ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুন নাহার আর নেই


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুন নাহার আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) অধ্যাপক ড. নাজমুন নাহার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, অধ্যাপক নাজমুন নাহারের মরদেহ শনিবার দুপুর ১২টায় শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদনের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগে নেওয়া হবে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে অধ্যাপক নাজমুন নাহারকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। অধ্যাপক ড. নাজমুন নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও ..

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:১৮ এম


চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও ..

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির গুরুতর অভিযোগ তুলেছেন। তবে সে সত্ত্বেও, একই সময়ে হোয়াইট হাউস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় সফরের প্রস্তুতিগুলি অব্যাহত রেখেছে। এটি ওয়াশিংটন এবং বেইজিংয়ের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ইস্ট রুমে দেওয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেছেন, চীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী তথ্যভাণ্ডারে অনুপ্রবেশ ঘটিয়েছে। তিনি উল্লেখ করেন, “চীন ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী তথ্যের নিরাপত্তা ভঙ্গ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীনা সরকার চেয়েছিল, আমি যেন ২০২০ সালের নির্বাচনে পরাজিত হই।”

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চীন তাকে হারাতে চেয়েছিল কারণ তিনি বেইজিংয়ের নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। “তারা জানতো, আমি তাদের ব্যাপারে সচেতন ছিলাম। আমি তাদের ওপর শত শত বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করেছি এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছি,” বলেন তিনি।

তবে এত গুরুতর অভিযোগের পরেও ট্রাম্পের বক্তব্যে চীনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা, কূটনৈতিক পদক্ষেপ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো ঘোষণা ছিল না।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের প্রস্তুতি আগের পরিকল্পনা অনুযায়ী চলছে। চীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পর বেইজিংয়ের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিক্রিয়া বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না- এ সম্পর্কে স্পষ্ট উত্তরও দেয়নি হোয়াইট হাউস।

এদিকে নিউইয়র্কে বিশ্বের কাপ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যদি আবার বিশ্বকাপ আয়োজন করে, তাহলে বর্তমান উত্তর আমেরিকান সহ-আয়োজকদের পরিবর্তে চীনের সঙ্গে যৌথভাবে আয়োজনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তিনি উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে আয়োজন করলে ম্যাচগুলোর মধ্যে যাতায়াতের সময় কম লাগবে। খেলোয়াড়রাও এটি পছন্দ করবে।” ট্রাম্প জানান, এই ধারণাটি তার দেয়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

উল্লেখযোগ্য এই যে, ওই অনুষ্ঠানে তিনি নির্বাচনী তথ্য চুরির অভিযোগের কোনো উল্লেখ করেননি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেন, তার প্রথম মেয়াদে দায়িত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তারা চীনের তথ্য তার কাছ থেকে গোপন রেখেছিলেন।

এ ঘটনায় চারটি ফেডারেল সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়ে ট্রাম্প বলেন, যারা তথ্য গোপনের সঙ্গে জড়িত ছিলেন তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে, এবং প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে। বিশ্লেষকরা মনে করেন, এই পদক্ষেপ আবারও প্রমাণ করে যে, ট্রাম্প এখনও ২০২০ সালের নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে আগ্রহী।

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি তুলনামূলক ইতিবাচক মনোভাব দেখা গেছে। গত সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে তিনি উল্লেখ করেন, “আমি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বড় ভক্ত।”

তিনি ইরান যুদ্ধের সময় চীনের তুলনামূলক সংযত অবস্থানেরও প্রশংসা করেন। যুদ্ধ শুরুর দিকে, আশঙ্কা ছিল, বেইজিং তেহরানকে সামরিক সহায়তা দিতে পারে। তবে শেষ পর্যন্ত চীন সরাসরি সেই পথে যায়নি বলে ট্রাম্প মন্তব্য করেন।

ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, “এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।”

তিনি বলেন, “চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো আগ্রহ আমাদের নেই এবং আমরা কখনো তা করিনি।”

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান এবং বলেন, এমন আচরণ দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।

এক বছরেরও বেশি সময় ধরে শুল্কযুদ্ধ ও বাণিজ্যিক উত্তেজনার পর ওয়াশিংটন ও বেইজিং সাম্প্রতিক সময়ে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করছে। গত মে মাসে ট্রাম্প বেইজিং সফরে গেলে শি জিনপিং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানান। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ওয়াশিংটনে আবার দুই নেতার বৈঠকের পরিকল্পনা রয়েছে।

এছাড়া নভেম্বরে চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সময়ে মিয়ামিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে শি জিনপিং অংশ নিতে পারেন।

ট্রাম্প প্রশাসন যে গোপন নথিগুলো প্রকাশ করেছে, সেখানে ব্যাপক নির্বাচনী জালিয়াতি বা ভোট পরিবর্তনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে নথিগুলোতে বলা হয়েছে, চীনের গোয়েন্দা সংস্থাগুলো বিপুল পরিমাণ মার্কিন নাগরিকের তথ্য সংগ্রহ করেছে এবং ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের প্রচার শিবিরের কর্মকর্তাদের ই-মেইল নজরদারির চেষ্টা চালিয়েছিল।

একটি অবমুক্ত গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীনের একটি হ্যাকার গ্রুপ বাইডেন প্রচার শিবিরের ই-মেইল অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করছিল, যাতে ভবিষ্যতে আরও গোয়েন্দা তৎপরতা চালানো সম্ভব হয়।

