ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার


বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি উল্লেখ করে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি আখ্যা দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

তিনি বুধবার (১৮ নভেম্বর) ফেসবুকে একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। বৃহস্পতিবার ‘গোপালগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে তার ভিডিও বার্তাটি প্রকাশিত হয়।

ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ উল্লেখ করেন, "আমি বিশ্বাস করি যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন।" তিনি বলেন, "আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার রাজনীতিতে প্রবেশের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য ছিল নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করা।" তিনি জানান, "আমার মাটির মানুষের মধ্যে যারা জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের হয়ে কথা বলাই ছিল আমার লক্ষ্য।" এই লক্ষ্য নিয়ে তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে এনসিপির টুঙ্গিপাড়া উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তার কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারি তথা নির্বাচন পর্যন্ত ছিল।

আরও পড়ুন: দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: রিজভী

নির্বাচন-পরবর্তী সময়ে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণ ব্যাখ্যা করে মুতাসিম বিল্লাহ বলেন, "নির্বাচন-পরবর্তী সময়ে নানাবিধ ব্যস্ততা, চাকরি, ফ্যামিলি ও ক্যারিয়ারের ব্যস্ততায় আমি রাজনীতিতে আর সক্রিয় হতে পারিনি।" তিনি জানান, "যারা আমার ব্যাপারে খবর রেখেছেন, দেখেছেন, তারা আমার বিষয়ে অবগত রয়েছেন।"

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, "উক্ত সময়ের মধ্যে আমি যদি কাউকে আমার অজান্তে বা মনের ভুলে কোনো কাজ বা কথার মাধ্যমে কষ্ট দিয়ে থাকি, সে জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।" তিনি যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুতাসিম বিল্লাহ বলেন, "আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে আমি মুতাসিম বিল্লাহ এখন থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে স্বেচ্ছায় বিদায় নিচ্ছি।" তিনি যোগ করেন, "এই মাটি ও মানুষের জন্য, দেশের জন্য যেকোনো সময় যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমি তার জন্য অবশ্যই প্রস্তুত থাকব, ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন: খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা সুলতান সালাউদ্দিন টুকুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স শুরু

আস-সুন্নাহ ফাউন্ডেশন নতুন প্রশিক্ষণ কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা দক্ষ উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে। এই কোর্সের মাধ্যমে দক্ষতার সাথে মিষ্টি তৈরির প্রশিক্ষণ প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৫০ হাজার টাকার মূল্যমানের কোর্সটি মাত্র ২ হাজার টাকায় করা যাবে। কোর্স শেষ করার পর ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকার উদ্যোক্তা-সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, মিষ্টি ও মিষ্টান্ন আমাদের জীবন-সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত একটি প্রাচীন আবেগ। বিয়ের মতো আনন্দের উপলক্ষে মিষ্টির প্রয়োজন হয়। সন্তান জন্ম, পরীক্ষায় ভালো ফলাফল, চাকরি প্রাপ্তি কিংবা নতুন আত্মীয়বাড়িতে যাওয়ার সময়ও মিষ্টি আমাদের সঙ্গে থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে মিষ্টির বিশাল বাজার রয়েছে, তবে চাহিদার তুলনায় দক্ষ কারিগর ও উদ্যোক্তার অভাব রয়েছে। এই শূন্যতা পূরণের লক্ষ্যে মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ শুরু করা হয়েছে। ৫০ হাজার টাকার কোর্সটি মাত্র ২ হাজার টাকায় করা যাবে।

প্রশিক্ষণে যা থাকছে:

বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা।

উন্নত মানের মিষ্টান্ন তৈরির আধুনিক কলাকৌশল।

ব্যবসায়িক ব্যবস্থাপনা, বিপণন ও হিসাব-নিকাশ।

মৌলিক ইসলামি জ্ঞান ও বিশেষ দাওয়াহ কোর্স।

যোগ্যতা:

আবেদনকারীকে মিষ্টির দোকানে ৩–৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীকে দরিদ্র, পরিশ্রমী ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা সম্পন্ন হতে হবে।

বয়স: ১৮–৪৫ বছর (পুরুষদের জন্য)।

সুবিধা:

যাদের পরিবার সম্পূর্ণ নির্ভরশীল, তাদেরকে কোর্স চলাকালীন প্রতি মাসে ৫ হাজার টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে।

কোর্স শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ৫০,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত মূলধন প্রদান করা হবে, যা তাদের নতুন ব্যবসা শুরু ও প্রসারের ভিত্তি হিসেবে কাজ করবে।

