বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১১:০৪ পি.এম
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) নতুন প্রধান হিসেবে স্প্যানিশ অর্থনীতিবিদ পাবলো হার্নান্দেজ দে কোসকে নিয়োগ দেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা একমত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিয়েছেন।
৫৫ বছর বয়সী হার্নান্দেজ দে কোস প্রথম স্প্যানিশ নাগরিক হিসেবে জার্মানির ফ্রাঙ্কফুর্টভিত্তিক এই গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন হতে যাচ্ছেন। তিনি ফ্রান্সের ক্রিস্টিন লাগার্ডের স্থলাভিষিক্ত হবেন। ধারণা করা হচ্ছে, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আট বছরের অ-নবায়নযোগ্য মেয়াদে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর হিসেবে ইউরোজোনের অর্থনৈতিক সংকট ও চ্যালেঞ্জিং সময়ে ইসিবির হাল ধরতে যাচ্ছেন তিনি। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ইসিবির সুদের হার নির্ধারণী কাউন্সিলে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, ২০২৫ সালের জুলাই মাস থেকে তিনি ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের (বিআইএস) নেতৃত্ব দিয়ে আসছেন।
কূটনৈতিক মহল দে কোসকে একজন ‘স্থিতিশীল ও আস্থাশীল নেতৃত্ব’ হিসেবে দেখছেন, যাঁর বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং ঐকমত্য গড়ে তোলার সুনাম রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং কয়েকটি সদস্য রাষ্ট্রের ঋণের চাপ সামলানোর মতো জটিল বাস্তবতায় ইউরোজোনের মুদ্রানীতি পরিচালনায় তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারে অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণমিছিল করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা ও শহর শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই গণমিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। শহরের প্রধান সড়ক স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
গণমিছিলে আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বক্তারা এ সময় অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মিছিলে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক এবং শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে মিছিলটি নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের চলন্ত ট্রেনের ভিতরে তেলের প্রদীপ জ্বালিয়ে এক যাত্রীর ধর্মীয় আচার পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। বহু নেটিজেন অগ্নিনিরাপত্তা এবং সহযাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্রেনের কামরায় বসে এক ব্যক্তি শঙ্খ বাজাচ্ছেন এবং আরতি করছেন। তার পাশে একটি ছোট টেবিলে জ্বলন্ত মাটির প্রদীপ, হিন্দু দেবতার বাঁধানো ছবি, ফুল এবং অন্যান্য পূজার সামগ্রী সাজানো রয়েছে। ধুতি পরা এবং কপালে তিলক কাটা ওই যাত্রীকে চলন্ত ট্রেনের মধ্যেই এই পূজার আনুষ্ঠানিকতা পালন করতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তীব্র সমালোচনা শুরু করেছেন। জনাকীর্ণ একটি ট্রেনের কামরার ভেতরে কীভাবে খোলা আগুন জ্বালানোর অনুমতি দেওয়া হলো, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও ধর্মীয় আচার পালন ব্যক্তিগত পছন্দের বিষয়, তবুও বহু যাত্রীবহনকারী একটি বদ্ধ জায়গার ভেতরে তেলের প্রদীপ জ্বালানো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে।
ভারতীয় রেলের প্রতিক্রিয়া
ভাইরাল হওয়া এই ফুটেজের প্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে ঘটনাটি তদন্তের জন্য বিস্তারিত তথ্য চেয়েছে। রেল কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ‘রেলওয়ে সেবা’ অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে ভ্রমণের তারিখ, ট্রেন নম্বর এবং পিএনআর নম্বর শেয়ার করার অনুরোধ জানিয়েছে, যাতে ঘটনাটি শনাক্ত করে যথাযথ তদন্ত করা যায়।
