ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রিয়াদের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের


রিয়াদের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে যে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় ভূপাতিত করা হয়েছে। আজ রোববার জোটের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী প্রায় প্রতিদিনই সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা তারা ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলার প্রতিশোধ হিসেবে করছে।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘হুতি সশস্ত্র গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত এবং ধ্বংস করে দেয়।’

এর কয়েক ঘণ্টা আগে তিনি জানান, ইয়েমেন ও সৌদি আরবে হামলা চালানোর কাজে ব্যবহৃত হুতিদের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করেছে জোটের বাহিনী। তিনি আরও জানান, দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে অবাধ নৌ-চলাচলের জন্য হুমকি সৃষ্টি করে—এমন সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে।

গত নভেম্বর মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি কয়েকটি এলাকা থেকে ইয়েমেনের সরকারি বাহিনী পিছু হটে। এর ফলে ওই এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেয় হুতিরা। তারা এর আগে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছিল।

আরও পড়ুন: ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতিরা। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

দীর্ঘদিনের এই সংঘাতের ফলে ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে, যা বিশ্বের অন্যতম বড় মানবিক বিপর্যয় হিসেবে বিবেচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাঁরা বিহারের নালন্দা জেলা থেকে একটি মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

রোববার (২৯ নভেম্বর) ভোররাত ২টার দিকে রামগড়ের পেইঙ্কি গ্রামের কাছে রাঁচি-পাটনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।

রামগড়ের সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, একটি স্করপিও গাড়িতে ১৪ জন ছিলেন। গাড়িটি সামনে থাকা আরেকটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয়। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন অনিল কুমার জানিয়েছেন, দুর্ঘটনার পর রাত আড়াইটার দিকে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১৩ জনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে হাই-টেক পার্কের সামনে প্রাইভেটকারে আগুন, চালক অল্পের জন্য বাঁচলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


কালিয়াকৈরে হাই-টেক পার্কের সামনে প্রাইভেটকারে আগুন, চালক অল্পের জন্য বাঁচলেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাই-টেক সিটি (আইসিটি) পার্কের ২ নম্বর গেটের সামনে রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটির পেছনের অংশ দাউ দাউ করে জ্বলে ওঠে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে গাড়িটির পেছনের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, সামনের অংশ অনেকটা অক্ষত রয়েছে।

সাদা রঙের প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ ২২-৩৯৩৫। এর চালক মো. শফিক, যিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা, ওয়ালটন কোম্পানিতে কর্মরত।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে চালক মো. শফিক জানান, সকালে তিনি ওয়ালটনের এক কর্মকর্তাকে নামিয়ে দিয়ে আসছিলেন। ওই কর্মকর্তাকে নামিয়ে দেওয়ার পর তিনি হাই-টেক পার্কের ২ নম্বর গেটের সামনে গাড়িটি রেখে রাস্তার ওপারে দোকানে চা-বিস্কুট খেতে যান। চা খাওয়ার পর গাড়ির কাছে এসে স্টার্ট করার জন্য চাবি ঘোরালে গাড়িটি স্টার্ট হচ্ছিল না। দ্বিতীয়বার স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই হঠাৎ পেছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখেন।

শফিক আরও বলেন, ‘প্রথমে একটা শব্দ হইলো। শব্দের পরেই দেখি পেছনে প্রচণ্ড ধোঁয়া। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেলাম। নামার পরপরই দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো।’ তাঁর ভাষায়, চা খেতে যাওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। গাড়ির ভেতরে থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রাইভেটকারটির পেছনের সিট, ডিকি ও লাইটসহ পেছনের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরে পোড়া গন্ধ ও কালো ছাই ছড়িয়ে রয়েছে। তবে পেছনে থাকা গ্যাসের সিলিন্ডারটি অক্ষত থাকায় বড় ধরনের বিস্ফোরণ থেকে এলাকা রক্ষা পেয়েছে। বনেট, সামনের দুই দরজা ও সামনের গ্লাস অনেকটা ভালো অবস্থায় রয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন, পথচারী ও হাই-টেক পার্কের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে চালক শফিকের ধারণা, গ্যাস লিকেজ অথবা ওয়ারিংয়ের সমস্যার কারণে স্টার্ট দিতে গিয়ে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। স্থানীয় বাসিন্দারাও একই ধারণা প্রকাশ করে বলেন, গ্যাসচালিত গাড়িতে নিয়মিত চেকআপ না করানোর ফলে এমন ঝুঁকি তৈরি হয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা দেখলাম হঠাৎ করে গাড়ির পেছন থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপরই আগুন। সবাই ভয়ে দূরে সরে গেলাম। গ্যাসের বোতল ফেটে গেলে বড় বিপদ হতে পারত। আল্লাহর রহমতে বোতলটা ফাটেনি।’ আরেকজন বলেন, চালক দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি, এটিই সবচেয়ে বড় স্বস্তির খবর, চালক শফিক সুস্থ আছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস লিকেজ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং চালকের সঙ্গে কথা বলা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি গাড়ির মালিক ও চালকদের সতর্ক করে বলেন, গ্যাসচালিত গাড়ি নিয়মিত চেকআপ করাতে হবে। ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তায় না নামার আহ্বান জানান তিনি। পাশাপাশি গাড়িতে অগ্নি-নির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) রাখা এবং গ্যাসের গন্ধ পেলে দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে যাওয়ার পরামর্শও দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে রেকর্ড দরপতন, ১ ডলারে ৩০ লাখ রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


