শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪৬ পি.এম
আন্তর্জাতিক বাজারে ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে, ভারতের ফিনটেক প্রতিষ্ঠান পেটিএম সিঙ্গাপুরভিত্তিক ডিজিটাল অর্থায়ন প্ল্যাটফর্ম ফান্ডিং সোসাইটিজের সঙ্গে অংশীদারিত্ব করতে যাচ্ছে। এই অংশীদারির আওতায়, প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ২ বিলিয়ন রুপি বা ২ কোটি ১৪ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে।
পেটিএম একটি বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে তাদের সিঙ্গাপুরভিত্তিক ইউনিট পেটিএম সিঙ্গাপুর ফান্ডিং সোসাইটিজের পেমেন্টস সহযোগী প্রতিষ্ঠান কার্ডআপে প্রায় ১ দশমিক ৬২ বিলিয়ন রুপি বিনিয়োগ করবে। এর বিনিময়ে, পেটিএম প্রতিষ্ঠানটির ১৯ দশমিক ১ শতাংশ মালিকানা অর্জন করবে। বাকি প্রায় ৩৮০ মিলিয়ন রুপি ফান্ডিং সোসাইটিজের অন্য কোনো সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হতে পারে বলে জানায় পেটিএম।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অংশীদারির আওতায় কার্ডআপের সঙ্গে ব্যবসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতা গড়ে তুলবে ভারতীয় প্রতিষ্ঠানটি। এই সহযোগিতার মাধ্যমে সিঙ্গাপুরে পেমেন্টস ও অন্যান্য আর্থিক সেবা সম্প্রসারণে কার্ডআপকে পেমেন্টস এবং ঋণপ্রযুক্তি সরবরাহ করবে পেটিএম।
পেটিএম জানায়, নির্বাচিত আন্তর্জাতিক বাজারে উপস্থিতি বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি অংশীদারনির্ভর ব্যবসায়িক মডেল অনুসরণ করবে। এই মডেলে স্থানীয় অংশীদাররা বিক্রয়, পণ্য বিতরণ ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করবে।
অন্যদিকে, প্রযুক্তি ও অন্যান্য সেবা দেওয়ার বিনিময়ে লাইসেন্স ফি, আয় ভাগাভাগি এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে অর্থ উপার্জন করবে পেটিএম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই কৌশলে তুলনামূলক কম মূলধন বিনিয়োগ করেই আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) পাকিস্তানি সাংবাদিক শহীদ মাইতলাকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। সংগঠনটি তার বিরুদ্ধে আনা সাইবার অপরাধের সব অভিযোগ প্রত্যাহার, অস্থিরতাপূর্ণ বেলুচিস্তান প্রদেশে স্থানান্তর না করার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জানায়, শহীদ মাইতলাকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে আটক করা হয়েছে। এ বিষয়ে বেলুচিস্তানের রাজনীতিবিদ আনোয়ার-উল-হক কাকার উর্দু ভাষার সংবাদমাধ্যম ‘ইনডিপেনডেন্ট’-কে জানান, শহীদ মাইতলার বিরুদ্ধে তিনিই অভিযোগ দায়ের করেছেন।
তিনি দাবি করেন, সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কয়েকটি পোস্টে তাকে দুর্নীতির সঙ্গে জড়িত বলে ইঙ্গিত করা হয়েছে। উল্লেখ্য, আনোয়ার-উল-হক কাকার ২০২৩ ও ২০২৪ সালে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানী ইসলামাবাদের একটি রেস্তোরাঁ থেকে শহীদ মাইতলাকে তুলে নিয়ে যান ইউনিফর্ম ও সাদা পোশাক পরা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এরপর মাইতলাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। তিনি পাকিস্তানের একজন সাবেক টেলিভিশন উপস্থাপক। বর্তমানে তিনি ‘ব্লুম পাকিস্তান ডিজিটাল’-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‘ভয়েসপিকে ডট নেট’-এর প্রতিবেদন অনুযায়ী, ১৮ নভেম্বর আদালতে শহীদ মাইতলার আইনজীবী হাবিব হানজালা বলেন, তার মক্কেলকে বেআইনিভাবে আটক করা হয়েছে। তিনি জানান, কয়েক মাস আগে শুরু হওয়া এই বিরোধের জেরে গ্রেপ্তার এড়াতে মাইতলা আগেই ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তার-পূর্ব জামিন নিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকে আটক করা হয়েছে।
মাইতলাকে কোয়েটায় নিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনসিসিআইএ) দুই দিনের সময় দিয়েছেন আদালত। তবে সংস্থাটি এ জন্য সাত দিনের সময় চেয়েছিল। মাইতলাকে বেলুচিস্তানে নিয়ে যাওয়ার পর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী হাবিব হানজালা। তিনি বলেন, নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)-এর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে মাইতলা হুমকির মুখে রয়েছেন।
আইনজীবী আরো উল্লেখ করেন, বিএলএ চলতি বছর প্রাণঘাতী হামলা জোরদার করেছে। এ কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে মাইতলার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।
সিপিজের আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক প্রতিনিধি ওয়ালিউল্লাহ রহমানি বলেন, আইনি সুরক্ষা ও আদালতের জামিন থাকা সত্ত্বেও পাকিস্তানি কর্তৃপক্ষ যেভাবে শহীদ মাইতলাকে অপহরণের মতো করে তুলে নিয়ে গেছে এবং তাকে অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে, তা দেশটিতে আইনের যথাযথ প্রয়োগ ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি চরম অবজ্ঞার পরিচয় দেয়।
তিনি আরো বলেন, কর্তৃপক্ষের উচিত অবিলম্বে ও নিঃশর্তভাবে মাইতলাকে মুক্তি দেওয়া, রাষ্ট্রীয় হেফাজতে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের ভয় দেখানোর হাতিয়ার হিসেবে সাইবার অপরাধ আইন ব্যবহার বন্ধ করা। কর্তৃপক্ষ মাইতলার বিরুদ্ধে ‘প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট’ (পিইসিএ)-এর আওতায় মামলা করেছে। পাকিস্তানে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই আইন ব্যাপকভাবে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর সাংবাদিক মুহাম্মদ বিলাল গৌরিও একইভাবে ইসলামাবাদে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন।