এছাড়া ট্রেনের ভেতরে খোলা আগুন বা দাহ্য পদার্থ বহনের মতো যেকোনো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা তাৎক্ষণিকভাবে জানানোর জন্য যাত্রীদের আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরা ‘রেলমদদ’ পোর্টালের মাধ্যমে অথবা ১৩৯ হেল্পলাইন নম্বরে কল করে এ ধরনের ঘটনার অভিযোগ জানাতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া
ভিডিওটি অনলাইনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সহযাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার সাধারণ নাগরিক সচেতনতা এবং রেলের নিরাপত্তাবিধি সম্পর্কে জ্ঞানের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক ব্যবহারকারী লিখেছেন, "না, আমি এটি সমর্থন করি না—এমনকি কোনো সম্মানিত ব্যক্তিও যদি এটি করে থাকেন তবুও না। তিনি কেবল লাইকের আশায় এই ভিডিও বানিয়েছেন। বাস বা ট্রেনে প্রদীপ জ্বালানো ও শঙ্খ বাজানো কোনোভাবেই অনুমোদন করা উচিত নয়—এতে হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে আরও বেশি উপহাস তৈরি হবে।"
আরেকজন মন্তব্য করেছেন, "শিক্ষা এবং সাধারণ নাগরিক সচেতনতার অভাব।" তৃতীয় আরেকজন লিখেছেন, "আমরা কি সত্যিই এগুলোকে স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নিচ্ছি? পূজা করা ব্যক্তিগত পছন্দের ব্যাপার, কিন্তু ট্রেনের ভেতরে আগুন জ্বালানো চরম কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বহীন কাজ। এর ফলে শত শত যাত্রীর জীবন ঝুঁকির মুখে পড়ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যা ছিল বর্ণাঢ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মো. আক্তারজ্জামান বাচ্চু। সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম মানিক বক্তব্য রাখেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সফল খামারি বোরহান উদ্দিন, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক হাসান শাওন এবং গফরগাঁওয়ের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব শাহ আব্দুল আল মামুন।
সংসদ সদস্য মোহাম্মদ আখরুজ্জামান বাচ্চু প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের স্বাবলম্বী করে তোলার বিষয়গুলোতে গুরুত্বারোপ করেন। তিনি সকল সংশ্লিষ্টকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুরে অবস্থিত ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে স্টেম ফেয়ার ২০২৬। এই ফেয়ারে শিক্ষার্থীরা তাদের নিজস্ব তৈরি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেছে। তারা সৌরবিদ্যুৎ উৎপাদন, মাটিবিহীন কৃষি এবং বন্যা মোকাবিলার মতো বিভিন্ন সমস্যা সমাধানের উদ্ভাবনী ধারণা তুলে ধরেছে।
ব্রিটিশ কারিকুলামে তিন দশকেরও বেশি সময় ধরে পরিচালিত প্রতিষ্ঠানটির আয়োজনে এই মেলায় শিক্ষার্থীরা বইয়ে শেখা বিজ্ঞানের বাস্তব প্রয়োগ প্রদর্শন করেছে। আয়োজকরা জানিয়েছেন, চারপাশের সমস্যা চিহ্নিত করে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সেগুলোর সমাধানের চর্চা থেকেই ভবিষ্যতে বড় উদ্ভাবনের পথ তৈরি হতে পারে।
মেলায় শিক্ষার্থীরা সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন, মাটি ছাড়া কৃষিকাজ বা হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ এবং বন্যা মোকাবিলার বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেছে। তারা এসব প্রকল্পের কার্যপদ্ধতিও দর্শনার্থীদের সামনে তুলে ধরেছে।
প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে স্ট্যান্ডার্ড সেভেনের ‘এন্ডোসিম্বায়োসিস অ্যান্ড হাইড্রোপনিক ফার্মিং’ প্রকল্প। মিডল বিভাগে স্ট্যান্ডার্ড সিক্সের ‘অটোমেটেড ফায়ারফাইটার’ এবং জুনিয়র বিভাগে স্ট্যান্ডার্ড থ্রির ‘ওয়াটার সাইকেল’ প্রকল্প চ্যাম্পিয়ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়ারসনের বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন লিটন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আইসিটি বিভাগের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদ রানা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