ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

৩০ কোটি টাকায় নির্মিত সেতুর সংযোগ সড়ক চালুর দাবি গাইবান্ধাবাসীর


৩০ কোটি টাকায় নির্মিত সেতুর সংযোগ সড়ক চালুর দাবি গাইবান্ধাবাসীর

জেলা শহরের দুইটি গুরুত্বপূর্ণ প্রবেশ পথে নির্মিত দু’টি সেতু দুই বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সংযোগ সড়ক না থাকায়, সেতু দু’টি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হচ্ছে না। ফলে, নির্মাণ সম্পন্ন হওয়ার পর, আজ পর্যন্ত সেতু দু’টি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, ঝুঁকিপূর্ণ এবং পুরনো সরু সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

গাইবান্ধা জেলা সড়ক ও জনপথ বিভাগ জানায়, জেলা শহরের যানজট কমাতে এবং পুরনো ঝুঁকিপূর্ণ সেতুগুলোর বিকল্প হিসেবে, সড়ক ও জনপথ বিভাগ দু’টি নতুন সেতু নির্মাণ করে। একটি সেতু গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর ওপর নির্মিত ‘ঘাঘট-২ সেতু’, যার দৈর্ঘ্য প্রায় ৭৬ মিটার। অপরটি গাইবান্ধা-বালাসীঘাট সড়কের পুলবন্দি এলাকায় নির্মিত ‘আলাই সেতু’, যার দৈর্ঘ্য প্রায় ৯০ মিটার।

দু’টি সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের শেষ দিকে এবং ২০২৪ সালের জুনে তা সম্পন্ন হয়। প্রকল্পের মোট ব্যয় প্রায় ৩০ কোটি টাকা। কিন্তু সেতু দু’টি প্রস্তুত থাকলেও, সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায়, এগুলো এখনো ব্যবহার উপযোগী হয়নি। ফলে নতুন সেতুর দুই প্রান্তে রাস্তা না থাকায়, যানবাহন চলাচল করতে পারছে না। বাধ্য হয়ে স্থানীয়রা পুরনো, সংকীর্ণ এবং ঝুঁকিপূর্ণ সেতুগুলোই ব্যবহার করছেন।

আরও পড়ুন: "পাল্টা অভিযোগ সৌদি প্রবাসী কাদির মিয়ার" কুলিয়ারচরে মেম্বার প্রার্থী পারভেজকে জড়িয়ে সংবাদ প্রকাশ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যাতায়াতকারীদের দাবি, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেতুগুলো নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছে। তারা আরও আশঙ্কা করছেন, পুরনো সেতুগুলো যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা পৌর শহরে আলাই নদীর ওপর একটি সেতু নির্মিত। যেটি দিয়ে ফুলছড়ি ও জেলা শহরের একমাত্র যাতায়াতের ব্যবস্থা। নির্মিত সেতুর পাশেই বহু বছরের একটি সরু অকোজো ব্রীজ। সেই পুরনো অকোজো ব্রীজ দিয়েই প্রতিদিন হাজার হাজার পথচারীসহ অসংখ্য যানবাহন চলাচল করছে। শুধুমাত্র সংযোগ সেতুর অভাবে ব্যয়বহুল নির্মিত সেতুটি মানুষের কাজে আসছে না। শহরের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর ওপর নির্মিত সেতুটির পাশেও পুরাতন একটি ব্রিজ দিয়ে গাইবান্ধা জেলা শহর ও সুন্দরগঞ্জ উপজেলার অসংখ্যা যানবাহনসহ পথচারীরা চলাচল করছেন। এই সেতুটি কাজ সম্পন্ন হলেও, শুধু সংযোগ সড়কের অভাবে চালু করা সম্ভব হয়নি। এতে দু’টি উপজেলার অসংখ্যা যানবাহন জেলা শহরের প্রবেশদ্বারে এসে আটকা পড়ে। সেই জ্যামে নাকাল হয়ে পড়ছেন শহরবাসী।

