ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকির ভিডিও প্রচার, তদন্তে মার্কিন গোয়েন্দারা


ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকির ভিডিও প্রচার, তদন্তে মার্কিন গোয়েন্দারা

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া একটি ভিডিও প্রচারের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানিয়েছেন, সংস্থাটি ভিডিওটির বিষয়ে অবগত এবং তাদের সুরক্ষাধীন ব্যক্তিদের প্রতি যেকোনও সম্ভাব্য হুমকিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করে।

প্রায় তিন মিনিটের ওই ভিডিওর শুরুতে ইংরেজিতে লেখা ছিল—“ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে?” এতে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ ব্যারন যেখানে নিয়মিত যাতায়াত করেন বলে জানা যায়, এমন কয়েকটি স্থানের গ্রাফিক দেখানো হয়। ভিডিওর শেষ দিকে এক কোটি ডলারের পুরস্কারের কথাও উল্লেখ করা হয়।

আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান

সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ভিডিওটি প্রচার করে। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর এক সূত্রের দাবি, এটি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রচারিত ধারাবাহিক হুমকিমূলক ভিডিওর অংশ।

এর আগে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হলেও ব্যারনকে প্রকাশ্যে লক্ষ্য করে এমন হুমকি এই প্রথম বলে ধারণা করা হচ্ছে।

২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করে আসছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরানে ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার পোস্টারও দেখা গেছে। সূত্র: সিএনএন

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েটের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি, অনুষ্ঠিত হবে তিন বিভাগীয় শহরে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


কুয়েটের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি, অনুষ্ঠিত হবে তিন বিভাগীয় শহরে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, এবারের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে এবং এ লক্ষ্যে ভর্তি পরীক্ষা কমিটিও গঠন করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সহজতর করার জন্য এবং যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমানোর উদ্দেশ্যে তিনটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের যোগ্য শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চল থেকে তুলনামূলকভাবে কাছাকাছি তিনটি বিভাগীয় শহরের যেকোনো একটিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

কুয়েট কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ আরো সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমার পাশাপাশি ভর্তি কার্যক্রম আরো সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় পতাকার অবমাননাকর ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


জাতীয় পতাকার অবমাননাকর ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

জাতীয় পতাকার আইন বহির্ভূত ও অবমাননাকর ব্যবহার বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব ও মন্ত্রিপরিষদ বিভাগকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল এ আদেশ দেন।

আইনজীবী শরীফ সরকারের করা এই রিট আবেদনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী শুনানি করেন।

রুলে জাতীয় পতাকা পেছনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে বসা এবং এভাবে পতাকা ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে আদালত অন্তবর্তীকালীন আদেশে জাতীয় পতাকার ব্যবহার বিধিমালা অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাইয়ে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। 

কমিটিতে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন সরকারি প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। কমিটিকে ৬০ দিনের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত অফিস বা দপ্তরে জাতীয় পতাকা ব্যবহারের আইনগত বৈধতা, পতাকা ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির আইনগত অধিকার এবং পতাকার নির্ধারিত দৈর্ঘ্য, প্রস্থ ও অন্যান্য স্পেসিফিকেশন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, এসব বিষয় যাচাই করে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পরে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অফিসকক্ষে চেয়ারের পেছনে, টেবিলের পাশে কিংবা সোফার পাশে জাতীয় পতাকা রেখে বসতে দেখা যাচ্ছে। অথচ জাতীয় পতাকা ব্যবহারের ‘বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’-এ সুনির্দিষ্ট বিধান রয়েছে। 

তিনি আরও বলেন, বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট সরকারি ভবন, বিশেষ কিছু ব্যক্তির বাসস্থান এবং তাদের গাড়ি ও জলযানে জাতীয় পতাকা ব্যবহারের বিধান রয়েছে। ১৯৭২ সালের পতাকা বিধিমালায় নির্দিষ্ট ১৫ শ্রেণির ব্যক্তিকে বাসস্থানে এবং ৮ শ্রেণির ব্যক্তিকে গাড়ি বা জলযানে জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী বলেন, সাম্প্রতিক সময়ে আইনগতভাবে পতাকা ব্যবহারের সুবিধাপ্রাপ্ত নন, এমন সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ব্যক্তিগত অফিসকক্ষে চেয়ারের পেছনে বা পাশে পতাকা রেখে বসছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের ছবি আদালতের নজরে আনা হয়েছে। এ ধরনের ব্যবহার জাতীয় পতাকার প্রতি অবমাননাকর এবং বিদ্যমান আইন ও বিধিমালার পরিপন্থী। এসব বিষয় তুলে ধরে রিট আবেদনটি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসইতে ১৭৫ কোম্পানির দর বেড়েছে, কমেছে ১৫২টির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


ডিএসইতে ১৭৫ কোম্পানির দর বেড়েছে, কমেছে ১৫২টির

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মোট ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৭৫টির দর বৃদ্ধি পেয়েছে, ১৫২টির দর হ্রাস পেয়েছে এবং ৬৪টির দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে।

এছাড়া, ডিএসইতে সূচকের মধ্যে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রধান ডিএসইএক্স সূচক ৩ দশমিক ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪০ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২৬ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপরদিকে, ডিএস৩০ সূচক ৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইর লেনদেন পরিসংখ্যান অনুযায়ী, ‘এ’ শ্রেণির ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির দর বেড়েছে, ৮২টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ শ্রেণির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, ৩২টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে।

‘জেড’ শ্রেণির ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৩৮টির কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। ‘এন’ শ্রেণির কোনো শেয়ার আজ লেনদেন হয়নি।

এ ছাড়া, ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২টির দর বেড়েছে, ৮টির দর কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। চারটি করপোরেট বন্ডের মধ্যে তিনটির দর বেড়েছে এবং একটির দর অপরিবর্তিত রয়েছে। তিনটি সরকারি সিকিউরিটিজের মধ্যে দুটির দর কমেছে এবং একটির দর বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৩৬ জুলাইয়ে তরুণরা আন্দোলনে শক্তি ও সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম রাজ্জাকের পুত্র ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা যে সাহস দেখাতে পারিনি, ৩৬ জুলাইয়ে সেই সাহস দেখিয়েছে তরুণরা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি। বাংলাদেশের আন্দোলন সংগ্রামে তরুণদের বিরাট ত্যাগ রয়েছে। তাদের অবদানে এই দেশ এগিয়ে যাবে।

শহীদ নাসিব হাসান রিয়ানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘ছেলেটির এই অকালে শাহাদাৎ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তার পিতামাতা তাদের সন্তানকে হারিয়েছেন। এই শোক প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই। সেইসঙ্গে এই অবস্থায় পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা হতে পারে না, যে পিতামাতা তাদের সন্তানের লাশ নিজেদের কাঁধে বহন করছেন।’

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা কেবল শোক প্রকাশ করতে পারি এবং তাদের পাশে থেকে সমবেদনা জানাতে পারি। এই গভীর কষ্ট ও বেদনা কেবল ভুক্তভোগী পরিবারই উপলব্ধি করতে পারছে, অন্য কেউ তা পুরোপুরি অনুভব করতে পারবে না।’

এসময় শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত ও পরিবার প্রতি সমবেদনা জানান তিনি। সেখানে উপস্থিত শহীদ রিয়ানের বাবা মো. গোলাম রাজ্জাককে মন্ত্রী সান্তনা দেন। 

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল খালেকের (উপসচিব, স্বাস্থ্য সেবা বিভাগ) সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী  প্রমুখ উপস্থিত ছিলেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%