ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বিনামূল্যে শিশু পরিচর্যা কর্মসূচি চালু করতে কর বাড়ানোর পক্ষে মামদানি ও মেনিন


বিনামূল্যে শিশু পরিচর্যা কর্মসূচি চালু করতে কর বাড়ানোর পক্ষে মামদানি ও মেনিন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সর্বজনীন শিশু পরিচর্যা কর্মসূচি চালু করার লক্ষ্যে কর বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন। এই উদ্যোগের ফলে মেয়র জোহরান মামদানি একটি গুরুত্বপূর্ণ সমর্থন লাভ করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বছর অঙ্গরাজ্যের বাজেট প্রণয়নের সময় শিশু পরিচর্যায় অর্থায়নের জন্য কর বাড়ানোর প্রস্তাবকে সমর্থন করবেন।

বুধবার পলিটিকোর আয়োজিত ‘নিউইয়র্ক আউটলুক: অ্যাফোর্ডেবিলিটি, ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য ইকোনমি’ শীর্ষক অনুষ্ঠানে মেনিন উল্লেখ করেন, শিশু পরিচর্যায় ব্যয় বৃদ্ধির জন্য কর বাড়ানো শহরের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে। এতে আরও কর্মী নিউইয়র্কে আসতে উৎসাহিত হবেন এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার সক্ষমতাও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, “শিশু পরিচর্যার জন্য কর বাড়ানো হলে তা শহরের জন্য উপকারী হবে বলে আমি মনে করি। এতে এখানে আরও কর্মী আকৃষ্ট করা সম্ভব হবে। পাশাপাশি কোম্পানিগুলোকে প্রতিযোগিতামূলক থাকতে সহায়তা করবে। এটি শহরের জন্য ইতিবাচক হতে পারে।”

আরও পড়ুন: ইউক্রেনের ইজমাইল বন্দরে ড্রোন হামলা, দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত

মেনিনের এই অবস্থান নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের ওপর চাপ বাড়াতে পারে। আগামী বছর পুনর্নির্বাচনে লড়তে যাওয়া হোকুল এত দিন ধনী ব্যক্তি ও বড় করপোরেশনের ওপর কর বাড়ানোর দাবিতে সতর্ক অবস্থান নিয়েছেন। মামদানি এবং অঙ্গরাজ্যের আইনসভায় তার প্রগতিশীল মিত্ররা দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছেন। তবে চলতি বছরের শুরুর দিকে নিউইয়র্ক শহরের দামি দ্বিতীয় বাড়ির ওপর নতুন কর আরোপের প্রস্তাবে গভর্নর সমর্থন দিয়েছিলেন।

কর বাড়ানোর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। কোন ধরনের কর কতটা বাড়ানো উচিত, সে বিষয়ে নির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি মেনিন। তিনি মনে করেন, এ বিষয়ে মেয়র মামদানি ও গভর্নর হোকুলের আলোচনা প্রয়োজন।

এদিকে, আগামী অর্থবছরে নিউইয়র্ক শহরের বাজেটে ৬০০ কোটি ডলারের বেশি ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। ফলে নতুন শিশু পরিচর্যা কর্মসূচির পাশাপাশি শহরের অন্যান্য ব্যয় কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মেনিন বলেন, চলতি বছরের বাজেট পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ওয়াল স্ট্রিট থেকে সম্প্রতি কিছু ইতিবাচক খবর এসেছে। এ ধারা অব্যাহত থাকলে শহরের অর্থনীতির জন্য ভালো হবে। একই সঙ্গে বিদ্যমান ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ধরে রাখা এবং নতুন ব্যবসা আকৃষ্ট করাও জরুরি।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবদাহ ও ঝোড়ো হাওয়ার মধ্যে দাবানলের শঙ্কা, বিদ্যুৎ বন্ধ

দুই বছর বয়সীদের জন্য বিনা মূল্যে পরিচর্যা কর্মসূচি মামদানির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি চান, এ কর্মসূচির আওতায় শিশুদের জন্য বিনা মূল্যে পরিচর্যার সুযোগ সম্প্রসারণ করা হোক।

চলতি বছরের শুরুতে গভর্নর হোকুল ও মামদানি যৌথভাবে দুই বছর বয়সী শিশুদের জন্য নতুন কর্মসূচির প্রথম দুই বছরের অর্থায়নের পরিকল্পনা ঘোষণা করেন। এর ফলে মেয়র দায়িত্ব নেওয়ার শুরুতেই তার অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি হয়। তবে পরবর্তী বছরগুলোর অর্থ কোথা থেকে আসবে, তা এখনো স্পষ্ট করা হয়নি।

মামদানির লক্ষ্য, তার প্রথম মেয়াদের শেষ নাগাদ শহরের সব দুই বছর বয়সী শিশুর জন্য এ কর্মসূচি সম্প্রসারণ করা। চলতি শরতে ইতিমধ্যে দুই বছর বয়সীদের জন্য ২ হাজার আসন চালু হয়েছে। ২০২৭ সালের শরৎ নাগাদ আরও ১০ হাজার আসন চালুর পরিকল্পনা রয়েছে।

মামদানি এর আগে ছয় সপ্তাহ থেকে পাঁচ বছর বয়সী সব শিশুর জন্য সর্বজনীন পরিচর্যা নিশ্চিত করতে বছরে ৬০০ কোটি ডলার ব্যয় হতে পারে বলে হিসাব দিয়েছিলেন। তবে নিউ স্কুলের সেন্টার ফর নিউইয়র্ক সিটি অ্যাফেয়ার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ ব্যয় বছরে ৯০০ কোটি ডলার হতে পারে বলে অনুমান করা হয়েছে।

আরও পড়ুন: ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ২১ জন হতাহত

মেনিন বলেন, ২০২৯ সালের মধ্যে সর্বজনীন শিশু পরিচর্যা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। এ ক্ষেত্রে পরিচর্যা সেবাদাতাদের মধ্যে বেতন বৈষম্য কমানো এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “সর্বজনীন শিশু পরিচর্যাকে বাস্তবে রূপ দিতে আমাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন হবে। এ বিষয়ে গভর্নর হোকুল ও অঙ্গরাজ্যের আইনসভার সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী।”

মামদানির সঙ্গে মতপার্থক্য থাকলেও একই অবস্থানে মেনিন। বিভিন্ন নীতিগত বিষয়ে মামদানির সঙ্গে মেনিনের মতপার্থক্য রয়েছে। স্বল্প বেতনের শিক্ষা সহায়ক কর্মীদের ১০ হাজার ডলার বোনাস দেওয়া, নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য আবাসন ভাউচার সম্প্রসারণ এবং গৃহস্বাস্থ্যসেবা কর্মীদের টানা ২৪ ঘণ্টার শিফট নিষিদ্ধ করার মতো বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা গেছে। তবে শিশু পরিচর্যার প্রশ্নে দুই নেতার অবস্থান কাছাকাছি এসেছে। মেনিনের সমর্থন মামদানির জীবনযাত্রার ব্যয় কমানোর কর্মসূচির প্রতি তার সমর্থনেরও ইঙ্গিত দিচ্ছে।

নিউইয়র্ক শহরের নিয়ন্ত্রক কর্মকর্তা মার্ক লেভিনও বুধবারের একই অনুষ্ঠানে আগামী বছর অঙ্গরাজ্য সরকারকে কর বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, শহরের সামনে থাকা বড় বাজেট ঘাটতি মোকাবিলায় কর বাড়ানোর প্রস্তাব আলোচনার টেবিলে থাকা উচিত। মেনিন ও লেভিনের পাশাপাশি নিউইয়র্কের পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামসও আগামী বছর কর বাড়ানোর পক্ষে রয়েছেন। তারা চারজনই শহরজুড়ে নির্বাচিত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

ধনীদের ওপর কর বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের আপত্তি নিউইয়র্ক সিটির ব্যবসায়ী সংগঠন পার্টনারশিপ ফর নিউইয়র্ক সিটির প্রধান স্টিভেন ফুলপ বলেছেন, ধনীদের ওপর কর বাড়ানোর দাবি রাজনৈতিকভাবে জনপ্রিয়। তবে তিনি মামদানির ‘ধনীদের ওপর কর বাড়ানো’ নীতির সমালোচনা করেছেন।

আরও পড়ুন: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি মোকাবেলায় বিশ্বব্যাংকের নতুন কৌশল

ফুলপের মতে, প্রশাসনের বক্তব্য ও আচরণ ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধনী ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে খারাপ হিসেবে উপস্থাপন করা হলে নিউইয়র্ক থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে, যা কর্মসংস্থান বৃদ্ধির জন্য ক্ষতিকর হবে।

অন্যদিকে, সিটিজেনস বাজেট কমিশনের প্রধান অ্যান্ড্রু রেইন মনে করেন, সরকারি অর্থে শিশু পরিচর্যার সুবিধা সবার জন্য না রেখে সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে—এমন নিম্ন আয়ের পরিবারগুলোর দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তার মতে, অর্থের পরিধি অতিরিক্ত বাড়ালে কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা কঠিন হতে পারে।

তবে মামদানির রাজনৈতিক ভিত্তি ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার নিউইয়র্ক শাখার সহসভাপতি গ্রেস মাউসার সর্বজনীন কর্মসূচির পক্ষে যুক্তি দিয়েছেন। তার মতে, বেশি মানুষ কোনো কর্মসূচির সুবিধা পেলে সেটির প্রতি জনসমর্থনও বিস্তৃত হয়, ফলে দীর্ঘ মেয়াদে কর্মসূচিটি টিকিয়ে রাখা সহজ হয়। উদাহরণ হিসেবে তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা উল্লেখ করেন।

শিশু পরিচর্যার অর্থায়ন নিয়ে এই মতপার্থক্যের মধ্যেই আগামী বছরের অঙ্গরাজ্য বাজেট প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কর বাড়ানোর প্রস্তাব কতটা এগোবে, তা নির্ভর করবে মেয়র মামদানি, গভর্নর হোকুল এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের আলোচনার ওপর।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন

সূত্র: পলিটিকো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের হামলার কারণে সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা ১৫,৭৭৯ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


হুথিদের হামলার কারণে সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা ১৫,৭৭৯ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুথিদের হামলার কারণে নিরাপত্তাজনিত উদ্বেগের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ৫ দিনের মধ্যে ১০৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের কারণে বর্তমানে ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়ে আছেন।

বৃহস্পতিবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪২টি সরাসরি ফ্লাইট রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের আটটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৬১টি বাতিল হয়েছে। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেবিচক জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাক বিভাগকে আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিচ্ছে সরকার: ফকির মাহবুব আনাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ডাক বিভাগকে আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিচ্ছে সরকার: ফকির মাহবুব আনাম

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : ডাক বিভাগের আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে, বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে বিশ্ব ডাক দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, ডাকসেবার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং পার্সেল সেবায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। ডাক বিভাগকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ডাক বিভাগে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহী। আগামী দিনে ডাক বিভাগের সেবার মান, আয় ও সক্ষমতা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ সম্পর্কে মন্ত্রী বলেন, সরকারের এই মুহূর্তে নগদ বিক্রির কোনো পরিকল্পনা নেই। বরং প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রকল্পটি চালুর লক্ষ্যে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকার কাজ করছে। এ ক্ষেত্রে কারিগরি প্রক্রিয়া ও পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কাজের স্বীকৃতি ও মূল্যায়ন কর্মীদের উৎসাহিত করে। তাই যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পুরস্কার প্রদানের এ ধারা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের ডাকঘর ও কর্মীদের কাজের মূল্যায়নে গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, ডাক বিভাগের বিদ্যমান অবকাঠামো ও দেশব্যাপী বিস্তৃত পোস্ট অফিস নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ডাকসেবা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ডাকসেবার সংস্কার ও রূপান্তরের পাশাপাশি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের সঙ্গে সমন্বয় এবং ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সচিব আরও বলেন, ডাকসেবার প্রচার-প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার বাড়াতে হবে। ভবিষ্যতে পুরস্কার কার্যক্রমে নতুন প্রতিভার অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এ বছর বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য- ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’। গত ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস উদযাপনের ধারাবাহিকতায় ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাকসেবা সপ্তাহ পালিত হচ্ছে। বিশ্ব ডাক দিবস উপলক্ষে এ বছরের প্রতিপাদ্যের ওপর আজ একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়।

ডাকসেবা সপ্তাহ উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং কক্সবাজার সমুদ্রসৈকতসহ মোট ২৬টি স্থানে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবা মেলার আয়োজন করা হয়। এসব চিঠি উৎসবে প্রায় ৪ হাজার ৬৪৩টি চিঠি ইস্যু করা হয়, যা তরুণ প্রজন্মের মধ্যে হাতে চিঠি লেখার আগ্রহ ও চর্চা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ জন শিক্ষার্থী, ৫৫ তম আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতায় বিজয়ী তিন জন, পোস্টাল ব্যালট কার্যক্রমে অসাধারণ অবদানের জন্য চার জন কর্মচারী, লেটার পোস্ট সেবায় অসাধারণ অবদানের জন্য ছয় জন কর্মচারী, ডাকসেবায় অসাধারণ অবদানের জন্য পাঁচ জন কর্মকর্তা এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও নগদ সেবা ক্যাটাগরিতে অসাধারণ অবদানের জন্য ছয় জন প্রতিনিধিসহ মোট ২৯ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ডাক বিভাগের সেবার পরিধি সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে বিশ্ব ডাক দিবস ও ডাকসেবা সপ্তাহের এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি বিশেষভাবে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজ করার প্রত্যাশা প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের আশাবাদ প্রকাশ করেন।

ডেপুটি স্পিকার বলেন, "বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।" তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও সুদৃঢ় হবে।"

সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য চট্টগ্রাম অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ: মন্ত্রী হেলাল উদ্দীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


পার্বত্য চট্টগ্রাম অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ: মন্ত্রী হেলাল উদ্দীন

পার্বত্য চট্টগ্রাম ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আজ বৃহস্পতিবার, মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহডস ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস সেক্টর প্রজেক্ট’ প্রকল্পের সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ‘দেশের সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। প্রশাসনে গতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সব কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

প্রতিমন্ত্রী জানান, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সৎ, দক্ষ ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা এই উন্নয়নযাত্রাকে আরো বেগবান করবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেন, সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের মূল সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো সুপেয় পানির সংকট। তিনি উল্লেখ করেন, পাহাড়ি এলাকার জনগণের জন্য সুপেয় পানি সরবরাহে কার্যকর প্রকল্প গ্রহণ ও তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%