ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী


ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ রাজধানীর একটি হোটেলে ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ বিষয়ক ডিব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্য দেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে কাজ করছে সরকার।

একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় এক বছর সময় লাগত, সেখানে এখন মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসা শুরুর সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সঠিক পরিস্থিতিতে একটি কোম্পানি ১৫তম দিনেই যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলতে পারবে।

আরও পড়ুন: নেতানিয়াহুর জোটের আসন ৫৪, বিরোধীদের ৪৭, আরব দলের ১৯

আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ বিষয়ক ডিব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এ ডিব্রিফিং সেশনের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের সিডিপি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা নিয়ে যে সুপারিশ দিয়েছে, সেটিকে শুধু অতিরিক্ত সময় পাওয়ার বিষয় হিসেবে দেখলে চলবে না। বরং এটিকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য একটি পরিকল্পিত ও সমন্বিত সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। এই রূপান্তরকালকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রতিযোগিতা শক্তিশালীকরণ, উৎপাদনভিত্তি বহুমুখীকরণ এবং এলডিসি-উত্তর বাস্তবতার জন্য বাংলাদেশকে প্রস্তুত করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি উপস্থাপিত বাজেটে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক’ অর্থনীতির কথা বলা হয়েছে। এ শব্দগুলো শুধু অলংকার নয়; বরং বর্তমান সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিনির্ধারণের মূল ভিত্তি। বাজেটে ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ, লাইসেন্সিং ব্যবস্থার জটিলতা হ্রাস এবং বাজার বহুমুখীকরণে সরকারের অগ্রাধিকার স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও ভোক্তারা স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, স্বচ্ছতা, নিয়ম-নীতি প্রতিপালন এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের ওপর ক্রমবর্ধমান গুরুত্ব দিচ্ছেন। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এখন পরিবেশগত সুরক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার, যথাযথ পর্যালোচনা, জলবায়ু সহনশীলতা এবং ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে নতুনভাবে গড়ে উঠছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন

তিনি আরও বলেন, এই নতুন বৈশ্বিক বাস্তবতায় যেসব দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নের সমন্বয় ঘটাতে পারবে, তারাই টিকে থাকবে এবং সমৃদ্ধ হবে। বাংলাদেশ সরকারও এ রূপান্তরকে সমর্থন করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট সেল’ প্রতিষ্ঠা করেছে। এটি সরকারি সংস্থা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন, শ্রমিক প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে উন্নত সমন্বয়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে টেকসই, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহি এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের লক্ষ্য।

ফোরামের সুপারিশ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি, বিনিয়োগ প্রসার এবং ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং ও উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার সুপারিশের সঙ্গে সরকার সম্পূর্ণ একমত। ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কোথায় সময় কমানো ও প্রক্রিয়াগত ওভারল্যাপ দূর করা সম্ভব, তা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহুকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান গাদি আইজেনকোটের

তিনি জানান, আগামী জুলাই মাসে এসব পরিবর্তন কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে একটি জন ঘোষণা দেওয়া হবে।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ মেম্বার মো. হুমায়ুন কবির, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনগামী মালবাহী জাহাজে রুশ ড্রোন হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


ইউক্রেনগামী মালবাহী জাহাজে রুশ ড্রোন হামলায় নিহত ১

ইউক্রেনগামী একটি মালবাহী জাহাজে রুশ ড্রোন হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা সোমবার এই তথ্য জানিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা কার্যত স্থবির হয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে মস্কো ও কিয়েভ পরস্পরের ওপর হামলা আরও জোরদার করেছে।

বার্তা সংস্থা এএফপি কিয়েভ থেকে এ খবর জানাচ্ছে।

কুলেবা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘ড্রোন হামলায় পানামার পতাকাবাহী একটি জাহাজে আগুন ধরে যায়। ফলে একজন নাবিক নিহত হয়েছেন। তিনি ৫৮ বছর বয়সী একজন রাঁধুনি এবং মিসরের নাগরিক।’

তিনি জানান, তুরস্ক ও ভারতের নাগরিকসহ আট জন নাবিক লাইফ রাফটে করে প্রাণে রক্ষা পান।

হামলায় জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি সমুদ্রে চলাচলের সক্ষমতা হারিয়েছে।

ইউক্রেনীয় নৌবাহিনী জানিয়েছে, ড্রোন হামলার পর পানামার পতাকাবাহী তুরস্কের মালবাহী জাহাজ ‘ভিকট্রেস’-এ ব্যাপক অগ্নিকা- ঘটে।

নৌবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেছে, ‘এই ঘটনা আবারও প্রমাণ করে যে রুশ ফেডারেশন আন্তর্জাতিক সামুদ্রিক আইনের নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং বেসামরিক নৌপরিবহনের জন্য হুমকি সৃষ্টি করছে।’

