০৩:৪৫ পি.এম
রাজশাহী, ২১ নভেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মন্তব্য করেছেন, রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার কেন্দ্রবিন্দু।
আজ দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, রাজশাহী থেকেই ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার জাতীয় পর্যায়ে অনেকেই পৌঁছেছেন। তারা বিশ্বমঞ্চে রাজশাহী ও বাংলাদেশকে গর্বের সঙ্গে উপস্থাপন করেছেন।
আরও পড়ুন: দেশীয় প্রযুক্তিতে নদীর ঢেউ প্রশমনে নতুন উদ্যোগ, উপকূলীয় বন রক্ষায় বনায়ন ব্যবস্থাপনা
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় দেশের যুব সমাজকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন, যাতে এই যুবসমাজ মাদক থেকে দূরে থাকে এবং খেলাধুলায় দক্ষ হয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারে।
রাজশাহীর জনগণকে শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীর ছাত্র-ছাত্রীরা জীবন বাজি রেখে লড়াই করেছেন। ভূমিমন্ত্রী আরও বলেন, রাজশাহীর মানুষ যেমন আন্তরিক, তেমনই প্রয়োজনের সময় লড়াই করতে জানেন। তারা দেশ ও জাতির স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।
আরও পড়ুন: নিকলীতে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
এটি উল্লেখযোগ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন