ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী


জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি লাভকারী ও রাষ্ট্রের বিভিন্ন সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

আজ সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের জরুরি জন-গুরুত্ত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যেসকল অমুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশগণ জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে। শুধু কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নয়, যেসকল অমুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে, তাদের বিরুদ্ধেও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।’

আরও পড়ুন: রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের

আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি পত্রিকায় প্রকাশিত ৭৯ হাজার অমুক্তিযোদ্ধার তথ্যও চূড়ান্ত বা নির্ভুল নয়; প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

তিনি বলেন, শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে এবং এ ধরনের বিতর্কের জেরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও তৎকালীন সরকার মামলা করেছিল।

আহমেদ আযম খান বলেন, ‘আমাদের সরকার মুক্তিযুদ্ধের সরকার। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।’

আরও পড়ুন: দেশ ছেড়ে কেন প্রতিবেশী দেশে যাবেন, এ মাটিই আপনাদের: বরিশাল কমিশনার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাসদাইর আল-ফালাহ সদস্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিসিকে শ্রমিকদের বি-ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


মাসদাইর আল-ফালাহ সদস্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিসিকে শ্রমিকদের বি-ক্ষোভ

মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম মুফতী কাউসার আহমদ কাসেমী, মুফতী আব্দুল গনী এবং আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে 'মিথ্যা ও ষড়যন্ত্রমূলক' আখ্যা দেয়ার উদ্দেশ্যে বিসিক শিল্পনগরীর সাধারণ শ্রমিকেরা প্রতিবাদ মিছিল করেছেন।

৮ জুলাই ২০২৬, বুধবার দুপুর বেলায় কাজ শেষে বিসিকের বিভিন্ন কারখানার হাজার হাজার শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসেন। পরে তারা একটি বিশাল মিছিল বের করেন, যা শিল্পনগরীর ভেতরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শ্রমিকদের কণ্ঠে সক্ষমতার সাথে নির্দোষ আলেম এবং আল-ফালাহ সংগঠনের সদস্যদের মুক্তি এবং প্রমাণিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তীব্র স্লোগান শোনা যায়।

বিক্ষোভকালে সাধারণ শ্রমিকরা বলেন, "বিসিক ও এর আশেপাশের এলাকায় আমরা দীর্ঘদিন ধরে ছিনতাইকারীদের চরম উৎপাতে অতিষ্ঠ ছিলাম। ডিউটি শেষে রাতে বাড়ি ফেরার পথে আমাদের মোবাইল, টাকা-পয়সা ছিনতাই হতো, এমনকি শ্রমিকদের ওপর ছুরি চালানো হতো। যখন পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছিল, তখন মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম সাহেবরা এবং আল-ফালাহ সংগঠনের সদস্যরা সাহসিকতার সাথে এগিয়ে আসেন। তারা এলাকাকে ছিনতাইকারী ও অপরাধীমুক্ত করার জন্য ভূমিকা রেখেছেন, যার সুফল আমরা সাধারণ শ্রমিকরা ভোগ করছি।"

শ্রমিকরা তাদের ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "যারা আমাদের শান্তিতে যাতায়াতের ব্যবস্থা করে দিলেন, আজ উল্টো তাদেরকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অপরাধীদের আড়াল করতেই এই সাজানো মামলা করা হয়েছে। এই অন্যায় আমরা মেনে নেব না। যারা আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন, আমরা শ্রমিকরা আজ তাদের পাশে দাঁڑিয়েছি।"

সমাবেশ থেকে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে যদি মুফতী কাউসার আহমদ কাসেমী ও মুফতী আব্দুল গনীসহ আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তবে বিসিকের সর্বস্তরের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেছিলেন, মোবাইল সাংবাদিকতার নামে অনুমোদনহীন, অপেশাদার কিংবা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।

মন্ত্রী আজ সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলের সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মূলত এসব তথ্য প্রদান করেছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এ লক্ষ্যে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী ও আধুনিক করতে প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী, কার্যকর এবং গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের ন্যায় সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক এবং নীতি-নৈতিকতা বিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর বিধান এবং গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য কিংবা জাতীয় স্বার্থ বিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রেস কাউন্সিলের স্ব-প্রণোদিত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা অন্তর্ভুক্তির প্রস্তাব রয়েছে।

এছাড়া, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আলাদাভাবে মোবাইল জার্নালিস্টদের জন্য লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তনের বিষয়ে বর্তমানে সরকারের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি; তবে পরিবর্তিত বাস্তবতা এবং প্রয়োজন বিবেচনায় এই বিষয়টি পর্যালোচনা করা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাটো সম্মেলনের শুরুতে মিত্রদের ওপর ট্রাম্পের তোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


ন্যাটো সম্মেলনের শুরুতে মিত্রদের ওপর ট্রাম্পের তোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আঙ্কারায় শুরু হওয়া ন্যাটো সম্মেলনে মিত্র দেশগুলোর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে সৃষ্ট উত্তেজনা এই গুরুত্বপূর্ণ সম্মেলনকে ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আঙ্কারা থেকে এএফপি জানায়, রাতভর যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ হয়ে গেছে’। একই সঙ্গে তিনি তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে সমর্থন না দেওয়ায় ন্যাটোর মিত্রদেরও কঠোর ভাষায় আক্রমণ করেন।

তিনি আবারও বলেন, তিনি এখনও গ্রিনল্যান্ড চান এবং এ বিষয়ে ইউরোপের বিরোধিতাকে তিনি ‘বড় সমস্যা’ হিসেবে দেখছেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ন্যাটোর ওপর আমি খুবই ক্ষুব্ধ... কারণ তারা গ্রিনল্যান্ডের বিষয়ে যা করেছে এবং বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক রাষ্ট্র ইরানের বিরুদ্ধে আমাদের সহায়তা করতে চায়নি।’

তিনি বিশেষভাবে স্পেনের সমালোচনা করে দেশটিকে ন্যাটোর ‘ভয়াবহ অংশীদার’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘স্পেন পণ্ডশ্রম। আমরা আর স্পেনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে চাই না।’ একই সঙ্গে প্রতিরক্ষা ব্যয় নিয়ে মাদ্রিদের সঙ্গে চলমান বিরোধের প্রসঙ্গ টেনে তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের ক্ষেত্রে ‘সবকিছু বন্ধ করে দিতে’ বলেন।

ট্রাম্প আবারও ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের প্রতি নিজের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘গ্রিনল্যান্ড আমাদের জন্য একটি বড় বিষয়। এটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, বিশ্বের নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেনমার্কের এতে কোনো উপকার নেই, কিন্তু আমাদের রয়েছে।’

এর আগে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ট্রাম্পের আগের দিনের মন্তব্যের জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘গ্রিনল্যান্ড অবশ্যই বিক্রি হবে না।’

মিত্রদের উদ্বেগের প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে।

এর আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে উদ্বিগ্ন মিত্র দেশগুলোর আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেন। তিনি বলেন, সামরিক জোটটির প্রতি ওয়াশিংটনের ‘পূর্ণাঙ্গ অঙ্গীকার’ রয়েছে এবং মিত্ররা ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার তুরস্কে পৌঁছানোর পর ট্রাম্প প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রশংসা করেন এবং তাদের মধ্যে ‘দারুণ বোঝাপড়া’ রয়েছে বলে মন্তব্য করেন। ইউরোপীয় মিত্রদের প্রতি তার দীর্ঘদিনের অসন্তোষের বিপরীতে এই বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী।

৭৭ বছর বয়সী এই ট্রান্স-আটলান্টিক সামরিক জোটের জন্য সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিজেদের ভূমিকা কমিয়ে আনতে চাওয়ায় ট্রাম্প সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চাপ দিয়ে আসছেন।

মূল অধিবেশনের আগের দিন ন্যাটো জানায়, ২০২৬ সালে ইউরোপের মূল প্রতিরক্ষা ব্যয় ১১ শতাংশ বেড়ে ৬৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের ৫৭১ বিলিয়ন ডলার থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি।

ট্রাম্পের সঙ্গে নতুন কোনো বিরোধ এড়াতে মঙ্গলবার ন্যাটো সদস্যরা প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে কয়েক দশক বিলিয়ন ডলারের নতুন অস্ত্রচুক্তি ঘোষণা করেছে।

রুটে বুধবার বলেন, ‘গতকাল ছিল দারুণ সফল একটি দিন।’ তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার হুমকির মুখে নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব আরও বেশি করে গ্রহণের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ‘এটি মার্কিন প্রেসিডেন্টের জন্য একটি বড় বিজয়।’

ন্যাটো যখন ট্রাম্পের দৃষ্টি সদস্য দেশগুলোর বাড়তে থাকা প্রতিরক্ষা ব্যয়ের দিকে রাখতে চাইছে, তখন অচলাবস্থায় থাকা ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টাও আবার আলোচনায় উঠে এসেছে। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যুদ্ধরত উভয় পক্ষই সমঝোতায় পৌঁছাতে চায়।