গাইবান্ধা জেলা শহরের অটো চালক হুমায়ন মিয়া বাসস’কে বলেন, সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু শুধু মাত্র সংযোগ সড়ক না থাকায় নিউ ব্রিজ রোড এলাকার পুরাতন সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বড় কোনো দুর্ঘটনার আগেই নতুন সেতু চালু করার প্রয়োজন রয়েছে।

পুলবন্দি এলাকার শাহরিয়ার বলেন, নতুন সেতু চোখের সামনে, কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। পুরনো ভাঙা সেতু দিয়েই চলাচল করতে হচ্ছে মানুষদের। তিনি দ্রুত সংযোগ সড়ক চালুর দাবি জানান।

আরও পড়ুন: কিশোর-যুবকদের শিক্ষামূলক কর্মসূচিতে যুক্ত করতে চান ছাত্রদল নেতা কাওসার খান

গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন বাসস’কে জানান, সেতু নির্মাণ শেষ হলেও, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কের কাজ আটকে আছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'একমুখী হামলাকারী ড্রোন' কেনার পরিকল্পনা নিউজিল্যান্ডের সামরিক বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ : সামরিক বাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে নিউজিল্যান্ড ‘একমুখী হামলাকারী ড্রোন’ কেনার পরিকল্পনা করছে, বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস পেঙ্ক এ বিষয়ে ঘোষণা দিয়েছেন।

২০২৫ সালে নিউজিল্যান্ড আধুনিক যুদ্ধের জন্য নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের একটি পরিকল্পনার ঘোষণা দিয়েছিল। এই পরিকল্পনার মধ্যে সাবমেরিন শনাক্তকারী হেলিকপ্টার এবং চালকবিহীন ড্রোনে বিনিয়োগের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এ সম্পর্কিত খবর বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

পেঙ্ক জানিয়েছেন, প্রচলিত ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় কম খরচের বিকল্প হিসেবে নিউজিল্যান্ড এমন হামলাকারী ড্রোন কিনতে চায়, যেগুলোতে পরিচালনার ক্ষেত্রে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ থাকবে।

তিনি বলেন, এসব ‘একমুখী হামলা ড্রোন’ বিস্ফোরক বহন করার সক্ষমতা নিয়ে আসবে।

প্রতিরক্ষামন্ত্রী পেঙ্ক জানিয়েছেন, ড্রোন সরবরাহকারী নির্বাচন করার প্রক্রিয়া নিউজিল্যান্ড শিগগিরই শুরু করতে যাচ্ছে। বিশেষ করে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার আগ্রহ তাদের রয়েছে।

তিনি আরও জানান, নিউজিল্যান্ড সমুদ্র নজরদারির উদ্দেশ্যে দীর্ঘপাল্লার কিন্তু অস্ত্রবিহীন ড্রোন কেনার বিষয়েও চিন্তা-ভাবনা করছে।

কিছু দশক পরে সবচেয়ে ‘চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ’ নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে নিউজিল্যান্ড ২০২৫ থেকে সামরিক বাহিনী পুনর্গঠনে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

যদিও নিউজিল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তির মিত্র নয়, কিন্তু ওয়েলিংটন এবং ওয়াশিংটনের মধ্যে একটি ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলা নিয়ে বেফাঁস মন্তব্য আরাগচির: ইরানি রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


ভেনেজুয়েলা নিয়ে বেফাঁস মন্তব্য আরাগচির: ইরানি রাষ্ট্রদূতকে তলব

ভেনেজুয়েলা সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির একটি মন্তব্যের ফলস্বরূপ, দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করা হয়েছে কারাকাসের পক্ষ থেকে। মঙ্গলবার, ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তাকে তলব করে এক কড়া প্রতিবাদ জানিয়েছে।

সূত্র অনুযায়ী, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার প্রসঙ্গে মন্তব্য করে আরাগচি জানিয়েছেন, ইরান ভেনেজুয়েলা নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে চলবে।

