ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত


সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৭) নামে একজন আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে ছিলেন। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। উজ্জ্বল ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন।

নিহতের বড় বোন শামীমা আক্তার জানাচ্ছেন, উজ্জ্বল ছুটি কাটানোর জন্য বাড়িতে এসেছিল। আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা থানার দিকে আসছেন। থানায় এলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, উজ্জ্বল হোসেন দীর্ঘদিন ধরে অসহায় ও মুমূর্ষু রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রক্তের প্রয়োজনে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে মানবতার একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বেচ্ছাসেবী, রক্তদাতা এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংস্কার করতে হবে : আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংস্কার করতে হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংবিধান সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে। তিনি উল্লেখ করেছেন, সংবিধান সংস্কার নিয়ে যে সব মতামত আসবে সেগুলো যদি বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য হয়, তাহলে সেগুলোকে বিবেচনা করে গ্রহণ করা হবে।

তিনি সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজন ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, অনেকেই বলেছিলেন বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলতে হবে। কিন্তু সংবিধান সংস্কার সম্পর্কে যা কিছুই করা হবে, তাতে বাহাত্তরের সংবিধানকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। কারণ বাহাত্তরের সংবিধান বর্তমানে বলবৎ আছে।

আসাদুজ্জামান বলেন, যারা সংবিধান সংস্কারে মতামত দেবেন, তাদের বিবেচনায় নিয়ে, যদি তা গ্রহণযোগ্য হয় তা গ্রহণ করা হবে। সংবিধান এবং সংস্কার সম্পর্কে বাস্তবসম্মত চিন্তা করা প্রয়োজন।

এসময় আইনমন্ত্রী সরকারের সমালোচনার বিষয়েও কথা বলেছেন। তিনি মন্তব্য করেন, মন্ত্রীদের তোপের মুখে না রাখলে সরকার সঠিক পথে চলতে পারবে না।

এছাড়াও তিনি বলেন, তোপের মুখে রাখা এবং সরকারের সমালোচনা চালিয়ে যেতে হবে। সরকার স্তুতি করা উচিত নয় এবং এ সমস্যায় ভাষা প্রয়োগের ক্ষেত্রে সচেতনতা কাম্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ভারতের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


বাংলাদেশ-ভারতের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিতে যেসব জায়গায় উন্নয়নের সুযোগ রয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিতে সীমান্তগুলো পুরোপুরি কার্যকর করা, বর্ডার হাট পুনরায় চালু এবং স্থলপথে সুতা আমদানি পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ল্যান্ড বর্ডারগুলো পুরোপুরি কার্যকর করা, বর্ডার হাট পুনরায় চালু করা এবং স্থলপথে সুতা আমদানি পুনরায় চালুর বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া সাব্রুমসহ আরো দু-একটি সড়কের বিষয়ও ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে নজরে আনা হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক ট্রানজিশন হয়েছে। এরপর দুই দেশের পক্ষ থেকেই আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এসেছে। তা সত্ত্বেও গত বছর দুই দেশের আন্তঃবাণিজ্য প্রায় ১৩ বিলিয়ন ডলার ছিল।

এর অর্থ হলো, অর্থনৈতিক বিবেচনা অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থের দিকটি দেখতে হবে। এর ফলে ভোক্তাদের কম মূল্যে পণ্য ও সেবা ভোগের সুযোগ করে দেওয়া সম্ভব হবে।

বাণিজ্যমন্ত্রী আরো জানান, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের অবকাঠামো ও ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগের জন্য দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্কে গতি আনা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র খোঁজা একটি চলমান প্রক্রিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনাই লক্ষ্য: সেতুমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০১:২০ পি.এম


২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনাই লক্ষ্য: সেতুমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০৩০ সালের মধ্যে কমিয়ে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য সরকারের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেছেন রেল, নৌ ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি এই কথা বলেছেন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে।

এ সময় সড়ক দুর্ঘটনার পাঁচটি কারণ তুলে ধরণ করে সড়কমন্ত্রী বলেছেন, আইন প্রয়োগ ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করবে সরকার।

তেজগাঁও সড়ক ভবনে এদিন বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্যোগে সড়ক দুর্ঘটনা পরবর্তী জরুরি সেবা প্রদানের জন্য ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং ৮০টি পেট্রোল মোটরসাইকেল হস্তান্তর করা হয়।

এসময়, সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সরকারের প্রচেষ্টা যোগাযোগের উন্নয়নের পাশাপাশি সড়ক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে।

অন্যদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সারাদেশে মহাসড়কের পাশে ২৪টি ট্রমা সেন্টার চালুর বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।

পাইলট প্রকল্পের সফলতার উপরে এ প্রকল্প রাজস্বখাতে আনার পরিকল্পনার কথা জানতে পারা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা একটি মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) আদালতে দিন ধার্য করা হয়েছে।

আজ রাজধানীর রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম বাসস’কে বিষয়টি জানালে তিনি বলেন, রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মজিবুর রহমান এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেন।

ডনকে রিমান্ডে নিতে তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামি আশরাফুল হক ডনকে সাত দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন করার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয়ত, মামলার এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামি আশরাফুল হক ডন অত্যন্ত সুচতুর ও ধুরন্ধর প্রকৃতির লোক। তাঁকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনায় জড়িত অপরাপর সহযোগী আসামিদের অবস্থান নির্ণয় করে গ্রেফতার করা সম্ভব হবে। বিধায়, মামলার প্রকৃত রহস্য উদঘাটনের নিমিত্তে ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিকে সাত দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

তৃতীয়ত, মামলার এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামি আশরাফুল হক ডন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন কৌশলে কী কারণে ও কার ইন্ধনে বিদেশে পলায়ন করছিলেন, উক্ত বিষয়ে তথ্য উদঘাটনসহ মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামিকে সাত দিনের পুলিশ রিমান্ডে এনে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ৯ আগস্ট ভোরে বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। একই দিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন- সালমান শাহের স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ (১৭)। এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। তবে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী পক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে মোহাম্মদ আলমগীর উল্লেখ করেছেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার বোন নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী), বোনের স্বামী কমর উদ্দীন আহমদ চৌধুরী এবং তাদের ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন যে সালমান ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর প্রডাকশন ম্যানেজার সেলিম ফোন করে জানান, সালমানের কিছু হয়েছে। তখন দ্রুত তারা বাসায় ফিরে দেখতে পান যে সালমান শয়নকক্ষে নিথর পড়ে আছেন এবং কয়েকজন বহিরাগত নারী তার হাত-পায়ে তেল মালিশ করছেন। পাশের কক্ষে সামিরার আত্মীয় রুবি বসেছিলেন। সালমানের মা চিৎকার করে তাঁকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। পথে তারা সালমানের গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখতে পান। তারা সালমান শাহকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, সালমান শাহ অনেক আগেই মারা গেছেন।

মোহাম্মদ আলমগীর এজাহারে আরও জানান, সালমানের পিতা কমর উদ্দীন আহমদ চৌধুরী তার মৃত্যুর আগে ছেলের মৃত্যুকে হত্যা বলে সন্দেহ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি দরখাস্ত দাখিল করেন। এতে তিনি রমনা থানার অপমৃত্যু মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা হিসেবে গ্রহণ এবং সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানান।

সালমানের পিতার মৃত্যুর পর তিনি তার বোনের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করছেন। মামলায় অভিযুক্তদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে থাকলে, প্রমাণ সাপেক্ষে তারা মামলার দায় থেকে অব্যাহতি পাবেন। এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%