আরও কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনা সরকারি সংশ্লিষ্ট হ্যাকাররা বিভিন্ন অঙ্গরাজ্যের ভোটার নিবন্ধনসংক্রান্ত তথ্য ডাউনলোড করেছিল। তবে এসব তথ্যের অনেকটাই আগে থেকেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রকাশিত নথিতে এমন কোনো প্রমাণ নেই যে, চীন ভোট পরিবর্তন করতে পেরেছিল অথবা ভোটিং ব্যবস্থায় এমনভাবে প্রবেশ করেছিল, যাতে নির্বাচনের ফলাফল বদলে দেওয়া সম্ভব হতো।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বহু বছর ধরেই অভিযোগ করে আসছেন, চীন ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বেসরকারি কোম্পানিগুলোর তথ্য চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টে বড় ধরনের সাইবার হামলার পর থেকে ওয়াশিংটনের দাবি, চীনা গোয়েন্দারা কোটি কোটি মার্কিন নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে।

২০২৪ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও বলেছিলেন, আসন্ন মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য চীনের প্রচেষ্টার প্রমাণ যুক্তরাষ্ট্র পেয়েছে, যদিও শি জিনপিং এর আগে এমন কর্মকাণ্ড না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

অতীতে যুক্তরাষ্ট্র চীনা রাষ্ট্র-সমর্থিত হ্যাকারদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা ও ফৌজদারি অভিযোগ দায়ের করেছিল। তবে এবার ট্রাম্প দাবি করেছেন, চীন ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের নির্বাচনী নিরাপত্তার জন্য নজিরবিহীন হুমকি তৈরি করেছে। তারপরও রিপোর্ট লেখা পর্যন্ত বেইজিংয়ের বিরুদ্ধে নতুন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের মৃত্যুতে সাদা দলের শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:১৯ এম


ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের মৃত্যুতে সাদা দলের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শিক্ষকদের সংগঠন সাদা দল।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় তিনি স্বামী এবং দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের পক্ষে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক শোকবার্তায় এই শোক জ্ঞাপন করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। শিক্ষা ও গবেষণায় এই অধ্যাপকের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:২২ এম


কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক বন্দি নারী, রিম্পা (২১) দেওয়াল টপকে পালানোর ঘটনায় মোট সাতজনকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে দুইজন মেট্রন ও পাঁচজন মহিলা কারারক্ষী রয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি বলেন, "দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।"

বরখাস্ত করা কর্মকর্তা ও কর্মচারীরা হলেন— মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা (২১) কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন। পরে গতকাল (শুক্রবার) রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর কাছে নওগাঁর এমপির দাবি, জানালেন প্রয়োজনীয় উদ্যোগের কথা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১১:২৫ এম


শিক্ষামন্ত্রীর কাছে নওগাঁর এমপির দাবি, জানালেন প্রয়োজনীয় উদ্যোগের কথা

নওগাঁর মান্দা উপজেলায় সফরকালে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করার জন্য জোর দাবি জানান।

শনিবার (১৮ জুলাই) রাজশাহী থেকে সড়কপথে মান্দা হয়ে নওগাঁ জেলা শহরে যাওয়ার পথে, ফেরিঘাট এলাকায় শিক্ষামন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি টিপু এই দাবি তুলে ধরেন।

শিক্ষামন্ত্রীর উদ্দেশে বক্তব্য রাখার সময়, সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, "মান্দা উপজেলাটি মোট ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এটি অত্যন্ত সমৃদ্ধ ও জনবহুল একটি এলাকা। অথচ আমাদের পার্শ্ববর্তী নওগাঁ-১ আসন মাত্র ৩টি উপজেলা নিয়ে গঠিত, যেখানে প্রতিটি উপজেলায় গড়ে মাত্র ৬ থেকে ৮টি করে ইউনিয়ন রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে যদি তারা প্রতিটি উপজেলায় ৩টি করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির সুযোগ পায়, তবে ১৪ ইউনিয়নের এই বিশাল মান্দা উপজেলার জন্য মাত্র ৩টি প্রতিষ্ঠান কোনো ভাবেই পর্যাপ্ত নয়। সেই হিসেবে, জনসংখ্যার অনুপাতে মান্দা উপজেলার অন্তত ৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়া উচিত।"

তিনি বলেন, "গত ১৭-১৮ বছরে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষানুরাগীরা নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে শিক্ষার প্রসারে অসংখ্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কিন্তু নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে এসব প্রতিষ্ঠানের অনেকগুলো এখনও এমপিওভুক্ত হতে পারেনি। বর্তমানে, শিক্ষানীতি ও এমপিও নীতিমালার সংস্কার চলমান থাকায়, তিনি শর্ত কিছুটা শিথিল করে হলেও যোগ্যতার ভিত্তিতে মান্দার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত এমপিওভুক্ত করার আহ্বান জানান।

এমপি টিপুর এই দাবির প্রেক্ষিতে, অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন ও প্রয়োজনীয় বিষয়গুলো যথাযথভাবে মূল্যায়ন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"

এর আগে সকাল থেকেই শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে মান্দা উপজেলার প্রবেশদ্বার ফেরিঘাট এলাকায় হাজারো নেতাকর্মী, শিক্ষক ও সাধারণ মানুষের সমাগম ঘটে। পরে মান্দাবাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%