এই মন্তব্যটি ভেনেজুয়েলার প্রতিষ্ঠান এবং সরকারের প্রতি অবজ্ঞাপূর্ণ মনে করছে কারাকাস। এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের তরফ থেকে ভেনেজুয়েলার প্রতিষ্ঠান ও সরকার সম্পর্কে অবজ্ঞাপূর্ণ ও অসঙ্গত কথাবার্তার জন্য দেশের রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করে নোট অব প্রটেস্ট প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে ইরান ও ভেনেজুয়েলা একে অপরের বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত। তাদের মধ্যে জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে গভীর সম্পর্ক বিদ্যমান। ২০২০ সালে, ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটে ইরান জ্বালানি তেল সরবরাহ করেছিল এবং ২০২৫ সালে নিষেধাজ্ঞা চলাকালীন টিকা পাঠিয়ে সহায়তা করেছিল।

তবে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি নতুনভাবে মুখোমুখি হয়েছে। গত ৩ জানুয়ারি, কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ট্রাম্প প্রশাসন। বর্তমানে তারা দুজনেই নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। এই নাজুক পরিস্থিতির মধ্যে, আরাগচির এমন মন্তব্য দুই মিত্র দেশের দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে ইজিবাইকে গাঁজা বিক্রির সময় মাদক কারবারি আটক, ১ কেজি গাঁজাসহ ইজিবাইক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী - কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


নাগেশ্বরীতে ইজিবাইকে গাঁজা বিক্রির সময় মাদক কারবারি আটক, ১ কেজি গাঁজাসহ ইজিবাইক জব্দ

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মফিজুল ইসলাম (৩২) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) নাগেশ্বরী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মফিজুল ইসলাম উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নওডাঙ্গা স্কুলপাড়া (১ নম্বর ওয়ার্ড) এলাকার আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কলেজ মোড়ের পূর্ব পাশে একটি ইজিবাইকে বসে একজন ব্যক্তি গাঁজা বিক্রি করছেন। বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করার পর তাঁর নির্দেশে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইকের ভেতরে তার দুই পায়ের মাঝখানে লুকিয়ে রাখা হলুদ কসটেপ ও সাদা পলিথিনে মোড়ানো প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ৫ ব্যাটারিচালিত নীল রঙের ইজিবাইক এবং একটি আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা আলামতের মোট আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ইজিবাইকের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নাগেশ্বরী থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘ভালো’ বৈঠকের কথা জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘ভালো’ বৈঠকের কথা জানালেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জানিয়েছেন, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ‘ভালো বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ওই বৈঠকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের জন্য ইন্টারসেপটর উৎপাদনের লাইসেন্স নিয়ে আলোচনা করা হয়েছে এবং রাশিয়ার সঙ্গে আলোচনাকে পুনরুজ্জীবিত করার উপায় নিয়েও কথা হয়েছে।

জেলেনস্কি এক ঘণ্টার কিছু বেশি সময় ধরে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। এই আলোচনা এমন সময়ে হলো, যখন কিয়েভ ও মস্কো দূরপাল্লার হামলা বৃদ্ধি করেছে এবং যুদ্ধের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদটি জানিয়েছে। বৈঠকের পর এক্সের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের মানুষের জীবন রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা একসঙ্গে যা করছি, তার জন্য সবকিছুর প্রতি কৃতজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স এবং সহায়ক হতে পারে এমন আরও কয়েকটি ধারণা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি। আমরা কূটনীতি নিয়েও কথা বলেছি। কূটনৈতিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা গুরুত্বপূর্ণ।’

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বৈঠকটিকে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ হিসেবে মন্তব্য করেছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে জেলেনস্কি ও ট্রাম্পের সম্পর্ক উষ্ণ হয়ে উঠেছে। চলতি মাসের শুরুতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা যুদ্ধের অবসানে সহায়ক হতে পারে।

বৈঠকের আগে ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানান, কিয়েভের প্রধান অগ্রাধিকার হলো নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র সরবরাহ করা এবং চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর কূটনৈতিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাশিয়া কঠিনভাবে প্রতিহত করা যায় এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়ানোর ফলে গত মাসটি এপ্রিল ২০২২-এর পর ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের ওই কর্মকর্তা বলেন, ‘ওয়াশিংটনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি প্যাকেজ কেনার অনুমোদন দেওয়া অত্যন্ত জরুরি। এটি খুবই গুরুত্বপূর্ণ।’