তিনি বলেন, ‘আমার মনে হয় তারা উভয়েই একটি চুক্তি করতে চায়।’

বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।

আলোচনা স্থবির হয়ে পড়ায় তুরস্কে যাওয়ার আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। একজন মার্কিন কর্মকর্তা জানান, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি পুতিনের সঙ্গে আবারও যোগাযোগ করবেন।

ইউরোপ ও কানাডা ২০২৬ ও ২০২৭—উভয় বছরেই ইউক্রেনকে বছরে ৭০ বিলিয়ন ইউরো (প্রায় ৮০ বিলিয়ন ডলার) সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে যাচ্ছে।

ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গেও বৈঠক করবেন। বহু বছরের গৃহযুদ্ধের পর আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়ার ভাবমূর্তি পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এই বৈঠকের একদিন আগে সিরিয়ার প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানান। তবে রাজধানী দামেস্কে জোড়া বোমা হামলায় ১৮ জন আহত হওয়ায় সেই সফর আংশিকভাবে ম্লান হয়ে যায়।

ইরান সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্রের বাহিনীকে ঘাঁটি ব্যবহারে কিছু মিত্র দেশের আরোপিত বিধিনিষেধ নিয়ে ট্রাম্প এখনও অসন্তুষ্ট হলেও তিনি এরদোয়ানের জন্য একটি ইতিবাচক বার্তা দেন। তিনি বলেন, তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনা করবেন এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে পারেন।

রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে ২০১৯ সালে এফ-৩৫ কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকে দেশটি পুনরায় কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়া এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব নিষেধাজ্ঞার কারণে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে এবং তুরস্কের প্রতিরক্ষা প্রকল্পগুলোও বাধাগ্রস্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্য ইউরোপের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নেতৃত্ব দেবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


যুক্তরাজ্য ইউরোপের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নেতৃত্ব দেবে

যুক্তরাজ্য আগামী প্রজন্মের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের উদ্দেশ্যে অর্থায়ন বৃদ্ধি করতে প্রায় এক ডজন ইউরোপীয় দেশের একটি জোটের নেতৃত্ব দিতে চলেছে। এই বিষয়টি বুধবার ব্রিটিশ সরকার জানিয়েছে।

এএফপি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এই পরিকল্পনার বিস্তারিত ঘোষণা দেওয়ার বিষয়ে আলোকপাত করেছেন।

স্টারমার বুধবার সম্মেলনের সময় প্রায় এক ডজন ইউরোপীয় অংশীদার দেশের নেতাদের নিয়ে এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করবেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই উদ্যোগের আওতায় আগামী ১০ বছরের মধ্যে ন্যাটো মিত্রদের ইউরোপজুড়ে প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা জোরদার করার লক্ষ্যে অত্যন্ত নির্ভুল দীর্ঘপাল্লার হামলা পরিচালনায় সক্ষম ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের জন্য ৫০ বিলিয়ন মার্কিন ডলার (বর্তমানে প্রায় ৩৭ বিলিয়ন ইউরো) ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

এছাড়াও, এই বিনিয়োগের মাধ্যে ন্যাটোর ভবিষ্যৎ অস্ত্রভাণ্ডারে আরও আধুনিক অস্ত্র যুক্ত হবে। এই ক্ষেপণাস্ত্রগুলি অন্তত ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে, এবং কিছু ক্ষেত্রে ২ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারবে।

স্টারমার বুধবার এক বিবৃতিতে জানান, ইউক্রেন যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষাপটে তিনি ন্যাটো নেতাদের প্রতি জোটের ঐক্য ও শক্তি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নিজ নিজ দেশের নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সুরক্ষিত রাখতে আমাদের মিত্র হিসেবে ভবিষ্যতের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে হবে।’

৭৭ বছর পুরোনো ট্রান্স-আটলান্টিক সামরিক জোটের জন্য এই সম্মেলনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে ধীরে ধীরে নিজেদের ভূমিকা কমাচ্ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর কঠোর সমালোচনা করছেন।

তুরস্কের রাজধানী আঙ্কারায় উত্তেজনাপূর্ণ এই সম্মেলনের দ্বিতীয় দিনে ট্রাম্প ন্যাটোর ৩২টি সদস্য দেশের নেতাদের সঙ্গে ঐতিহ্যবাহী যৌথ আলোকচিত্রে অংশ নেন। পরে তিনি কার্য অধিবেশনে যোগ দেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বহুল প্রতীক্ষিত বৈঠক করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%