পরে এনসিসিআইএ জানায়, মাইতলাকে পিইসিএ আইনের আওতায় আটক করা হয়েছে। তার আটকের বিষয়ে মন্তব্য জানতে সিপিজের পক্ষ থেকে এনসিসিআইএর কাছে খুদে বার্তা পাঠানো হলেও সংস্থাটি কোনো জবাব দেয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে মালয়েশিয়ার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার জন্য এমটিসিপি (মালয়েশিয়ান টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম) অ্যালামনাইদের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার হাইকমিশন। একইসঙ্গে, বাংলাদেশিদের মধ্যে মালয়েশিয়ার পর্যটন ও চিকিৎসাসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য অ্যালামনাইদের সহযোগিতা চেয়েছে হাইকমিশন।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ-মালয়েশিয়া এমটিসিপি অ্যালামনাইদের একটি অনুষ্ঠানে এই তথ্য জানান বাংলাদেশে মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনল।
তিনি উল্লেখ করেন, এমটিসিপি অ্যালামনাইরা কেবল প্রশিক্ষণ কর্মসূচির সাবেক অংশগ্রহণকারী নন, বরং তারা মালয়েশিয়ার বন্ধু। মালয়েশিয়ায় তাদের অবস্থানকালে দেশটির আতিথেয়তা, সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য, জীবনযাপন ও উন্নয়ন প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। তিনি এসব ইতিবাচক অভিজ্ঞতা সহকর্মী, পরিবার এবং বাংলাদেশের বৃহত্তর জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
চার্জ দ্য অ্যাফেয়ার্স আরও বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক কেবল সরকারি বৈঠক, আনুষ্ঠানিক যোগাযোগ কিংবা চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। দুই দেশের জনগণের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠে।
তিনি জানান, এমটিসিপি অ্যালামনাইদের সঙ্গে হাইকমিশনের যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। হাইকমিশন এই আয়োজনকে এককালীন অনুষ্ঠান হিসেবে দেখতে চায় না। বরং ভবিষ্যতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে অ্যালামনাইদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
অনুষ্ঠানে হাজওয়ান হাসনল মালয়েশিয়ার পর্যটন খাতের প্রচারে বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, Visit Malaysia Year 2026–2027 সামনে রেখে আরও বেশি বাংলাদেশিকে মালয়েশিয়া ভ্রমণে উৎসাহিত করতে চায় হাইকমিশন। তিনি বাংলাদেশিদের মালয়েশিয়া যাওয়ার আহ্বান জানান, যাতে তারা শুধু ছুটি কাটানো কিংবা কেনাকাটার জন্য নয়, বরং দেশটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য, কেনাকাটার গন্তব্য এবং খাবারের বৈচিত্র্য উপভোগ করতে পারেন।
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার চিকিৎসা পর্যটন বা মেডিকেল ট্যুরিজমের সুযোগ তুলে ধরার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তিনি বলেন, আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্যসেবা পেশাজীবীদের মাধ্যমে মালয়েশিয়া মানসম্মত চিকিৎসাসেবার একটি গন্তব্য হিসেবে পরিচিতি অর্জন করেছে। হাইকমিশন দেশটিতে চিকিৎসার সুযোগ ও বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা সম্পর্কে বাংলাদেশিদের আরও বেশি জানাতে চায়।
এ ক্ষেত্রে এমটিসিপি অ্যালামনাইদের নিজ নিজ যোগাযোগ ও পরিচিত মহলে মালয়েশিয়ার চিকিৎসাসেবার সুযোগ সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া দুই দেশের সম্পর্ক জোরদারে সাংস্কৃতিক, ঐতিহ্য, খাদ্য ও জনকূটনৈতিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথা জানান হাজওয়ান হাসনল। এসব উদ্যোগের মধ্যে সাংস্কৃতিক আয়োজন, মালয়েশীয় খাবার উৎসব, ঐতিহ্যবিষয়ক প্রদর্শনী, পর্যটন কার্যক্রম ও সামাজিক যোগাযোগমূলক অনুষ্ঠান আয়োজনের বিষয় রয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়া হাইকমিশন আনুষ্ঠানিক যোগাযোগ ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে পারে। তবে অ্যালামনাইদের ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক প্রভাব ও নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও বিস্তৃত জনগণের কাছে পৌঁছানো সম্ভব।
এমটিসিপি অ্যালামনাই নেটওয়ার্ককে সাবেক প্রশিক্ষণার্থীদের একটি সংগঠনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশে মালয়েশিয়ার বন্ধু ও শুভেচ্ছাদূতদের সক্রিয় নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষার পাশাপাশি পর্যটন, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ-মালয়েশিয়া এমটিসিপি অ্যালামনাই সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী কাচারি বাড়ির সামনে থেকে নাপিতের পোল এলাকা পর্যন্ত মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে। মিছিলকারীরা একপর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ভবনের সামনের দরজায় পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় ভবনের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। তারা সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’এমন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের সঙ্গে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানার ছিল। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের সামনে গিয়ে প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময়ে অফিসটির বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। পরে তারা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