ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি চাকরি জনগণের সেবা করার বড় সুযোগ: আইনমন্ত্রী


সরকারি চাকরি জনগণের সেবা করার বড় সুযোগ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারি চাকরি শুধুমাত্র একটি পেশা নয়; এটি জনগণের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি উল্লেখ করেন যে, একজন কর্মকর্তা যদি তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে তা সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগের আয়োজনে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত এবং অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, একটি মন্ত্রণালয়ের সফলতা কেবল মন্ত্রী, সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের একার ওপর নির্ভর করে না; প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে একটি মন্ত্রণালয় সফলভাবে পরিচালিত হতে পারে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কর্মচারী যদি মন্ত্রীর জন্য চা পরিবেশন করেন বা তাঁর দরজা খুলে দেন, তিনিও নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে তাঁর অবদান প্রমাণিত হয়। তাই প্রত্যেকের অবদানের যথাযথ স্বীকৃতি থাকা প্রয়োজন।

আরও পড়ুন: হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইনমন্ত্রী বলেন, পদোন্নতি কর্মকর্তাদের জন্য যেমন আনন্দ ও গৌরবের বিষয়, তেমনি এর সঙ্গে দায়িত্বও বৃদ্ধি পায়। নতুন পদে কর্মকর্তাদের আরও বেশি নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দীর্ঘ কর্মজীবন শেষে অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের অভিজ্ঞতা এবং অবদানের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁদের কর্মনিষ্ঠা ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি তাঁদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যতের কামনা করেন।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসসহ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পদোন্নতিপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রিজভী: আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্লাবঘর ভেঙে দেওয়া হলেও অক্ষত কানাডাপ্রবাসীর বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


ক্লাবঘর ভেঙে দেওয়া হলেও অক্ষত কানাডাপ্রবাসীর বাড়ি

 

টাঙ্গাইলের মির্জাপুরে বনের জমি দখল করে নির্মিত ক্লাবঘরটি উচ্ছেদ করা হলেও, কানাডাপ্রবাসীর বাড়ি অক্ষত রয়েছে। ছবি: সংগৃহীত

স্বেচ্ছাসেবী সংগঠনের নামে বনের ১৫০ বর্গফুট জমিতে নির্মিত ক্লাবঘরটি বন বিভাগ ভেঙে দিয়েছে। তবে পাশেই দখল করা প্রায় ১০ শতাংশ জমিতে নির্মিত কানাডাপ্রবাসী এমারত সরকারের স্থাপনা উচ্ছেদে বন বিভাগের কোনো দৃশ্যমান তৎপরতা নেই।

এ বিষয় নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাঁটুভাঙ্গা বিট এলাকায়, চিতেশ্বরী স্কুলপাড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে চিতেশ্বরী গ্রামের বাসিন্দা সিদ্দিক সরকারের ছেলে, কানাডাপ্রবাসী এমারত সরকার, ক্লাবঘরটির উত্তরপাশে প্রায় ১০ শতাংশ জমি দখল করেন। এরপর তিনি সেখানে টিনের একটি ঘর নির্মাণ করেন এবং একটি টিউবওয়েলও স্থাপন করেন।

পরে বাড়িটি মাসে দুই হাজার টাকায় ভাড়া দেওয়া হয়।

এদিকে, গত সপ্তাহে হাঁটুভাঙ্গা বিট কর্মকর্তার মাধ্যমে ক্লাবঘরটি ভেঙে দেওয়া হলেও, এমারত সরকারের দখল করা ওই ১০ শতাংশ জমিতে নির্মিত বাড়ি উচ্ছেদে এখনও কোনো পদক্ষেপ নেয়নি বন বিভাগ।