আবেদন প্রক্রিয়া:

এই লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করুন। এরপর ফরমটি হাতে লিখে পূরণ করে কুরিয়ারে অথবা সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জমা দিন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঠিকানা: প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।

গুগল ম্যাপ লোকেশন: https://maps.app.goo.gl/boxRREzCoiqn7d716

আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগিরই মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ কার্যক্রমটি আরও বৃহৎ পরিসরে সবার জন্য উন্মুক্ত করা হবে, ইনশাআল্লাহ। বৃহৎ সেই আয়োজনে প্রবাসফেরত, সচ্ছল-অসচ্ছল, নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তা হতে আগ্রহী তরুণ এবং মিষ্টান্ন শিল্পে কাজ করতে আগ্রহী নতুন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায়কে ঐতিহাসিক বললেন গাম্বিয়ার আইনজীবীদল প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায়কে ঐতিহাসিক বললেন গাম্বিয়ার আইনজীবীদল প্রধান

গাম্বিয়ার আইনজীবীদলের সদস্য ও আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডস রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন।

তিনি বিবিসি রেডিও ফোরের ‘দ্য ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, এই রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে নুরেমবার্গ বিচার এবং চিলির সাবেক স্বৈরশাসক অগাস্টো পিনোশের বিচারের মতো গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে স্থান করে নেবে।

তবে তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা গণহত্যার শিকার ব্যক্তিদের জন্য এটি আনন্দ ও বেদনার একটি মুহূর্তও বটে।

স্যান্ডস আরও বলেন, আজ সকালে আদালতে তিনি দুই থেকে তিন ডজন রোহিঙ্গা ভুক্তভোগীর সঙ্গে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের আবেগ-অনুভূতি কেমন ছিল, তা সহজেই অনুমেয়।

মিয়ানমারের ওপর আদালতের আরোপিত ক্ষতিপূরণ ও প্রতিকারমূলক ব্যবস্থার প্রসঙ্গে তিনি জানান, রোহিঙ্গাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে মিয়ানমারকে দুই বছরের সময় দেওয়া হয়েছে।

তবে তিনি মনে করেন, অধিকাংশ রোহিঙ্গার বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার কারণে বিষয়টি বাস্তবায়ন করা কঠিন হবে। এ ক্ষেত্রে ভুক্তভোগীদের কী পরিমাণ ক্ষতিপূরণ প্রাপ্য, তা আদালত পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করবে।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে অন্তত সাড়ে ৭ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তারা হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক শেখ ফরিদ উদ্দিনের মৃত্যু, শোক প্রকাশ বিভিন্ন সংগঠনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


সাংবাদিক শেখ ফরিদ উদ্দিনের মৃত্যু, শোক প্রকাশ বিভিন্ন সংগঠনের

সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন (৫০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।

শেখ ফরিদ উদ্দিন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে লিভার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ছিলেন এবং দৈনিক দিনকালের সাবেক স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

মৃত্যুকালে তিনি বাবা-মা, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত এমপির কাছে ইমাম-খতিব উলামা পরিষদের দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


জামায়াত এমপির কাছে ইমাম-খতিব উলামা পরিষদের দুঃখ প্রকাশ

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তেজগাঁও ইমাম-খতিব উলামা পরিষদের নেতারা।

বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সদস্যের কার্যালয়ে পরিষদের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোমতাজীর নেতৃত্বে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, উলামা পরিষদের সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা লিয়াকত আলী, জামায়াতের শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ এবং ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন।

এছাড়া পরিষদের সদস্য মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, মাওলানা রুকনুদ্দীন, মাওলানা আবুল খায়ের ফোরকানী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ইব্রাহীম, মাওলানা মুহাম্মাদ মুরশিদ আলম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা মাসউদুর রহমানসহ স্থানীয় অন্যান্য আলেম-উলামা ও নেতারা উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ এই মতবিনিময় সভায় গত ১৭ অক্টোবর শিল্পাঞ্চলে একটি মাহফিলে সংসদ সদস্যের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত আচরণের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নেতারা দেশের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন।

এ সময় সংসদে খতমে নবুওয়াতের সুরক্ষায় বিল উত্থাপন, ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের কাছে পেশ করেন।

সভায় নেতারা ১৭ অক্টোবরের মাহফিলে সংঘটিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তাঁরা সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান যে, তাঁদের উত্থাপিত দাবিগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখবেন।

জবাবে সাইফুল আলম খান মিলন জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী জাতীয় সংসদে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%