ইরানে রেকর্ড দরপতন, ১ ডলারে ৩০ লাখ রিয়াল

ইরানের মুদ্রা রিয়ালের দর রেকর্ড পরিমাণে কমে যাওয়ার ঘটনা ঘটেছে, যা নিষেধাজ্ঞা ও অবরোধের ক্রমবর্ধমান চাপের ফলস্বরূপ। মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময়মূল্য ৩০ লাখের কাছাকাছি পৌঁছেছে, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে ইরান কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতির সম্মুখীন হয়েছে। নয় মাস ধরে চলমান যুদ্ধের প্রভাবে দেশটিতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। এছাড়া চলতি মাসের শুরুতে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রীর চলাচল সীমিত করতে ওয়াশিংটন ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দিয়েছে।

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছর পর শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


২০ বছর পর শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’

শাহরুখ খানের আসন্ন অ্যাকশন এন্টারটেইনার ‘কিং’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে শোনা যাচ্ছিল, সিনেমাটির দৈর্ঘ্য হতে পারে ২ ঘণ্টা ৩৫ মিনিট। তবে জনপ্রিয় মার্কিন টিকিট বুকিং ওয়েবসাইট ফ্যানড্যাঙ্গোর তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট হিসেবে উল্লেখ করা হয়েছে।

যদি এই দৈর্ঘ্য চূড়ান্ত হয়, তাহলে ২০ বছরের মধ্যে এটি হবে শাহরুখ খানের প্রথম সিনেমা, যা তিন ঘণ্টার সীমা অতিক্রম করবে। এর আগে অভিনেতার তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সর্বশেষ সিনেমা ছিল করণ জোহর পরিচালিত ‘কভি আলবিদা না কেহনা’ (২০০৬)।

একসময় শাহরুখ খান নিয়মিত তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সিনেমায় অভিনয় করতেন। ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে তার বহু জনপ্রিয় সিনেমার দৈর্ঘ্য ছিল বেশ লম্বা—এর মধ্যে রয়েছে ‘মোহাব্বাতে’ (২০০০), ‘কভি খুশি কভি গম’ (২০০১), ‘দেবদাস’ (২০০২), ‘কাল হো না হো’ (২০০৩), ‘বীর-জারা’ (২০০৪) এবং ‘স্বদেশ’ (২০০৪)। এর মধ্যে ৩ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের ‘মোহাব্বাতে’ তার ক্যারিয়ারের অন্যতম দীর্ঘ সিনেমা হিসেবে বিবেচিত।

তবে সময়ের পরিবর্তনের সাথে নির্মাতাদের ধারণায় পরিবর্তন এসেছে; তারা মনে করতে শুরু করেছেন দর্শকেরা ছোট ও আঁটসাঁট সিনেমা বেশি পছন্দ করেন। এমনকি শাহরুখ খানের ‘জব তক হ্যায় জান’ (২০১২) এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমাগুলো তিন ঘণ্টার সামান্য আগে শেষ হয়েছিল। সাম্প্রতিক ব্লকবাস্টার ‘পাঠান’ (২০২৩) এবং ‘জওয়ান’ (২০২৩)-এর দৈর্ঘ্য যথাক্রমে ২ ঘণ্টা ২৬ মিনিট এবং ২ ঘণ্টা ৪৯ মিনিট ছিল।

তবে ভারতীয় বক্স অফিসে যেন আবার পুরোনো ধারায় ফেরার ইঙ্গিত দেখা যাচ্ছে। ‘অ্যানিম্যাল’, ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর’-এর মতো দীর্ঘ সিনেমার সাফল্য এই ধারণা পরিবর্তন করেছে যে বর্তমানে দর্শকের মনোযোগের সময়সীমা খুব কম। সেই হিসেবে গল্পের প্রয়োজনে ‘কিং’-এর মতো বড় বাজেটের সিনেমার দৈর্ঘ্য তিন ঘণ্টার বেশি হওয়া যুক্তিসংগত মনে করছেন অনেকে। বেশি দৈর্ঘ্যের সিনেমা নির্মাতাদের জন্য তারকাবহুল অভিনয়শিল্পী, অ্যাকশন দৃশ্য এবং আবেগের জায়গাগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলার সুযোগ প্রদান করে।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পাওয়ার সময় ফ্যানড্যাঙ্গোতে থাকা এই দৈর্ঘ্য বহাল থাকে কিনা, সেটিই এখন দেখার বিষয়। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%