বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০১:২৪ এম
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চরম কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো জাহাজে ইরান আঘাত হানলে, তার চড়া মাশুল গুনতে হবে। দেশটির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।
ট্রাম্প তীব্র হুংকার ছেড়ে লিখেছেন, এখন থেকে যদি ইরান হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন অথবা অন্য যেকোনো মাধ্যমে হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র দ্রুতই ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে পুরোপুরি ধ্বংস করবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও সতর্ক করে জানান, এই প্রতিশোধমূলক হামলার আওতা থেকে বাদ যাবে না ইরানের প্রাণকেন্দ্রও। রাজধানী তেহরানে অথবা এর আশপাশে অবস্থিত গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও মার্কিন লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির প্রথম ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে, বুধবার (২২ জুলাই) মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্ধারিত তফসিল অনুযায়ী, অনুষ্ঠিত এই কার্যক্রম শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
এছাড়াও, এর আগে ১৯ জুলাই মনোনয়নপত্র বিক্রি এবং ২১ জুলাই মনোনয়নপত্র জমা গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছিল। বুধবারের যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করায়, ২৫ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নতুন গতি এসেছে। উক্ত নির্বাচনে সভাপতির পদে ২, সহ-সভাপতি ২, সাধারণ সম্পাদক ২, সহ-সাধারণ সম্পাদক ২, সাংগঠনিক সম্পাদক ১ ও সাধারণ সদস্য পদে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১০২ জন। আগামী ২৫ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আজিজের নেতৃত্বে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়েছে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনীল চন্দ্র, আলহাজ ইউনুস আলী, আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ আলী। ২০২২ সালের পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ভবানীগঞ্জ দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার কার্যক্রম শুরু করেছেন। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের বিপক্ষে নন। বরং তিনি সংবাদমাধ্যমের সামনে এসে বলেছেন, মার্কিন হামলার মাত্রা অব্যাহত থাকবে এবং ইরানকে এর জন্য বড় মূল্য দিতে হবে।
যুদ্ধক্ষেত্রে যখন মার্কিন সেনাদের প্রাণহানি বাড়ছে, তখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের জনপ্রিয়তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে, মার্কিন জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে কোন অবস্থান নেয়নি।
তিনি আরও বলেন, একটি নতুন জরিপে পরিষ্কারভাবে দেখা গেছে যে আমেরিকানরা জ্বালানি তেলের বর্ধিত মূল্য নিয়ে উদ্বিগ্ন হলেও তারা যুদ্ধের বিরোধিতা করছে না। তবে প্রেসিডেন্ট জোটি জরিপের কথা উল্লেখ করেছেন, সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
এদিকে, পরিসংখ্যান এবং বিভিন্ন মতামত জরিপ সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। ইসলামিক রিপাবলিক অফ ইরানের ওপর ফেব্রুয়ারিতে শুরু হওয়া হামলার পরে মার্কিন জনগণের মধ্যে যুদ্ধবিরোধী অসন্তোষ ক্রমাগত বাড়তে দেখা গেছে।
কিন্তু জরিপের সেই বাস্তব চিত্র পাশ কাটিয়ে প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, হামলায় ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের এই আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির ডিলারের গুদামে অগ্নিকাণ্ডের কারণে এক ভ্যানচালকের মৃত্যু ঘটেছে।এটি ঘটে বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে, উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে।
ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু গুদামের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে নয়ন (১৮) নামে এক যুবকের ঝলসে যাওয়া মরদেহ। নিহত নয়ন আব্বাসের ছেলে, যিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সময় ডাল, তেল, চিনি ও টিসিবির অন্যান্য পণ্য পুড়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জের একটি প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষের কারণে রফিক (৪৫) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু ঘটে। এ ঘটনার জন্য অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিম (৫০) কে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার রাত ১১টার দিকে এই ঘটনাটি ঘটে শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের সিদ্ধিরগঞ্জপুর এলাকায় রায়হান সিএনজি ফিলিং স্টেশনের সামনে।
নিহতের স্বজনদের অভিযোগ, রফিক মাকসুদ পরিবহনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার সময় তার অটোরিকশায় একজন নারী যাত্রীও ছিলেন। একটি প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষের পর দুই চালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রাইভেটকার চালক নাদিম রফিককে ঘুষি মারলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন এবং তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রফিকের পরিবারের সদস্যরা জানান, তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার গেরাখালী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
অভিযুক্ত নাদিম সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