০২:০৪ এম
রাজধানীর হাতিরঝিলে ‘এমলিনো ডায়াবিট রান’ অনুষ্ঠিত হয়েছে, যা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও সক্রিয় জীবনযাপনের বার্তা নিয়ে আয়োজন করা হয়। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার ভোরে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি রানিং কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করে দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ডায়াবেটিক পোর্টফোলিও ‘একমি’স ডায়াকেয়ার’। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসের মূল প্রতিপাদ্য ‘টেক আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’ সামনে রেখে আয়োজনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপ, শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাবরিনা জুনেদ, পরিচালক মতিউর রহমান সিনহা, এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. ফেরদৌস খান, পরিচালক (সেলস) গোবিন্দ গোস্বামী, হেড অব মার্কেটিং মোহাম্মদ জিয়াউদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর (ইন্টারন্যাশনাল বিজনেস) মো. হুমায়ুন কবির, এক্সিকিউটিভ ডিরেক্টর (প্ল্যান্ট অপারেশনস) ড. সৈয়দ এ এম মুস্তাফিজ বিল্লাহ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম মশিউর রহমান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: বিশ্ব প্রিম্যাচিওরিটি দিবসে এভারকেয়ার হাসপাতালে পেশেন্ট ফোরাম
আয়োজকদের মতে, সাধারণত ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর তা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে এবারের আয়োজনের মূল লক্ষ্য ছিল রোগটি হওয়ার আগেই স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ঝুঁকি কমানোর বার্তা ছড়িয়ে দেওয়া।
এ উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠানে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে সঠিক পদক্ষেপ গ্রহণ এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করেন হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. রুশদা শারমিন বিনতে রউফ। তিনি অংশগ্রহণকারীদের এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে আগাম পদক্ষেপ নেওয়ার বিষয়ে সচেতন করাই ছিল এ সেশনের উদ্দেশ্য।
এমলিনো ডায়াবিট রানে অতিথি দৌড়বিদ হিসেবে অংশ নেন দেশের প্রখ্যাত চিকিৎসক ডা. সাকলায়েন রাসেল, ডা. মো. কামরুল হাসান সোহেল, ডা. এ কে এম আহসান উল্লাহ এবং ডা. উজ্জ্বল কুমার মল্লিক। ডায়াবেটিস সচেতনতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সুস্থ জীবনযাপনের চর্চা প্রসারে চিকিৎসকদের এ অংশগ্রহণ আয়োজনের গুরুত্ব বাড়িয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাঁদের অংশগ্রহণের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত শারীরিক পরিশ্রম ও আগাম পদক্ষেপের প্রয়োজনীয়তার বার্তাও তুলে ধরা হয়।
মূল দৌড়ের আগে গত ১২ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘কিট এক্সপো’ ও কিট কালেকশন ডে অনুষ্ঠিত হয়। এদিন দৌড়বিদরা নিজেদের জার্সি ও কিট ব্যাগ সংগ্রহ করেন। অনুষ্ঠানে বডি মাস ইনডেক্স (বিএমআই) পরিমাপের জন্য বিশেষ চার্টের ব্যবস্থা ছিল। জার্সি সংগ্রহ করতে আসা দৌড়বিদ ও দর্শনার্থীরা নিজেদের উচ্চতা ও ওজনের ভারসাম্য যাচাই করেন।
আরও পড়ুন: প্রতি লাখে ৪-৫ জন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন: জুবাইদা রহমান
একমি’স ডায়াকেয়ারের আয়োজনে পুরো কার্যক্রম বাস্তবায়নে কাজ করে প্রতিষ্ঠানের অর্গানাইজিং টিম। এর নেতৃত্বে ছিলেন বিজনেস ইউনিট হেড মো. মাহবুবুর রহমান, গ্রুপ ইনচার্জ সুব্রত সরকার এবং টিম সদস্য রুসাত জাহিন আনমোল, উসাইদ মোস্তফা ও মো. ইশতিয়াক হুসাইন। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল আল্ট্রা ক্যাম্প রানার্স (ইউসিআর)।
আয়োজকদের মতে, ডায়াবেটিসের মতো নীরব ঘাতককে ভয় না পেয়ে শুরু থেকেই সচেতন হওয়া জরুরি। প্রতিদিন কিছুটা সময় হাঁটা বা দৌড়ানোর মতো অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। সুস্থ, কর্মচঞ্চল ও ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় থেকেই এ আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন