরো বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কীভাবে আমাদের নেতৃত্ব বেছে নিই। নেতৃত্ব সঠিক না হলে পুরো দেশই ভুল পথে এগোবে।’

নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ওয়াংচুক। তিনি বলেন, অনেক নেতা এখনো সত্য ও ন্যায়ের পথে রয়েছেন এবং তারা সম্মানের যোগ্য। তবে সংসদ সদস্যদের একটি বড় অংশের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

ওয়াংচুক বলেন, ‘আপনারা কি জানেন, আমাদের সংসদের দিকে তাকালে দেখা যায়, প্রায় অর্ধেক সংসদ সদস্যের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। তাদের এক-তৃতীয়াংশের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে দেশ কীভাবে উন্নতি করবে?’

তিনি স্পষ্ট করে বলেন, তার বক্তব্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা বিরোধী দলকে লক্ষ্য করে নয়। ওয়াংচুক বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট দল বা বিরোধী দলের কথা বলছি না। আমি দেশের কথা বলছি।’

দেশে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আলোচনা করতে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে একটি বৃহৎ আলোচনা আয়োজন করতে চান বলেও জানান ওয়াংচুক। তিনি বলেন, ‘দেশের যেখানেই থাকুন না কেন, আমি দেশের সেরা মেধাবী ও চিন্তাশীল মানুষদের সঙ্গে আলোচনা করতে চাই। কী পরিবর্তন দরকার এবং কীভাবে সেই পরিবর্তন আনা যায়, তা নিয়ে আমরা একসাথে চিন্তা করতে চাই।’

তবে ওয়াংচুক স্পষ্ট করেন, তিনি শুধু বুদ্ধিজীবী বা শিক্ষিত ব্যক্তিদের নিয়েই আলোচনা করতে চান না। তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রের যোগ্য ও অভিজ্ঞ মানুষদেরও এই আলোচনায় যুক্ত করতে চান।

ওয়াংচুক তার এক্স পোস্টে বলেন, ‘শুধু চিন্তা করেন এমন বুদ্ধিজীবী নয়, আমাদের দরকার এমন নিঃস্বার্থ ও নির্ভীক নারী-পুরুষ, যাদের চরিত্র ও যোগ্যতা আছে।’ লাদাখে বসবাস করা ওয়াংচুক বলেন, এমন মানুষদের কোথায় পাওয়া যাবে, তা তিনি জানেন না। তাই তাদের খুঁজে বের করতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা চান।

তিনি বলেন, ‘লাদাখের প্রত্যন্ত এলাকায় বসে আমি জানি না তারা কারা বা কোথায় আছেন। তাই আপনারা সহযোগিতা করতে পারেন। দেশের এবং আপনাদের নিজ নিজ এলাকার অন্তত একজন এমন যোগ্য মানুষের নাম প্রস্তাব করুন।’

ভিডিও বার্তায় ওয়াংচুক মানুষকে এমন ব্যক্তিদের নাম পাঠানোর আহ্বান জানান এবং বলেন, এটিকে তিনি স্বাধীনতা দিবসের উপহার হিসেবে গ্রহণ করতে চান। তিনি জানান, এমন মানুষের সঙ্গে দেখা করতে চান, যারা মিলে দেশের একটি নতুন মানচিত্র তৈরি করতে সাহায্য করতে পারবেন।

ভারতের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন, তা জানতে দেশের বিভিন্ন রাজ্য ও শহরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান ওয়াংচুক। সেখানে তিনি সাধারণ মানুষের পরামর্শ ও মতামত নিতে চান। এক্স পোস্টের শেষে ওয়াংচুক ‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু করার’ আহ্বান জানান। একই সঙ্গে তিনি এই বার্তা ছড়িয়ে দেওয়ার এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় অনুবাদ করার জন্য মানুষের প্রতি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

ফেনীতে একটি সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনির টেকনিক্যাল মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

জাহাঙ্গীর আলম সোনাপুর গ্রামের মৃত নুরুল হকের সন্তান। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রের তথ্য অনুযায়ী, ছুটির কারণে তিনি নিজ গ্রামের ফেনির সোনাপুরে অবস্থান করছিলেন। ফেনী শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন টেকনিক্যালের সামনে।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর আলমের মৃতদেহ এখন হাসপাতালের মর্গে রাখা হয়েছে, এমনটি জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। খলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, জাহাঙ্গীর আলম তাদের থানায় কনস্টেবল হিসেবে কাজ করছিলেন এবং দুর্ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। ফেনীর গ্রামের বাড়িতে ঘটনাস্থলে আহত হওয়ার পর তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের অন্যতম ব্যস্ততম দু’টি সড়কের করুণ দশা দেখা দিয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়ক দুটি জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দক। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চলাচলে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই এখন দুষ্কর হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালীর উত্তর বাজারের সুপারি পট্টি থেকে বয়ে যাওয়া কচুয়াকাঠি খালের দু’পাড় দিয়ে সড়ক দু’টি বিস্তৃত। সড়ক দুটি উত্তর বাজার থেকে সিএনবি সড়ক হয়ে সদর ইউনিয়নের মাঝখান দিয়ে চলে গেছে।
উত্তর পাড়ের সড়ক: এই সড়কের পাশে রয়েছে এসবি সরকারি বালিকা বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কেন্দ্রীয় আশ্রম। প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী ও ভক্তদের চলাচলের একমাত্র পথ এটি।
দক্ষিণ পাড়ের সড়ক: এই রাস্তা দিয়ে কাউখালী বন্দর হয়ে উপজেলা সদর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলেজ এবং পিরোজপুর সদরে গমনাগমনের জন্য সাধারণ পথচারীরা প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ এক যুগ ধরে সড়ক দু’টি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই রাস্তার উন্নয়নকাজের বরাদ্দকৃত টাকা ঠিকাদার কাজ না করেই তুলে নিয়ে গেছে বলে জানা যায়।
সম্প্রতি খালের তীর ভেঙে গিয়ে সড়ক দু’টি আরও সংকীর্ণ হয়ে পড়েছে। সড়কের পাশে দোকানদার মোঃ সুজন ও এক ছাত্রীর অভিভাবক দুলারি আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষকে বাধ্য হয়ে চলাচল করতে হয়। ছোট ছোট শিক্ষার্থীরা স্কুলে যেতে গিয়ে কাদা-পানিতে পড়ে জামাকাপড় নষ্ট করছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত পাইলিংসহ রাস্তা সংস্কার করা না হলে যেকোনো সময় সড়ক দুটি খালে বিলীন হয়ে যাবে।
রাস্তার বর্তমান জরাজীর্ণ অবস্থা সম্পর্কে অবগত আছেন জানিয়ে কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, "সড়ক দুটির বেহাল দশার বিষয়ে আমরা অবগত আছি। ইতিমধ্যে প্রয়োজনীয় বরাদ্দের জন্য আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়ামাত্রই যত দ্রুত সম্ভব সড়ক দু’টি সংস্কারের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান জানান, "জনগুরুত্বপূর্ণ এই সড়ক দুটির কারণে জনগণের যে দুর্ভোগ হচ্ছে, তা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। দ্রুততম সময়ের মধ্যে যাতে সংস্কারকাজ শুরু করা যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%