চিতেশ্বরী গ্রামের স্থানীয় কয়েকজন বাসিন্দা, যেমন সমেজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, গনি শিকদার, শাহ মেছের আলী এবং আজিজুল হক অভিযোগ করেছেন যে, বাঁশতৈল সদর বিট কর্মকর্তা আব্দুর রশিদের ছোট ভাই, চিতেশ্বরী গ্রামের ঠান্ডু শিকদার, এমারত সরকারের পক্ষে কাজ করছেন, যাতে ক্লাবঘরটি প্রতিষ্ঠা করা না যায়। কারণ, এমারত হোসেন সামনের অংশে ঘর দিয়ে দোকান ভাড়া দিতে চান, যদি ক্লাবঘরটি না থাকে।

সূর্য সংঘ সৃষ্টি সংঘের সভাপতি নাহিদুজ্জামান নাহিদ বলেছেন, ২০১০ সাল থেকে সামাজিক কাজের মাধ্যমে আমাদের ক্লাব যাত্রা শুরু করে। বনের জমিতে ক্লাবঘরটি নির্মাণ করলেও এর অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল, এই কারণে সম্প্রতি সংস্কার কাজ শুরু করা হয়েছিল। কিন্তু বন বিভাগের লোকজন এসে ঘরটি ভেঙে দিয়েছেন। অথচ উদ্ভট কারণে পাশেই বনের জমিতে নির্মিত এমারত সরকারের ঘর উচ্ছেদের কোনো পদক্ষেপ নেয়া হয়নি বন বিভাগের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

বনের জমিতে কানাডাপ্রবাসীর ঘর কেন উচ্ছেদ করা হয়নি, জানতে চাইলে হাঁটুভাঙ্গা বিট কর্মকর্তা সিরাজুল ইসলাম সদুত্তর দিতে পারেননি। তবে বন বিভাগের বাঁশতৈল রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) অমি আক্তার বলেছেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে উচ্ছেদে মামলা করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দর এলাকায় প্রকাশ্যে নেশার অভিযোগ, পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


বিমানবন্দর এলাকায় প্রকাশ্যে নেশার অভিযোগ, পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন

রাজধানী ঢাকা শহরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ব্যস্ত এলাকায় প্রকাশ্যে নেশাজাতীয় দ্রব্য সেবনের ব্যাপারে অভিযোগ উঠে এসেছে। গুরুত্বপূর্ণ এবং জনবহুল এই এলাকায় এমন কর্মকাণ্ডকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাবৃন্দ ও পথচারীরা।

সম্প্রতি ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর এলাকার ব্যস্ত সড়কের পাশে কয়েকজন যুবক বসে রয়েছেন। তাদের মধ্যে কিছু যুবককে নেশাজাতীয় দ্রব্য গ্রহণের মতো কর্মকাণ্ড করতে দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই ধরনের স্থানে ছিনতাইসহ আরও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের মাঝেমধ্যে আড্ডা দিতে দেখা যায়।

এই ব্যস্ততম এলাকায় প্রতিদিন দেশ-বিদেশের হাজারো মানুষ আসা-যাওয়া করেন। এই ধরনের জায়গায় প্রকাশ্যে নেশা এবং সন্দেহজনক কর্মকাণ্ড চালানোতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় জনগণের দাবি, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল এবং নজরদারি বৃদ্ধি পেলে এই ধরনের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাদের মতে, যদি কেউ ছিনতাই বা মাদক সংক্রান্ত অপরাধে জড়িত হন, তাহলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হলের সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটে। এ সংঘর্ষের ফলে দুই গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদল দাবি করেছে যে, বহিরাগতদের সাথে ক্যাম্পাসের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

গত সোমবার (১৭ আগস্ট) গভীর রাত থেকে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হল ও পকেট গেট এলাকায় এই সংঘর্ষটি হয়।

