বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং
০৯:৫৩ পি.এম
ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি সেবার মানোন্নয়ন বিষয়ে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় শিল্প মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, ব্যয় পরিকল্পনা এবং চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৪টি কর্পোরেশন, ৬টি অধিদপ্তর/সংস্থা, ২টি বোর্ড এবং ২টি ফাউন্ডেশনসহ মোট ১৪টি দপ্তর/সংস্থা দেশের শিল্পায়ন, শিল্প ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, প্রযুক্তি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে জানানো হয় যে, শিল্প মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ১ হাজার ৬৯১ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৩৬১ কোটি ২ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ১ হাজার ৩৩০ কোটি ৮৮ লাখ টাকা। পরিচালন বাজেটের আওতায় শিল্প মন্ত্রণালয় (সচিবালয় অংশ), প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি), ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের খাতভিত্তিক ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়। উন্নয়ন বাজেটের আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বরাদ্দ ও ব্যয় পরিকল্পনা সভায় পর্যালোচনা করা হয়। প্রকল্পসমূহের মধ্যে শিল্পপার্ক, শিল্পনগরী, গুদাম নির্মাণ, প্রযুক্তি আধুনিকীকরণ, পরীক্ষাগার উন্নয়ন, প্রশিক্ষণ অবকাঠামো সম্প্রসারণ এবং শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধিমূলক বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। বৈঠকে কমিটির সদস্য ও শিল্প মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, মো. কেরামত আলী এবং আলফারুক আব্দুল লতিফ অংশগ্রহণ করেন। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কর্পোরেশন, দপ্তর, সংস্থা, বোর্ড ও ফাউন্ডেশনের প্রধানগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে ৩৪৯ সংসদ সদস্যের (এমপি) নামের তালিকা প্রকাশ করা হয়।
এর আগে একই দিন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট ধার্য করা হয়েছে। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনও নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।
গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।
এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নিয়ম অনুসারে সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। এজন্য তাদের তালিকা নিয়েই ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইয়ান দিওমান্দেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ট্রান্সফারে আইভরি কোস্টের উইঙ্গার যুক্ত হয়েছেন লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে।
অনেক সময় ধরে আরবি লাইপজিগের সঙ্গে দরকষাকষি চলছিল রিয়ালের। তবে উভয় পক্ষ কোনও সমঝোতায় আসতে পারছিল না। অবশেষে আজ তারা চুক্তিতে পৌঁছেছে।
দিওমান্দের সঙ্গে ৭ বছরের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যু হবে আইভরি কোস্টের উইঙ্গারের নতুন ঠিকানা ২০৩৩ সালের জুন পর্যন্ত।
ট্রান্সফার ফি কত তা এখন পর্যন্ত রিয়াল জানায়নি। তবে স্প্যানিশ এবং জার্মান সংবাদ মাধ্যম জানিয়েছে, এই চুক্তি হয়েছে ১৪০ মিলিয়ন ইউরোয়।
বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ২ হাজার কোটি ৪ লাখ টাকার সমান। ফলে ১৯ বছর বয়সী এই উইঙ্গার রেকর্ড গড়েছেন।
রিয়ালের ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যয়বহুল দলবদলে দিওমান্দের নাম উঠেছে। এর আগে রেকর্ডটি ছিল জুড বেলিংহামের। জার্মানিরই আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০২৩ সালে ১৩৪ মিলিয়ন ইউরোয় রিয়ালে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার।
লাইপজিগের আগে দিওমান্দে স্প্যানিশ ক্লাব লেগানেসে খেলছিলেন। যাই হোক, বুন্দেসলিগার গত মৌসুমে লাইপজিগের হয়ে তিনি ১২ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেছিলেন। সব মিলিয়ে জার্মান ক্লাবের হয়ে ১৩ গোল ও ১০ অ্যাসিস্ট করেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বুন্দেসলিগার সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান। যদিও বিশ্বকাপে কোনো গোল না করলেও, তার পারফরম্যান্সে দারুণ নজর কাড়েন এই উইঙ্গার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক বলেছেন, ‘যে পুলিশ জনগণের টাকায় পরিচালিত হয়, সেই পুলিশকেই আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি।’
তিনি এ সময় উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সমালোচনা করে সরকারি বিভিন্ন সেবা ও সহায়তা বণ্টনে বৈষম্যের অভিযোগ তোলেন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জুবাইরুল আলম মানিক বলেন, ‘আমরা ইউএনও ও ওসিকে প্রশ্ন করতে চাই—২৬ জুলাইয়ের ঘটনা আপনারা দেখেননি? তখন বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলোতে আগুন দিয়েছে। যে পুলিশ জনগণের টাকায় পরিচালিত হয়, অথচ সেই পুলিশকেই আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছি—এ দৃশ্য কি আপনারা দেখেননি?’
তিনি এটাও বলেন, ‘ছাত্র-জনতার রক্তের মাধ্যমে পরিবর্তনের সূচনা হয়েছে। তবে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন বিরোধী শক্তিকে ঠেকাতে ব্যর্থ হয়েছে।’ বর্তমান প্রশাসনের মধ্যে দলের প্রভাব বিস্তার করার অভিযোগও তিনি তুলে ধরেন।
সরকারি সহায়তা কর্মসূচি নিয়েও এনসিপির এই নেতা সমালোচনা করেন। তার দাবি হলো, টিসিবি ও ওএমএসের মতো সরকারি সহায়তা সঠিকভাবে বণ্টন না হয়ে বিভিন্ন নেতার মধ্যে ভাগ-বাটোয়ারা হচ্ছে। এছাড়া ফ্যামিলি কার্ড প্রদান এবং বিভিন্ন নিয়োগের ক্ষেত্রেও সাধারণ শিক্ষার্থীদের জনপ্রতিনিধিদের সুপারিশ আনতে বলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, ‘এমপির কথা ছাড়া একটি ফাইলও নড়ে না, যা বৈষম্যমূলক।’
সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি। এতে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা।
এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন।
বুধবার, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(১) অনুযায়ী কাজী জেসিনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও, প্রজ্ঞাপনে আরও বলা হয় যে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