জেলেনস্কি বলেছেন, গ্রাহামের মৃত্যুর জন্য তিনি ট্রাম্পকে সমবেদনা জানিয়েছেন। তিনি গ্রাহামকে ‘ইউক্রেনের প্রকৃত বন্ধু’ আখ্যা দিয়েছেন।

গত বছর ক্ষমতায় ফেরার পর, ট্রাম্প কিয়েভে যুক্তরাষ্ট্রের সরাসরি অস্ত্র সরবরাহ বন্ধ করেছিলেন। তবে তিনি ইউরোপীয় দেশগুলোকে ইউক্রেনের জন্য অস্ত্র কেনার অনুমতি দেন। তারপরও, যুক্তরাষ্ট্র ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে অবশিষ্ট রয়েছে। ওয়াশিংটন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে এবং যুদ্ধক্ষেত্রের যোগাযোগ ব্যবস্থার জন্য স্টারলিংক স্যাটেলাইট ব্যবস্থার সুবিধা প্রদান করছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওভাল অফিসে দুই নেতার তীব্র বাকবিতণ্ডার পর তাঁদের সম্পর্কের উন্নতি ঘটেছে। ওই সময়ে ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ তুলেছিলেন এবং তাঁকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন’ বলে মন্তব্য করেন।

চলতি মাসে তুরস্কে সর্বশেষ বৈঠকে, ট্রাম্প জেলেনস্কির ‘অসাধারণ কাজের’ প্রশংসা করেন এবং কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার প্রস্তাব দেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ওয়াশিংটনের অগ্রাধিকার তালিকায় ইউক্রেনের আলোচনা পিছিয়ে পড়ার কারণে কূটনৈতিক প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে জেলেনস্কি গত সপ্তাহে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনা করেন।

রাশিয়ার দাবি করা ইউক্রেনের ভূখণ্ড নিয়ে মতবিরোধের কারণে যুক্তরাষ্ট্রের আগের মধ্যস্থতার উদ্যোগগুলো ব্যর্থ হয়েছে।

হোয়াইট হাউসের বৈঠক ও গ্রাহামের স্মরণসভা শেষে, জেলেনস্কি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত দ্বিদলীয় বিলের প্রাথমিক প্রক্রিয়াগত ভোটের আগে সিনেটরদের উদ্দেশে বক্তব্য দেন। গ্রাহাম এক বছরের বেশি সময় ধরে এই বিলের পক্ষে কাজ করেছেন। মৃত্যুর অল্প আগে তিনি সংশোধনী নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছিলেন। কিছু ডেমোক্র্যাট উদ্বেগ প্রকাশ করেন যে, বিলের কিছু ধারা রাশিয়ার জ্বালানি কিনছে এমন দেশগুলোর উপর শুল্ক আরোপে ট্রাম্পের ক্ষমতা বৃদ্ধি করবে।

তবে, দ্বিদলীয় ভোটে বিলটি চূড়ান্ত অনুমোদনের দিকে এগোচ্ছে। এতে প্রতিনিধি পরিষদের ওপর চাপ বাড়ছে, যেখানে বিলটি নিয়ে আরও বেশি মতভেদ রয়েছে।

এদিকে, গত বছরের আগস্টে আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিনের বৈঠকের পর মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক তীব্রভাবে শীতল হয়ে যায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা বৃদ্ধি যুদ্ধকে দীর্ঘায়িত করবে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার তেল ডিপো, শোধনাগার ও জাহাজ চলাচল ব্যবস্থার ওপর হামলা জোরদার করেছে, যাতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। শেষের দিকে জেলেনস্কির ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে কিয়েভ রাশিয়ার দিকে কয়েক শত ড্রোন পাঠায়। অন্যদিকে, মস্কো গত রাতে ইউক্রেনের ওপর শতাধিক ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে, ওডেসা বন্দর এবং ইউক্রেনের কৃষিপণ্য বহনকারী জাহাজেও হামলা অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%