আহতদের মধ্যে রয়েছেন, শাখা ছাত্রদলের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান সিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ফলিত গণিত বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হাসান, এবং ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফ হাসান।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে আব্দুল মালেক উকিল হলের একটি কক্ষের সিট পরিবর্তন নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সিনিয়র-জুনিয়র কর্মীদের মধ্যে একটি বাগ্‌বিতণ্ডা হয়। এর পর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সাথে সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন শান্তর অনুসারীদের মধ্যে বিরোধের কারণেই এ সংঘর্ষ সৃষ্টি হয়। ঘটনার সময় সাব্বির হোসেন শান্তর গ্রুপ বহিরাগতদের এনে হলে প্রতিপক্ষ গ্রুপের ওপর হামলা চালায়। এক পর্যায়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারির সালাম হলের রুমে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পাশাপাশি, নোবিপ্রবির সালাম ও মালেক হলের বিভিন্ন রুমেও ভাঙচুর করা হয়। পরবর্তীতে, সালাম হল প্রাঙ্গণ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা একজোট হয়ে সাব্বির গ্রুপের অনুসারীদের ধাওয়া দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়া চলে অডিটোরিয়াম থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত। সেখানে উভয়পক্ষ সংঘর্ষ ও মারামারিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একজনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পেশাগত দায়িত্ত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিকও হেনস্তার শিকার হন।

নোবিপ্রবি ছাত্রদলের একাধিক নেতা দাবি করেন যে, বহিরাগতদের সাথে নোবিপ্রবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটে। ছাত্রদলের একটি নেতা বহিরাগত কিছু লোক নিয়ে এসেছে এবং তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ব্যক্তিগত বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত থেকে এ সংঘর্ষের ঘটনার শুরু।

নোবিপ্রবি সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ভাষা শহীদ আব্দুস সালাম হল ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের শিক্ষার্থীদের মধ্যে ১৭ আগস্ট রাতে এবং মঙ্গলবার (১৮ আগস্ট) সংঘটিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটিতে নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে আহ্বায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, এবং সদস্য সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমানকে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, "এ ঘটনায় যিনি জড়িত থাকুক তাদের শাস্তির আওতায় আনা হবে।" পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথাও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম ওয়াসা বাড়াবে পানির এটিএম বুথ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


চট্টগ্রাম ওয়াসা বাড়াবে পানির এটিএম বুথ

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর জন্য আরও সহজলভ্য ও মানসম্মত পানি সেবা নিশ্চিত করতে পানির এটিএম বুথ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে ২০ থেকে ৩০টি পানির এটিএম বুথ স্থাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বললেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

তিনি বলেন, "এটিএম বুথের মাধ্যমে জনগণকে স্বল্পমূল্যে সুপেয় পানি প্রদান করাই হলো এর মূল লক্ষ্য।" নিন্ম আয়ের জনগোষ্ঠি অধ্যুষিত এলাকা এবং জনগণের চাহিদার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে পানির এটিএম বুথ স্থাপন করা হবে।

চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন উন্নয়ন সংস্থা ও আর্ন্তজাতিক এনজিও সংস্থা মাধ্যমে এই এটিএম বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বর্তমানে ওয়াটার এইড এবং চট্টগ্রাম ওয়াসার যৌথ উদ্যোগে পানির এটিএম বুথ স্থাপন কার্যক্রম পরিচালনা করা হবে। এটিএম বুথ সমূহ ওয়াসার পানি সংগ্রহ করে ইউভি সিষ্টেমে ফ্লিটার করে স্বল্পমূল্যে সুপেয় পানি জনগণকে সরবরাহ করে থাকে।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, "পথচারী থেকে শুরু করে সকল জনগণ এটিএম বুথের মাধ্যমে সুপেয় পানি পান ও সংগ্রহ করতে পারে বিধায় অধিকাংশ এলাকা থেকে এই বুথ স্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে।" জনগণের চাহিদা ও সুপেয় পানি সরবরাহের স্বার্থে চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন উন্নয়ন সংস্থা ও এনজিও এর সাথে যৌথ উদ্যোগে এটিএম বুথ স্থাপন করার কাজ হাতে নিয়েছে। মূলত সুপেয় পানি সরবরাহ জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং সেবা সহজীকরণই হলো সংস্থার মুল উদ্দেশ্যে। এবিষয়ে চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর সহযোগতিা কামনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%