কুলেবা জানান, রাশিয়া পালাউ ও বেলিজের পতাকাবাহী আরও কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে। তবে সেখানে কেউ হতাহত হননি।

রাশিয়ায় সোমবার ড্রোন হামলার আশঙ্কায় মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান চলাচল কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাভাবিক হচ্ছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর, দৈনিক ফ্লাইট বেড়ে ১৯০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


স্বাভাবিক হচ্ছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর, দৈনিক ফ্লাইট বেড়ে ১৯০

ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদফতর (ডিজিসিএ) জানিয়েছে, বর্তমানে বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় ১৯০টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যা পুনরুদ্ধার কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত তীব্র আকার ধারণ করলে নিরাপত্তার স্বার্থে কুয়েত তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অনেক ফ্লাইট বাতিল বা বিকল্প দুটি দেশে সরিয়ে নেয়া হয়। পরে ধাপে ধাপে বিমান চলাচল পুনরায় শুরু করার উদ্যোগ গ্রহণ করা হয়।

গত ২৪ এপ্রিল কুয়েত কর্তৃপক্ষ তাদের আকাশসীমা সীমিত পরিসরে খুলে দেয় এবং কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে শুরু করে। সেই সময় পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হয়ে কিছুটা ধাপে ধাপে পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়িত হতে থাকে। তবে পরিস্থিতি আবারো জটিল হয়ে ওঠে ৩ জুন। সে দিন ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় একজন নিহত এবং অন্তত ৬৩ জন আহত হন।

নিরাপত্তার কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয় এবং অনেক ফ্লাইট বিকল্প বিমানবন্দরগুলোতে সরিয়ে নেয়া হয়। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েত এয়ারওয়েজের কিছু ফ্লাইট টার্মিনাল-৪ থেকে সীমিত আকারে আবার চালু করা হয়। পরে টার্মিনাল-৪ এবং টার্মিনাল-৫ ব্যবহারের মাধ্যমে ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।

এরপর ১১ জুন ইরানি হামলার আশঙ্কায় কুয়েত আবারো সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে একই দিনে বিমান চলাচল পুনরায় শুরু হয় এবং বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে থাকে।

সর্বশেষ কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের বিভিন্ন টার্মিনালে কার্যক্রম প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১৯০টি ফ্লাইট পরিচালনা হচ্ছে এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোও ধীরে ধীরে তাদের পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ জানিয়েছেন, নগরবাসীর সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার এ কথা জানান। তিনি আরো বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ সবরকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে। যখনই কোথাও খবর পাওয়া যাচ্ছে, সেখানেই পুলিশ অভিযান পরিচালনা করছে। অনেকেই গ্রেফতারও হয়েছেন। নগরীতে স্ট্রাইকিং ফোর্স ও পিকেটিং টিম রিজার্ভ থাকবে। তিনি আশা করেন মহানগরীতে জনগণের কোনো রকম অসুবিধা হবে না।

কমিশনার বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসকের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

টার্মিনাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বেচ্ছাসেবক দলের নেতাকে ডাকযোগে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


স্বেচ্ছাসেবক দলের নেতাকে ডাকযোগে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে একটি চিঠি পাঠিয়ে মোহাম্মদ সবুজ নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরের সময় মোহাম্মদ সবুজ তার ফেসবুক আইডিতে চিঠির ছবি প্রকাশ করে হুমকির বিষয়টি জানান।

হুমকির শিকার মোহাম্মদ সবুজ ইসলামপুর উপজেলার ৩ নম্বর চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঐ ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে।

চিঠির খামের ওপর প্রাপকের ঠিকানায় লেখা রয়েছে, মোহাম্মদ সবুজ, পিতা জাহাঙ্গীর আলম। খামের বাম পাশে মুজিব শতবর্ষের লোগো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিশিষ্টভাবে প্রদর্শিত রয়েছে।

বিষয়টি আরো উদ্বেগজনক, কারণ চিঠিতে লেখা হয়, ‘তুই নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করব না, তোকে গাছের সঙ্গে লটকিয়ে মারব, ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাক। তোর কোন বাপ আছে, তোকে বাঁচাবে না।’

মোহাম্মদ সবুজ বলেন, ‘আমি তখন বাড়ির বাইরে ছিলাম। পরে শুনতে পাই, আবু তালেব নামের এক ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে চিঠিটি ফেলে চলে যায়। পরে ডাকঘরে গেলে তারা জানায়, চিঠিটি ইসলামপুরে এসেছে এবং ঠিকানামতো দেওয়া হয়েছে।’

তিনি আরো যোগ করেন, ‘বিএনপি বা আওয়ামী লীগের কারো সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। কে বা কারা এ চিঠিটি পাঠিয়েছে, তা বলতে পারছি না। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি করিনি।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%