১১:০০ পি.এম
কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি বাসের দিকে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে কুমিল্লার বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে।
বাসটির নম্বর ছিল ‘কুমিল্লা-স-১১-০০২৫’। বাসে থাকা এক শিক্ষার্থী জানান, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার সময় বেলতলী এলাকায় পৌঁছানোর আগে সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখা যায়। যখন বাসটি টায়ারগুলোর কাছে পৌঁছায়, তখন হঠাৎ করে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের ধারণা, টায়ারগুলোতে আগেই তেল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
শিক্ষার্থীটি আরও বলেন, বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর আগে সেখানে একজনকে মুঠোফোনে ভিডিও করতে দেখা যায়। এ সময় আরও দুজন মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। টায়ারে আগুন দেওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাসটিকে লক্ষ্য করেই এই ঘটনা ঘটানো হয়েছে।
হঠাৎ বাসের সামনে আগুনসহ টায়ার নিক্ষেপ করতে দেখে চালক দ্রুত ব্রেক করেন। এর ফলে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হননি, তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে বলে জানা গেছে।
পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, দুই থেকে তিনজন কিশোর আগুনসহ টায়ার নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থী এই ঘটনায় বলেন, ‘আর একটু হলে আমরা মারা যেতাম। যখন আগুন লাগছিল, পুরো বাসে ধোঁয়া উঠছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।’
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমরা যখন আসি, তখন একটি টায়ারে আগুন জ্বলছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন