১২:১৩ পি.এম
চীন থেকে ইরান হয়ে আফগানিস্তানে সরাসরি ট্রানজিট পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে, এটি প্রথমবারের মতো। ইরানের রেল নেটওয়ার্ক ব্যবহার করে একটি পণ্যচালান সফলভাবে আফগানিস্তানের হেরাত প্রদেশে পৌঁছে দিয়েছে।
গত রবিবার ইরানের সংবাদ সংস্থা ইলনার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্যের উল্লেখ রয়েছে। ইরান-আফগানিস্তান রেল করিডোরের প্রধান মুস্তাফা রেজায়ি জানান, চীন থেকে সরাসরি আফগানিস্তানে মালামাল পরিবহনের এটি একটি প্রথম ঘটনা, যেখানে পথে কোনো স্থানে পণ্য খালাস বা পুনরায় বোঝাই করা হয়নি।
মুস্তাফা রেজায়ি উল্লেখ করেন, ৫০০ টন এমডিএফ বোর্ডের চালানটি বেইজিংয়ে ট্রেনে তোলা হয়। এরপর ট্রেনটি তুর্কমেনিস্তান অতিক্রম করে ইরানের রেল নেটওয়ার্কে প্রবেশ করে। তারপর খাফ-হেরাত রেলপথ ব্যবহার করে হেরাত প্রদেশের রোজানাক স্টেশনে পৌঁছায়।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
তার ভাষ্য অনুসারে, এটি বেইজিং ও হেরাতের মধ্যে ইরানের ভূখণ্ড ব্যবহার করে সরাসরি রেল ট্রানজিট সেবা। তিনি এও জানান, প্রচলিত বাণিজ্যিক রুটের তুলনায় এ পথ ব্যবহার করে পণ্য পরিবহনের সময় এবং ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
রেজায়ি আরও বলেন, এই ট্রেন চলাচল খাফ-হেরাত রেল করিডোরকে বাণিজ্যিক ও ট্রানজিট কার্যক্রমের নতুন পর্যায়ে নিয়ে গেছে। ভবিষ্যতে যদি এই পথে পণ্য পরিবহনের পরিমাণ বাড়ে, তবে চীন, মধ্য এশিয়া, ইরান ও আফগানিস্তানের মধ্যে সংযোগ জোরদারের কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।
রেজায়ির মতে, যদি করিডোরটি সম্প্রসারিত হয় তাহলে ইরান ও আফগানিস্তানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনার ব্যয় কমবে এবং আঞ্চলিক বাণিজ্যের প্রতিযোগিতা সক্ষমতাও বৃদ্ধি পাবে।
সূত্র : আরিয়ানা নিউজ।
আরও পড়ুন: ভারত মহাসাগরে ১৩ দিনের যৌথ মিশনে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন