ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

দুই গোলের লিড হারিয়েও নাটকীয় জয় রিয়ালের


দুই গোলের লিড হারিয়েও নাটকীয় জয় রিয়ালের

দুই গোলের সুবিধা পেয়েও শেষ দিকে চাপের মধ্যে পড়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচটি হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হলেও যোগ করা সময়ে বদলি খেলোয়াড় কার্লোস এসপির গোলে নাটকীয় জয় নিশ্চিত করে হোসে মরিনিয়োর দল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে লা লিগায় এলচের মাঠে ৩-২ ব্যবধানে জয় লাভ করে রিয়াল। এই জয়ের মাধ্যমে শীর্ষে থাকা বার্সেলোনার সমান ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করতে থাকে রিয়াল। ২৫তম মিনিটে আর্দা গুলারের নেওয়া ফ্রি-কিক পোস্টে লেগে জালে প্রবেশ করলে সফরকারীরা এগিয়ে যায়। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। ইয়ান দিয়োমান্দের ক্রস থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ফরাসি তারকা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: সিলেট টেস্টের দ্বিতীয় দিন ও আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট

প্রথমার্ধে স্বস্তিতে থাকলেও বিরতির পর ম্যাচের চিত্র পরিবর্তিত হয়। ৭১তম মিনিটে লুকাস সেপেদার ক্রস থেকে হেডে গোল করে এলচেকে ম্যাচে ফেরান আবিয়েল ওসোরিও। এরপর ৮৩তম মিনিটে রিয়াল রক্ষণে দুর্বলতার সুযোগ নিয়ে সমতা ফেরান নিনো। তার গোলে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচ তখন ড্রয়ের দিকে এগোচ্ছিল। এমন সময় ৮৭তম মিনিটে মরিনিয়ো কার্লোস এসপিকে মাঠে নামান। বদলি হিসেবে নেমে অল্প সময়ের মধ্যে নায়ক হয়ে ওঠেন ২১ বছর বয়সি এই ফরোয়ার্ড। যোগ করা সময়ের প্রথম মিনিটে এমবাপের বাড়ানো বল ফাঁকা জালে পাঠিয়ে রিয়ালের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

চলতি মৌসুমে এটি দ্বিতীয়বারের মতো বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করলেন এসপি। তবে দলের জয় সত্ত্বেও দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে সন্তুষ্ট নন রিয়াল কোচ হোসে মরিনিয়ো।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘সমস্যাটা গোল খাওয়া নয়, ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। তারা হয়তো হঠাৎ করেও গোল করতে পারত, কিন্তু যখন গোলগুলো হয়েছে তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না।’

আরও পড়ুন: রোনালদোর অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ১০০০ গোলের পথে থাকার আহ্বান পর্তুগালের

ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে ছয় ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে এলচে।

লা লিগায় রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী রোববার অনুষ্ঠিত হবে। মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে মরিনিয়োর শিষ্যরা। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাস দুর্ঘটনার লাইভ সম্প্রচারে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


বাস দুর্ঘটনার লাইভ সম্প্রচারে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনার স্থানে সরাসরি সম্প্রচারের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওর্থ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন লেগে যায়।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে, ঘটনাস্থলে চারজনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অপর একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এলএএফডি এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি এনবিসি লস অ্যাঞ্জেলেসের (কেএনবিসি-টিভি) মালিকানাধীন ছিল। এটি চ্যাটসওর্থ এলাকায় একটি বড় বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে গিয়েছিল। ওই বাস দুর্ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছিল। সরাসরি সম্প্রচারের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়। তবে হেলিকপ্টারটি সংবাদমাধ্যমের কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট।

এলএএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত হচ্ছিল কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে অনুমান করতে চান না।

এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের ছিল না।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি বিভাগের সদস্যরা পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


দেশে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আসা প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে।

এই ডিজেল আমদানি করা হয়েছে পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে। দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম জানান, ডিজেল হস্তান্তরের প্রক্রিয়া রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয় এবং মঙ্গলবার বিকালে তা সম্পন্ন হয়।

২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তির আওতায়, বাংলাদেশ ও ভারত ১৫ বছরের মধ্যে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে বাংলাদেশ এ লাইনের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।

আমদানিকৃত এই জ্বালানি রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান-পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমপরিমাণে বিতরণ করা হয়।

উল্লেখ্য, পাইপলাইনের বাংলাদেশ অংশটি ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ। এটি পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পার্বতীপুরে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ জেলায় তাপপ্রবাহ, সঙ্গে ভারি বর্ষণের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


২৫ জেলায় তাপপ্রবাহ, সঙ্গে ভারি বর্ষণের সম্ভাবনা

রাজধানী ঢাকা সহ ২৫টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে, যা কিছু কিছু স্থানে প্রশমিত হতে পারে। একই সময়ে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নির্দিষ্ট কিছু জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু বর্তমানে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু স্থানে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউন্টিতে আগুনঝরা বোলিংয়ে খালেদের পাঁচ উইকেট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


কাউন্টিতে আগুনঝরা বোলিংয়ে খালেদের পাঁচ উইকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ায় কাউন্টি চ্যাম্পিয়নশিপের মাঝপথে কেন্টের দল ছাড়তে বাধ্য হয়েছেন হাসান মাহমুদ। তার এই বিদায়ে দলের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সেই শূন্যতা দুর্দান্তভাবে পূরণ করছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। কাউন্টিতে খেলার তার দ্বিতীয় ম্যাচেই অসাধারণ বোলিং করে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ইংল্যান্ডের কেন্টারবুরিতে অনুষ্ঠিত কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে ল্যাঙ্কশায়ারের বিরুদ্ধে প্রথম দিনে বল হাতে দাপট দেখিয়েছে কেন্ট। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খালেদ। তার নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ের ফলে ল্যাঙ্কশায়ার মাত্র ১৬১ রানে গুটিয়ে যায়।

নতুন বলে শুরু থেকেই ছন্দে ছিলেন খালেদ। প্রথম স্পেলে তিনি টানা তিন ওভার মেডেন দিয়ে চাপ সৃষ্টি করেন। এরপর ৩০ রান করা কিটন জেনিংসকে আউট করে ৮১ রানের উদ্বোধনী জুটি ভেঙে দেন। সেই উইকেটের পর থেকেই ল্যাঙ্কশায়ারের ব্যাটিং বিপর্যয় শুরু হয়।

পরবর্তী ওভারে রকি ফ্লিন্টফকে আউট করে খালেদ আরও বড় ধাক্কা দেন। অন্য প্রান্ত থেকে ম্যাট মিলনেসও সমান তালে আক্রমণ চালালে ল্যাঙ্কশায়ার দ্রুতই চাপে পড়ে যায়। ৮২ রানের মধ্যে তারা চার উইকেট হারিয়ে ফেলে।

এরপর ম্যাটি হার্স্টকে ৩৭ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন খালেদ। ডার্বিশায়ারের বিরুদ্ধে আগের ম্যাচে তিন উইকেট নেওয়া এই পেসার এবার নিজেকে ছাড়িয়ে যান। এক পর্যায়ে টানা দুই বলে মিচেল স্ট্যানলি ও অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে সাজঘরে ফিরিয়ে পাঁচ উইকেটের কীর্তি সম্পন্ন করেন।

শেষ পর্যন্ত ১৫.৫ ওভার বল করে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন খালেদ। তার বোলিংয়ে চারটি মেডেন ওভার ছিল। অন্যদিকে, মিলনেস ৫০ রানে চার উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তবে বল হাতে দাপট দেখানোর পরেও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি কেন্ট। প্রথম দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫১ রান। দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝেও ৬৮ রানে অপরাজিত থেকে কেন্টকে লড়াইয়ে রাখার চেষ্টা করছেন জ্যাক ক্রলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%