ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মৎস্য খাতে অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয়েছে, এবার রফতানি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী


মৎস্য খাতে অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয়েছে, এবার রফতানি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, দেশের মৎস্য খাত বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষমতা অর্জন করেছে। তিনি আরও বলেন, এখন মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন ঢাকার বাইরে কিশোরগঞ্জে করার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানিয়েছেন, মৎস্য উৎপাদনে হাওরাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের মিঠাপানির মাছের একটি বড় অংশ হাওরাঞ্চল থেকে আসে। তাই, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি, জেলে ও মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত মানুষের কাছে কর্মসূচির বার্তা পৌঁছে দিতে ঢাকার বাইরে এ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে নদী খনন, খাল সংস্কারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও মৎস্য খাতের কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এবার আমরা খুব অল্প সময়ের মধ্যে এই বড় আয়োজন করেছি। প্রধানমন্ত্রীর সম্মতি ও নির্দেশনায় ঢাকার বাইরে এই কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে পুরো আয়োজন প্রাণবন্ত ও ব্যতিক্রমী হয়ে উঠেছে।

জাতীয় মৎস্য পক্ষের আয়োজন সফল করতে মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাতের পাঁচটি আঙুলের মতো আমাদের সবার দায়িত্ব আলাদা হতে পারে, কিন্তু সবাই একসঙ্গে কাজ করলেই মুষ্টিবদ্ধ হাতের মতো শক্তি তৈরি হয়। এবারের আয়োজনও সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কোনো দায়িত্বে অবহেলা বা কাজে ফাঁকি দেওয়া যাবে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজের যোগ্যতা ও মেধা দিয়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর পর পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

মৎস্য খাতের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ খাতের উন্নয়নে কয়েকটি প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক অর্থনীতিতে মৎস্য অধিদফতর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ রাজনীতি করতে হবে : ইশরাক হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ রাজনীতি করতে হবে : ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম এবং আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, আমাদের নেত্রী আমাদের যে রাজনৈতিক শিষ্টাচার এবং শিক্ষা দিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, জনগণের যে চাওয়া-পাওয়া, সেগুলোকে কীভাবে ধারণ করে একটা সুস্থ ও সঠিক রাজনীতি করতে হয়- সেই বিষয়ে আমরা ধারণ করব।

তিনি আরও বলেন, আমরা যে বিপুল জনসমর্থনে একটি রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার গঠন করেছি, সেটি যাতে দীর্ঘস্থায়ী হয়, সেজন্য আগামী দিনেও আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব।

প্রতিমন্ত্রী বলেন, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের রাষ্ট্র যে অবস্থানে জনগণের অন্তরে রয়েছে এবং সেটা অত্যন্ত মজবুত, আমাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যাতে সেটা ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে আমরা সতর্ক থাকব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহতের মধ্যে দুজন শিক্ষার্থী এবং দুজন মোটর শ্রমিক রয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) এ দুর্ঘটনা দুটি ঘটেছে।

নিহতদের মধ্যে শিবগঞ্জ পৌর ৩ নম্বর ওয়ার্ডের শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. আসাদ (১৭), একই মহল্লার মো. জাফরের ছেলে ৯ম শ্রেণির শিক্ষার্থী জাবের আলী (১৬), শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের জমির উদ্দিনের ছেলে মোটর শ্রমিক আবু হায়াৎ (৪৪) এবং একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মোটর শ্রমিক হাবিবুর ইসলাম (২০) রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জের কানসাটের দিকে থেকে শিবগঞ্জ বাজারের দিকে একটি মোটরসাইকেল এসে পৌঁছানোর সময় পুখুরিয়া এলাকায় (সোলেমান মিয়া ডিগ্রি কলেজের নিকট) সোনামসজিদ মহসড়কে বিপরীতমুখী একটি সরাবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন আরোহী আসাদ।

একই মোটরসাইকেলের অপর আরোহী জাবেরকে ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

এর পূর্বে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে শিবগঞ্জের কানসাটের দিকে থেকে সোনামসজিদ এলাকায় বাড়ির দিকে যাওয়ার সময় নির্মীয়মাণ সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর টাকশালদীঘি এলাকায় সড়কের একপাশে নির্মীয়মাণ একটি নতুন কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। ফলে ঘটনাস্থলে মোটর শ্রমিক হাবিবুর নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমন্বিত ‘ন্যাশনাল আই কেয়ার প্ল্যান’ চূড়ান্ত করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


সমন্বিত ‘ন্যাশনাল আই কেয়ার প্ল্যান’ চূড়ান্ত করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : প্রতিটি উপজেলায় নির্মাণাধীন ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে চোখের চিকিৎসার জন্য আলাদা ইনডোর, আউটডোর এবং অপারেশন থিয়েটার সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি উল্লেখ করেন, পাশাপাশি দেশে প্রায় ১০ লাখ চোখের ছানি অপারেশন, কয়েক কোটি চশমা বিতরণ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসার লক্ষ্য নিয়ে একটি সমন্বিত ‘ন্যাশনাল আই কেয়ার প্ল্যান’ চূড়ান্ত করছে সরকার।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘হু স্পেকস ২০৩০ ইনিশিয়েটিভ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য প্রদান করেন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘হু স্পেকস ২০৩০ ইনিশিয়েটিভ’।

ড. মুহিত আরও বলেন, সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে এবং উপজেলা পর্যায়ে আধুনিক চক্ষু সেবা পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের কাজ চলছে।

প্রায় ৫০০টি উপজেলায় চোখের উন্নত চিকিৎসার ব্যবস্থা রাখা হবে, যাতে তৃণমূলের মানুষেরা চিকিৎসার জন্য জেলা শহর বা রাজধানীতে যেতে না হয়।

তৃণমূলের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সরকারের নিয়োগ প্রক্রিয়ায় থাকা ১ লাখ স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণে ‘প্রাইমারি আই কেয়ার’ বা প্রাথমিক চক্ষু সেবা একটি আবশ্যক অংশ হিসেবেই অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া জেলা হাসপাতালগুলোর অবকাঠামো সমন্বয় করে খুব দ্রুত অন্তত অর্ধেক জেলায় নিয়মিত ছানি অপারেশন ও রিফ্রাকশন সেবা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সক্ষমতা বাড়ানোর কথাও তিনি তুলে ধরেন এবং বলেন, এনআইওএইচ’র আধুনিকায়ন ও সম্প্রসারণে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা শিগগিরই বাস্তবায়িত হবে।

সেইসাথে সরকারি ও বেসরকারি পর্যায়ের এনজিওগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের চক্ষু সেবার সাফল্যকে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ ড. এম এ মুহিত জানান, বিগত ছয় মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় চক্ষু সেবার উন্নয়ন ও সম্প্রসারণে আন্তর্জাতিক এবং স্থানীয় সংস্থাগুলোর সাথে নিয়মিত সমন্বয় চালিয়ে যাচ্ছে।

সরকারের সর্বোচ্চ পর্যায়ের তৎপরতায় বাংলাদেশ একটি গ্লোবাল সামিট আয়োজনের গুরুত্বপূর্ণ অঙ্গীকার অর্জন করেছে।

সরকারের লক্ষ্য আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে দেশের চক্ষু চিকিৎসা খাতে একটি যুগান্তকারী ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. এ.এস.এম.এম. কাদির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক উপদেষ্টা ডা. তাশি তবগে এবং বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদসহ দেশি-বিদেশি প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


ফেনীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনী, ১৮ আগস্ট ২০২৬ : জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুস্থদের জন্য খাবার বিতরণ ও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় এই কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল এবং সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে শহরের ট্রাংক রোডে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%